স্পোর্টস ডেস্ক
আর্দা গিলের জোড়া গোলে দেপোর্তিভা মিনেরাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫-০ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সোমবার কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে রিয়ালের হয়ে আরও একটি করে গোল করেন লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
এদিন পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে বল পান ভালভের্দে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি। এরপর আক্রমণাত্মক ফুটবলে চতুর্থ স্তরের দলটিকে প্রবল চাপে রাখা রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ত্রয়োদশ মিনিটে। শুরুতে কামাভিঙ্গার জোরাল শট ঠেকিয়ে দেন মিনেরা গোলরক্ষক। তবে ফ্রান গার্সিয়ার ক্রসে ফের সুযোগ পেয়ে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।
২৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন গিলের। ভালভের্দের কাছ থেকে বল পেয়ে জায়গা করে নিয়ে শট নেয় তুরস্কের তরুণ এই ফরোয়ার্ড। মিনেরার একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে।
বিরতির পর ৫৫তম মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান আরও বাড়ান মদ্রিচ। আর ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলের। গার্সির নিখুঁত ক্রসে স্রেফ একটা টোকা দেন তুর্কি ফরোয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।











































