Home আঞ্চলিক ভৈরব ও রূপসার ১৪৩ একর জমি বেদখল: অবৈধ স্থাপনা উচ্ছেদে নেই তৎপরতা

ভৈরব ও রূপসার ১৪৩ একর জমি বেদখল: অবৈধ স্থাপনা উচ্ছেদে নেই তৎপরতা

74

মো: রাজু হাওলাদার।।
অবৈধভাবে দখলের কবলে রয়েছে মহানগরী খুলনার ভৈরব ও রূপসা নদীর মজুতখালি নালা (শিরোমনি) থেকে লবনচরা খাল পর্যন্ত ২৫টি মৌজার প্রায় ১৪৩ একর জমি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওয়াতাধীন এই জমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। তবে এসব জমি উদ্ধারে সরকারি দৃশ্যমান উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনার নাগরিক নেতারা।


তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মহানগরী খুলনা দেশের অন্যতম বৃহৎ শিল্প নগরী। কিন্তু দিনের পর দিন রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বন্ধ, নতুন নতুন বিনিয়োগ না থাকায় শিল্প নদী প্রধান শিল্প নগরী ঐতিহ্য হারিয়েছে। বতর্মানে ৪৩৯৪ দশমিক ৪৬ বর্গকিলোমিটার নগরীতে ২৬ লাখ ১৩ হাজার ৩৮৫ জনের বসবাস। এই শহরের প্রাণ ভৈরব ও রূপসা নদী। কিন্তু দিন দিন দখল ও দূষণে এই নদী দুটি সংকোচিত হচ্ছে। ২০১৩ সালে সরকারি নদী-খাল রক্ষার জন্য বিআইডব্লিউটিএ জাতীয় নদীরক্ষা কমিশন আইন প্রণয়ন করা হয়। যার ধারাবাহিকতায় বিআইডব্লিউটিএ ও খুলনা জেলা প্রশাসক ২০১৯ সালে খুলনা নগরীর বানিয়াখামার, টুটপাড়া, হেলাতলা, লবণচরা ৪ টি মৌজার ৯৪৬ টি এবং ১৫ ডিসেম্বর ২০২১ অনুযায়ী ১০ টি মৌজার নদীর জমি দখল করে সর্বমোট ১ হাজার ২৭৪টি স্থাপনার তালিকা করে। এক শ্রেণি অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি এ জমি দখল করেছেন। যার কারণে নগরের ছোট ছোট নদী-খাল ভরাট হয়ে ছোট হচ্ছে। নগরের আনাচে-কানাচে গড়ে উঠেছে ছোট ছোট বসবাসরত ঘরবাড়ি। পানি নিষ্কাশনের তেমন কোন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে অল্প বৃষ্টির কারণেই তলিয়ে যায় ছোট্ট শহরটি খুলনা।


দেখা যায়, নগরীর এক নম্বর কাস্টম ঘাট থেকে রুপসা ঘাট পর্যন্ত রয়েছে অবৈধ ব্যবসায়ীদের বিভিন্ন দোকানপাট। যারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইট, বালি, পাথর, কাঠ, জাহাজ মেরামত, বিভিন্ন কলকারখানা, ইত্যাদি ব্যবসা করে আসছেন।


স্থানীয় ইট বালি পরিবহন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারী ও হাওলাদার এন্টারপ্রাইজ এর মালিক বলেন, খুলনা জেলা প্রশাসকের নিকট হইতে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ১৯৯৯ সাল থেকে রূপসা থেকে পাঁচ নাম্বার ঘাট পর‌্যন্ত নদীর তীরে ইট, বালি, পাথর, কাঠ, কয়লা, জাহাজ থেকে মাল লোড-আনলোড করা, পেঁয়াজ রসুনের ব্যবসা, হোটেল ব্যবসা, জাহাজ মেরামত এবং বিভিন্ন কলকারখানা ইত্যাদি ব্যবসা করে আসছেন।


তিনি আরো বলেন, খুলনার শহরের মানুষের বহুতল ভবনের যত প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয় তা আমরা এই নদীর তীরের ব্যবসায়ীরা রূপসা, বড়বাজার অন্যান্য জায়গার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এই ব্যবসার সঙ্গে ২৫-৩০ হাজার মানুষের জীবন-জীবিকা জড়িত। রূপসা ঘাটের পান দোকানদার মফিজুল বলেন, এই ছোট দোকানটি দিয়ে আমাদের সংসার চলে। পরিবার-পরিজন নিয়ে কী খাব, কি করব তাই বাধ্য হয়ে নদীর জায়গায় চা-পানের ব্যবসা করছি। যাহাতে পরিবার বউ ছেলে-মেয়ে নিয়ে খেয়ে পড়ে জীবন চালাতে পারি।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহা. মাসুদ পারভেজ দৈনিক খুলনাঞ্চলকে বলেন, খুলনার নদী বন্দর গড়ে উঠেছে ভৈরব নদীর তীরে। নদীর পাড়ে বিভিন্ন ধরণের ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু এই নদীর পারে গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা যে বিষয়টি নিয়ে এর আগে বহুবার উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। বর্তমানে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসক কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানোর প্রক্রিয়া শুরু হবে।


তিনি আরো বলেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর পানি দূষণ, নদীর তীর ও নদীর সৌন্দার্য্য রক্ষা পাবে। যার মাধ্যমে খুলনা নগরীকে একটা সুন্দর নগরীতে পরিণত করার পরিকল্পনা আমাদের বিআইডব্লিউটিএ’র রয়েছে। বিআইডব্লিউটিএ, খুলনা জেলা প্রশাসক এর কার্যালয় এবং সিটি কর্পোরেশন থেকে যে সমস্ত লাইসেন্স বা বন্দোবস্ত দেওয়া হয়েছে সেগুলি বাদে সবগুলোই অবৈধ স্থাপনা। যার উচ্ছেদের অভিযান খুব শিগগির পরিচালনা করা হবে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে সকল দপ্তরের লাইসেন্স বা বন্দোবস্তের নবায়ন দেওয়া কিছুটা বন্ধ রয়েছে। তবে বিআইডব্লিউটিএ লাইসেন্স দিয়েছে ২২৯ টি। যাহার মধ্যে এই বছর ৫২টি নবায়ণ করা হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দৈনিক খুলনাঞ্চলকে জানান, করপোরেশনের একটি চক্র দৈনিক আনুমানিক ৫০০ টাকা ভাড়া নিয়ে ড্রেন ভাড়া দিচ্ছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।


খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলাদার দৈনিক খুলনাঞ্চলকে বলেন, বিআইডব্লিউটিএ জায়গা দীর্ঘদিন ধরে অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। একদিকে যেমন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কোন নজর নাই তেমনকি জেলা প্রশাসক কর্তৃপক্ষের সরকারিভাবে জোরালো কোন পদক্ষেপ নাই। এরই ফলশ্রুতিতে নগরের বিভিন্ন চিহ্নিত ভূমিদস্যু এবং অবৈধ ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত দখল করে রযেছে। এমনকি তারা মারা যাওয়ার পরে তাদের ওয়ারিশগণ নিজস্ব সম্পত্তি হিসাবে ভোগদখল করে আসছেন। ভূমি দস্যুরা নদী-খাল এর জমিতে সরকারি বাধা বিঘ্ন উপেক্ষা করে স্থাপনা গড়ে তুলছেন। নদীখাল ভরাট হওয়ার কারণে শহরের জমি সংকুচিত হচ্ছে। যার কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই জলাবদ্ধতার কারণে ডেঙ্গু সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে শহরের সাধারণ মানুষ।


তিনি মনে করেন, বিআইডব্লিউটিএ এর সাথে সরকারি যতগুলি দপ্তর আছে সকলে একযোগে মিলিত হয়ে সরকারি সম্পদ রক্ষার স্বার্থে আইনানুগ সকল কার্যক্রম পরিচালনা করলে দেশ ও জনগনের ভবিষ্যতে খারাপ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে।