শিগগিরই খুলনায় আসছে কক্সবাজারের তদন্ত টিম # পেশাদার খুনির সম্পৃক্ততার সম্ভাবনা # অধরা অচেনা তরুনী
সৈয়দ রানা কবীর।।
পর্যটন শহর কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু (৫৪) হত্যার রহস্য চারদিনে উম্মোচিত হয়নি। খোঁজ মেলেনি তাঁর সঙ্গে থাকা রহস্যময় নারীরও। তবে তাঁর পরিবারের সদস্যদের দাবি, দৌলতপুরের প্রভাবশালী চক্রের কিলিং মিশনের শিকার হয়েছেন তরুণ এই কাউন্সিলর। ইতিপূর্বে একাধিকবার টিপুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো বলে অভিযোগ তাদের।
অপরদিকে পুলিশ বলছে, কিলিং মিশনের সদস্যরা খুবই পেশাদার। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ছিলো বিদেশী ৯:এম এম পিস্তল। মামলার পর পুলিশ ও র্যাবের দল কাজ করছে। তারই ধারাবাহিকতায় শিগগির খুলনায় আসতে পারেন কক্সবাজারের একটি পুলিশ টিম।
কক্সবাজার থানার টিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশময় দাশ গুপ্ত ও স্থানীয়রা জানান, খুলনা সিটি করপোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে ঢাকা থেকে সু-কৌশলে কক্সবাজারে এনে গুলি করে হত্যা করা হয়েছে। কক্সবাজার নির্জন সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টের কাছে প্রশিক্ষিত শুটার দ্বারা টিপুকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
কক্সবাজার থানা পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত অস্ত্রটি বিদেশী ৯ এম এম পিস্তল। খুলনা নগরের দৌলতপুর থানার দেয়ানার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোলাম আকবরের সন্তান টিপু টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।
সূত্র বলছে, খুনের আগে টিপুর সাথে থাকা পলাতক এক নারীকে পাওয়া গেলে হত্যার মুলরহস্য বের করা সম্ভব হবে। তবে টিপু হত্যার নেপথ্যে একাধিক কারণ জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা। পুলিশ সব বিষয় আমলে নিয়ে হত্যার মুল রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
এ দিকে টিপুর স্ত্রী পুলিশ ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দৌলতপুরের একটি প্রভাবশালী চক্র কিলিং মিশনের নেতৃত্বে রয়েছে। তারা সুকৌশলে টিপুকে ঢাকা থেকে কক্সবাজারের নিয়ে হত্যা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যার কারণ উদঘাটনের জন্য গ্রেপ্তারকৃত দুই সন্দেহভাজন আসামীর ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। রিমাণ্ড পাওয়া গেলে জিজ্ঞাসাবাদে রহস্য উদঘাটন হতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, গোলাম রব্বানী হত্যা মামলায় সন্দেহাতিত আসামি হিসেবে শেখ হাসান ইফতেখার চালু ও মেজবাউল হক ভুট্টকে গ্রেপ্তার করে গত শনিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়ে আদালতে আবেদন করা হয়েছে। তবে এখনো আবেদনের শুনানি হয়নি। কবে নাগাদ রিমান্ড পাওয়া যাবে তা বলা যাচ্ছে না। আসামীদের রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মুল রহস্য পাওয়া যেতে পারে। তবে পলাতক নারীকে পাওয়া গেলেও হত্যার রহস্য উদঘাটনে আরো সহজ হবে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, শেখ হাসান ইফতেখার চালু ও গোলাম রব্বানী টিপু দুজন বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার গোল্ডেন হিল হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্ট্রার খাতার গোলাম রব্বানীর সঙ্গে এক তরুণীর নাম উল্লেখ রয়েছে। ঘটনার পর থেকে ওই তরুণী আত্মগোপন করেন। হোটেল থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র্যাবের ঐ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক তরুণীর সঙ্গে গোলাম রব্বানী হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের সিগাল হোটেলের সামনে কাঠের একটি সেতুতে দুর্বৃত্তের গুলিতে খুন হন তিনি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পরিকল্পিতভাবে মাথায় গুলি করে গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা খুবই পেশাদার। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃত শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও মেজবাউল হক ওরফে ভুট্টু সন্দেহজনক আচরণ করেছেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গোলাম রব্বানী টিপুকে লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়েছিল, তা নিখুঁতভাবে মাথায় বিদ্ধ হয়। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত কেউ এই গুলি ছুঁড়েছেন।
সুত্রের দাবি, গুলিটি ছিল ৯ এম এম পিস্তলের। এটি বিদেশী তৈরি পিস্তল। টিপুকে হত্যায় ভাড়াটে পেশাদার খুনি ও সশস্ত্র গোষ্ঠীর কাউকে যুক্ত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে র্যাব-পুলিশ। তবে আত্মগোপনে থাকা তরুণীকে গ্রেপ্তার করা গেলে হত্যার মুল রহস্য উদঘাটন করা সম্ভব হতো। গোলাম রব্বানী হত্যার নেপথ্যে আরও কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে মাদক সিণ্ডিকেট, রাজনৈতিক, ব্যবসায়িক বিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনায় ব্যক্তিগত আক্রোশ ও খুনের বদলার বিষয়টি খতিয়ে দেখছে কক্সবাজার থানা পুলিশ। তবে টিপুর পরিবার ও তার ঘনিষ্ট অন্য একটি সুত্রের দাবি,হত্যার পরিকল্পনাকারীরা তরুণীকে টোপ হিসাবে ব্যবহার করেছে। অথবা কক্সবাজারের ইয়াবা সম্রাট বদির প্রভাবে হোটেল রেজিস্ট্রার খাতায় তরুণীর নাম সংশ্লিষ্ট করা হয়েছে।
সূত্রের দাবি, কক্সবাজার এখনো ইয়াবা সম্রাট বদির ইশারায় অনেক কিছু হয়। সঠিক ও গভীর তদন্ত করা হলে হত্যার আসল রহস্য উদঘাটন হবে। এতে হত্যার মূল পরিকল্পনাকারীর সন্ধান পাওয়া যাবে।
এদিকে গোলাম রব্বানী টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশা অভিযোগ করেন, দৌলতপুর ও পাবলা এলাকা কেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপ তার ভাই গোলাম রব্বানী টিপুকে সুকৌশলে ঢাকা থেকে কক্সবাজারে নিয়ে হত্যা করেছে। দৌলতপুর থানায় গোলাম রব্বানী টিপুর বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা ছিল। আওয়ামী লীগের শাসনামলে সাবেক পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেক ও প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ানের সহযোগিতায় মামলা দুটি খারিজ করা হয়। বর্তমানে কোনো মামলা নেই।
এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টিপুর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা দুটি আদালতে বিচারাধীন রয়েছে। তবে ৫ আগস্টের পর খালিশপুর থানায় গোলাম রব্বানীর টিপুর বিরুদ্ধে মামলা হয়েছে বলে গোলাম রাব্বনী টিপুর ভাই দাবি করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, কেসিসির সদ্য বিদায়ী কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর নামে খালিশপুর থানায় দুটি মামলা রয়েছে। মামলা দুটি বিএনপি ১৩ নম্বর ওয়ার্ড শাখা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের।
স্থানীয় অপর একটি সুত্রে জানাযায়, গোলাম রব্বানী আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার আগে বড় একটি সন্ত্রাসী দলের নেতা ছিলেন। গোলাম রব্বানী টিপু কাউন্সিল হওয়ার পর থেকে হয়ে উঠে আরা বেপরোয়া। কক্সবাজারের শীর্ষ মাদক চোরাকারবারী ও দেশের একমাত্র ইয়াবা সম্রাট বদির সাথেও ছিলো তার ঘনিষ্ট কানেকশন। তবে সেটা মাদক অথবা অস্ত্র হতে পারে। ৫ আগস্টের পর তিনি খুলনা থেকে আত্মগোপন করে ঢাকায় অবস্থান করছিলেন। গত বৃহস্পতিবার খুলনা সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর ও টিপুর ঘনিষ্ঠ শেখ হাসান ইফতেখার ওরফে চালুকে গত বৃহস্পতিবার দুই দিনের জন্য কক্সবাজারের নিয়ে যায়।
সুত্রটি জানায়, টিপু কক্সবাজারে জরুরী একটি কাজের কথা বলে চালুকে নিয়ে যায়। তবে ওই সুত্রের দাবি কক্সবাজারের ইয়াবা সম্রাট বদির সাথে টিপুর ছিলো গভীরে যোগাযোগ। সেটি মাদক অথবা অস্ত্র সিণ্ডিকেটের। যেকোন একটি হতে পারে বলে সুত্রর দাবি।
তবে সুত্রের দাবি, এই হত্যাকান্ডে একাধিক পক্ষ জড়িত থাকতে পারে। তবে যদি সঠিক তদন্ত হয় তা হলে বের হবে। এর সাথে আরো বের হবে খুলনায় মাদক চোরাকারবারি ও অস্ত্র সিণ্ডিকেট চক্রের নানা রহস্য।
এদিকে অবৈধ ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার আমলে টিপুর উপর একাধিকবার হামলার ঘটনা ঘটে বলে গোলাম রাব্বানীর স্ত্রী সাবিহা আক্তার দাবি করেন।
তিনি বলেন, দৌলতপুরে একটি প্রভাবশালী চক্র বিভিন্ন সময় গোলাম রাব্বানীকে হত্যার হুমকি দিতো। ওই চক্রের ইশারায় প্রফেশনাল কিলার দ্বারা তার স্বামী গোলাম রব্বানী টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে টিপুর স্ত্রী দাবি করেন।
এ দিকে রবিবার বিকালে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, গোলাম রব্বানীকে হত্যার নেপথ্যে নানা ঘটনা সামনে আসছে। গ্রেফতারকৃত দুজনকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা ও পলাতক ওই নারীকে পাওয়া গেলে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা প্রকাশ করেন। তবে আদালত থেকে কবে নাগাদ রিমাণ্ড পাওয়া যাবে তা বলা যাচ্ছ না। পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছে। পাশাপাশি আরো কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের। তবে এই হত্যাকান্ডে কক্সবাজারে ইয়াবা সম্রাট বদির সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে। এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে খুলনায় শিগগির একটি তদন্ত টিম আসতে পারে বলে পুলিশ সুত্র জানিয়েছে।











































