স্পোর্টস ডেস্ক
প্রথম ৬ ম্যাচের ৬টিতে হেরে বাজে সময় কাটাচ্ছিল ঢাকা ক্যাপিটালস। তবে সপ্তম ম্যাচে এসে যেন হুঁশ ফিরেছে দলটির। দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক বিপিএল রেকর্ড ভাঙল তারা। সেঞ্চুরি পেয়েছেন ওপেনিংয়ে নামা দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। নির্ধারিত ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলল ঢাকা। যা বিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড।
বিপিএলের আগের দলীয় সর্বোচ্চের রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের। দলটি ২০১৯ সংস্করণে তখনকার ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল। এছাড়া যেকোনো উইকেটেও সর্বোচ্চ রানের জুটির রেকর্ড হয়েছে এই ম্যাচে। লিটন ও তানজিদ মিলে ২৪১ রানের পার্টনারশিপ গড়েন। এর ফলে ইতিহাস গড়েন তারা। আগের সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল রংপুরের ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের। ২০১৭ সালে তারা ঢাকা ডায়নামাইটের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানে অপরাজিত ছিলেন তারা।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। যেখানে ভীষণ বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া লিটন ও তানজিদ শুরু থেকেই ঝড় তোলেন। তারা ১৯.৩ ওভারে ২৪১ রান তোলেন। মাত্র ৪৪ বলে সেঞ্চুরির দেখা পাওয়া লিটন শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া এই ব্যাটার ১০টি চার ও ৯টি ছক্কা হাঁকান। আর তানজিদ ৬৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ করে শফিউল ইসলামের বলে আউট হন।











































