Home খেলাধুলা যুব হকি দলের প্রস্তুতি ১ অক্টোবর

যুব হকি দলের প্রস্তুতি ১ অক্টোবর

15

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ১ অক্টোবর। আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে বসবে জাতির পিতার নামের এই জুনিয়র এশিয়া কাপ হকি। ১০ জাতির এই টুর্নামেন্ট আগামী বছর অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপেরও বাছাই পর্ব।
মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনের তিন সহসভাপতি আবদুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ নির্বাহী কমিটির ৯ কর্মকর্তা বসে নীতিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
যে ৩৬ জন নিয়ে এর আগে ক্যাম্প শুরু করেছিল ফেডারেশন, তাদেরই ডাকা হবে। বয়সের কারণে ৯ খেলোয়াড়ের খেলা নিয়ে যে অনিশ্চিয়তা ছিল সেটা কেটে যাচ্ছে। এশিয়ান হকি ফেডারেশন থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ১৯৯৯ সালের ১ জানুয়ারি এবং এরপর যাদের জন্ম তারা এ টুর্নামেন্টে খেলতে পারবেন। যদিও বুধবার পর্যন্ত এশিয়ান হকি ফেডারেশন অফিসিয়ালি জানায়নি তাদের এ সিদ্ধান্তের কথা। করোনাকালীন এ ক্যাম্প কোথায় হবে তা এখনো চূড়ান্ত নয়। ফেডারেশন বিকেএসপিতে ক্যাম্প করতে চায়। ‘আমাদের লক্ষ্য বিকেএসপি। রোববার বিকেএসপি যাবো প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সঙ্গে ক্যাম্প নিয়ে আলোচনা করতে। যদি সেখানে ব্যবস্থা করতে না পারি তাহলে ১৫ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হবে কোথায় করা যায়’- বলছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
গত ৪ থেকে ১২ জুন হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল। এশিয়ান হকি ফেডারেশন নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের টাইটেল কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, চাইনিজ তাইপে ও ওমান। এখান থেকে শীর্ষ চার দল যুব বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

ম্যাচ জিতে সিরিজ বাঁচাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিবিঘিœত প্রথম ম্যাচের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েও ৫ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচে কোনো ভুল করেনি বাবর আজমের দল, স্বাগতিকদের এককভাবে সিরিজ জিততে দেয়নি সফরকারীরা।
এবার পাঁচ রান করেও ম্যাচ ঠিকই ৫ রানের ব্যবধানে জিতেছে সফরকারিরা। মোহাম্মদ হাফিজের ঝড়ো ৮৬ এবং অভিষিক্ত হায়দার আলির দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে পুরো ওভার ব্যাট করেও ১৮৫ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
আগের ম্যাচে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করার অনুপ্রেরণা সঙ্গেই ছিল স্বাগতিকদের। সে মোতাবেক ১৯১ রান তাড়ার ইনিংসটাও দারুণ করেন ওপেনার টম ব্যান্টন। তবে আরেক ওপেনার জনি বেয়ারস্টো (০) ও আগের ম্যাচের জয়ের দুই নায়ক ডেভিড মালান (৭) এবং ইয়ন মরগ্যান (১০) ব্যর্থতার পরিচয় দেন। যার ফলে ব্যান্টনের ৩১ বলে ৪৬ কিংবা পাঁচে নেমে মঈন আলির ঝড়ো ৩৩ বলে ৬১ রানের ইনিংস বৃথাই যায়। এছাড়া লোয়ার মিডল অর্ডারের স্যাম বিলিংস (২৪ বলে ২৬), লুইস গ্রেগরি (৮ বলে ১২) ও ক্রিস জর্ডানরা (২ বলে ১) প্রত্যাশামাফিক খেলতে পারেননি বিধায় পরাজয়ই সঙ্গী হয়েছে স্বাগতিকদের। ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা আশা জাগানিয়া ছিল না পাকিস্তানের। ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই দুই ওপেনার ফাখর জামান (১) ও বাবর আজমের (২১) উইকেট হারায় সফরকারীরা। স্কোরবোর্ডে তখন রান মাত্র ৩২, উইকেটসংখ্যা।
তখন দেখা মেলে দারুণ এক দৃশ্যের। জুটি বাঁধেন পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ হায়দার। দুজনের ৬১ বলে ১০০ রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় পাকিস্তান। অভিষেকেই ৫ চার ও ২ ছয়ের মারে ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে সকলের প্রশংসা কুড়ান হায়দার। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৩৬ বলে ৬৯ রান করেছিলেন হাফিজ। তবু জেতেনি তার দল। শেষ ম্যাচে তিনি খেললেন ৫২ বলে ৪ চার ও ৬ ছয়ের মারে ৮৬ রানের ইনিংস। অপরাজিত থেকে দলকে জেতানোর মতো স্কোর দাঁড় করিয়েই মাঠ ছাড়েন প্রফেসরখ্যাত হাফিজ।
পাকিস্তানের পাঁচ রানের জয়ে সিরিজ শেষ হলো ১-১ সমতায়। শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন মোহাম্মদ হাফিজ।

শ্রীলঙ্কা সফরে ২২জনের দল

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে দলগত অনুশীলন শুরু হয়নি। তবে দেশের প্রায় সব ভেন্যুতে জাতীয় দল ও পুলে থাকা ৩৮ ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন বিসিবির ব্যবস্থাপনায়। চলতি মাসে কয়েকদিন দলীয় অনুশীলন করে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা মুমিনুল হকদের। সাধারণত ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়, কিন্তু করোনা ঝুঁকির কারণে এবারের দলটি বেশ বড়ই হচ্ছে।
ঠিক কতজন নিয়ে দ্বীপ দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল, গতকাল বুধবার সেটির ধারণা দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘ঢাকা ও ঢাকার বাইরে ৩৮ জনের মতো খেলোয়াড় অনুশীলন করছে। আপাতত একটা স্কোয়াড আমরা তৈরি করেছি। এই মুহূর্তে সেটি ২৮ জনের, তবে আমরা সেটা কমিয়ে ২২ জনে নিয়ে আসবো। শ্রীলঙ্কায় ২১-২২ জন যাবে।’ বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আকরাম বললেন, ‘কোয়ারেন্টিনের বিষয়টি এখনও শ্রীলঙ্কা আমাদের চূড়ান্ত করেনি। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আপাতত ১৪ দিন মাথায় রেখেই কাজ করছি, কম হলে তো ভালোই।’

বাফুফের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুহুল আমিন

ক্রীড়া প্রতিবেদক

ভোটের এক মাস আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনী হাওয়া যেমন গরম থাকার আভাস ছিল, ততটা নেই। বরং কয়েকদিন ধরেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। তফসিল ঘোষণার ঠিক আগের দিন ফুটবল অঙ্গনের খবর, গত আড়াই বছর ধরে নির্বাচনী ময়দান চষে বেড়ানো তরফদার মো. রুহুল আমিন থাকছেন না ভোটের লড়াইয়ে।
একবার ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে নির্বাচন করবেন না। তিনি কথাটি জানিয়েছিলেন তার প্রধান প্রতিপক্ষ বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে ফোন করেই। পরে আবার তরফদার মো. রুহুল আমিন ঘোষণা দিয়েছিলেন, কোনো পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে জিততে দেয়া হবে না। তারা সব পদে প্রার্থী দেবেন। তখন থেকে প্রচার হতে থাকে, মত পরিবর্তন করে সভাপতি পদেই দাঁড়াতে পারেন তিনি।

দেশে ফিরলেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এবার পাঁচ মাস পর দেশে ফিরলেন তারকা এ ক্রিকেটার। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। আর গত এপ্রিল মাসে সেখানেই দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন। সাকিবের এবারের ফেরাটা একটু ভিন্ন। কারণ সবধনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠের ফেরার লক্ষ্য নিয়েই এবার দেশে ফিরেছেন সাকিব। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই দেশে ফিরেছেন সাকিব। এজন্য তার দেশে আসার বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই ধোঁয়াশার মধ্যে ছিল। গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে ৩১ আগস্ট দেশে ফিরবেন তিনি। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়।

অনলাইনে অনূর্ধ্ব-২০ ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

কোভিড-১৯ এর কারণে স্থগিত আছে বাফুফের ফর্টিজ একাডেমির কার্যক্রম। একাডেমির ফুটবলাররা এখন যে যার বাড়িতে। দুই বছর যাদের পেছনে অর্থ ঢেলেছে বাফুফে তারা যাতে বাড়িতে বসে ফিটনেস ধরে রাখতে পারে তার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ফুটবলের এবং একাডেমির অভিভাবক সংস্থা বাফুফে ২৭ সদস্যের এলিট দল তৈরি করেছে। যাদের অনলাইনে প্রশিক্ষণ দেয়া হবে।
গতকাল বুধবার এই ২৭ ফুটবলারকে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে বাফুফের সংশ্লিষ্ট বিভাগ। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল, টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি, জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস, বাফুফের হেড অব এলিট ইয়ুথ মোস্তফা আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের অন্য কর্মকর্তাগণ এ সময় অনলাইন প্লাটফর্মে উপস্থিত ছিলেন।

রেকর্ড দামে ম্যানসিটিতে মেসি

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনায় গত মৌসুমটা মোটেও সুখকর ছিল না লিওনেল মেসির জন্য। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল বার্সেলোনায় আর মন টিকছে না আর্জেন্টাইন জাদুকরের।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর দলের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। তবুও বার্সা সমর্থকরা আশায় বুক বেঁধেছিল, সব কিছু ভুলে স্পেনেই থেকে যাবেন প্রাণপ্রিয় লিও। কিন্তু তার আর হলো না, সব জল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড মূল্য ৭০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ জায়ান্ট ম্যানসিটিতে যাচ্ছেন লিওনেল মেসি।

প্রত্যাবর্তনেই জয়ের দেখা পেলেন মারে

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ বিরতি শেষে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের এককে ফিরেই চমক দেখালেন অ্যান্ডি মারে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ব্রিটিশ মেগাস্টার জিতে নিলেন ইউএস ওপেনে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ।
৩৩ বছরের স্কটিশ তারকা পিছিয়ে যান ইয়োশিহিতো নিশিওকার কাছে ৪-৬ ও ৪-৬ গেমে প্রথম দুই সেট হেরে। খেলায় ফিরে জাপানিজ প্রতিপক্ষের বিপক্ষে পরের তিন সেট ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪) ও ৬-৪ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন মারে। যার দুই সেট জিতেন তিনি আবার টাইব্রেকারে।
২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো মেজর টুর্নামেন্টের একক ম্যাচ খেললেন মারে। ওই টুর্নামেন্টে খেলেই ক্যারিয়ার বাঁচাতে হিপ অস্ত্রোপচার করিয়ে চলে গিয়ে ছিলেন তিনি কোর্টের বাইরে।

সেরেনার জয় : ভেনাসের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড সমান ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনের শুরুটা দুর্দান্ত হলো সেরেনা উইলিয়ামসের। দাপট দেখিয়েই মার্কিন টেনিস কিংবদন্তি জিতলেন ইউএস ওপেনের প্রথম রাউন্ড।
স্বদেশী প্রতিপক্ষ ক্রিস্টি আহনকে ধরাশায়ী করেছেন সরাসরি সেটে ৭-৫ ও ৬-৩ গেমে। ম্যাচ নিজের করে নিয়েছেন সেরেনা দেড় ঘণ্টার লড়াইয়ে। তবে দ্বিতীয় রাউন্ডে সেরেনার সঙ্গী হতে পারেননি তার বড় বোন ভেনাস উইলিয়ামস। কেননা তিনি ৩-৬ ও ৫-৭ গেমে হার মেনেছেন ২০তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মাচোভার কাছে।
নিউইয়র্কে দশম বাছাই গার্বিন মুগুরুজাও উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জাপানের নাও হিবিনোকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। তবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসে প্রত্যাবর্তনের স্মৃতিটা সুখকর হলো না বেলজিয়ান মেগাস্টার কিম কাইস্টার্সের। সাবেক নাম্বার ওয়ান এ তারকা ৬-৩, ৫-৭ ও ১-৬ গেমে হেরেছেন রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভার কাছে।

অভিষেকেই রেকর্ড ১৯ বছরের হায়দারের

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান যুব ক্রিকেট দলের সেরা পারফরমার ছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান হায়দার আলি। তার ব্যাটিং নজর কেড়েছিল বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। তখন থেকেই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত হিসেবে ভাবা হচ্ছিল তাকে।
হায়দারের ব্যাপারে সকলের ভাবনা যে ভুল ছিল না, এর প্রমাণ পাওয়া গেলো তার অভিষেক ম্যাচেই। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসেই জাত চিনিয়েছেন হায়দার। দৃষ্টিনন্দন সব শটে খেলেছেন ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস, গড়েছেন রেকর্ড। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে হায়দারের। তিন নম্বরে নেমে হায়দারের সঙ্গে পেয়ে যান দলের অভিজ্ঞতম সদস্য মোহাম্মদ হাফিজকে। দুজন মিলে গড়েন ৬১ বলে ১০০ রানের জুটি। যেখানে সমান অবদান রাখেন অভিষিক্ত হায়দার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে হায়দারের আগে পাকিস্তানের পক্ষে আর কেউ ফিফটি করতে পারেননি। এতদিন ধরে অভিষেক ম্যাচে পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ রান ছিল উমর আমিনের। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ বলে ৪৭ রান করেছিলেন তিনি।

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ১৪ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
প্রাথমিকভাবে, ২৮ অগাস্ট শুরু হওয়ার কথা ছিল এটি। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। বুধবার এক বিবৃতিতে শুরুর নতুন তারিখ জানায় লঙ্কান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের দলগুলো হলো কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। দেশের তিনটি ভেন্যুতে খেলা হবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন হিগুয়াইন

ক্রীড়া প্রতিবেদক

মৌসুম শেষ হতে না হতেই দলবদলের তোড়জোড় শুরু। এবারের ইউরোপিয়ান দলবদলের বাজার বেশ গরম। বিশেষ করে লিওনেল মেসি এবং বার্সেলোনা ইস্যুতে।
তারই অংশ হিসেবে ইতালিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাব জুভেন্টাস যুক্তরাষ্ট্রের এমএলএসের একটি কাবের কাছে বিক্রি করে দিয়েছে মেসির জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়াইনকে। চেলসি থেকে এসে এক মৌসুম জুভদের হয়ে খেলেছিলেন হিগুয়াইন। এবার তিনি যোগ দিচ্ছেন এমএলএসে ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে।

নেইমারসহ পিএসজির তিন ফুটবলার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

করোনার মধ্যেই অনেক খেলা মাঠে গড়িয়েছে। ফরাসি লিগে নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি চলছে। এরই মধ্যে দুঃসংবাদ নেইমার এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ভক্ত-সমর্থকদের।
গতকাল বুধবার ফরাসি কাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএসজির তিন খেলোয়াড় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যদিও কাব আক্রান্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি। তবে ফরাসি দৈনিক ‘এল’ইকুইপে’ জানিয়েছে, আক্রান্ত তিন খেলোয়াড়ের নামও খুঁজে বের করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত তিনজন হলেন- নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পেরেদেস।

২০ সেপ্টেম্বর মৌসুম শুরু করবে লাইপজিগ

ক্রীড়া প্রতিবেদক

করোনাকালে দর্শকের দেখা পেতে যাচ্ছে বুন্দেসলিগা। সেপ্টেম্বরে আরবি লাইপজিগের মৌসুমের প্রথম ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর ফলে জার্মান শীর্ষ লিগে লাইপজিগই প্রথম কাব হিসেবে দর্শক দেখতে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ মেইঞ্জের বিপক্ষে। রেড বুল অ্যারেনায় দর্শক ধারণক্ষমতা ৪২ হাজার। সেখান থেকে মাত্র ২০ শতাংশ দর্শকই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। ফলে সেদিন ৮ হাজার ৪০০ দর্শক মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পাবেন। অবশ্য যেসব দর্শক সাক্সোনি রাজ্যের বাসিন্দা তারাই এ ক্ষেত্রে মাঠে প্রবেশের অনুমতি পাবেন। তবে এক্ষেত্রে দর্শকদের মুখে অবশ্যই ফেস মাস্ক থাকতে হবে। একই সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বও।

১৯ সেপ্টেম্বর শুরু সিরি আ লিগ

ক্রীড়া প্রতিবেদক

ইতালিয়ান সিরি আ লিগের আসন্ন মৌসুমের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতাটির। উদ্বোধনী মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দশম লিগ শিরোপা জয়ের অভিযান শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের দল।
নিজেদের ওয়েবসাইটে আজ (২ সেপ্টেম্বর) সূচি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া আসরের পর্দা নামবে আগামী বছরের ২৩ মে। ইতালিয়ান এই শীর্ষ লিগের উদ্বোধনী দিনে জুভেন্টাস, সাম্পদোরিয়া ছাড়াও মুখোমুখি হবে লাজ্জিও-আতালান্তা, পার্মা-নাপোলি ও ভেরোনা-রোমা।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে গত মৌসুম শেষ হয়েছে দেরিতে, তাই এবারের সূচিতে তেমন ছুটি রাখা হয়নি।

ফের কিউইদের কোচ হলেন গ্যারি স্টিড

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন গ্যারি স্টিড। মাইক হেসন চলে যাওয়ার পর ২০১৮ সালের আগস্টে প্রথমবারের মত কেন উইলিয়ামসন, রস টেলরদের প্রধান কোচের দায়িত্ব পান স্টিড। সে যাত্রায় তার দায়িত্বের মেয়াদ ছিল দুই বছর। সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আবারো স্টেডের সাথে চুক্তি নবায়ণ করেছে। তিন ফরম্যাটের জন্যেই স্টিডকে নতুন করে নিযুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
দলকে বিশ্বকাপ ফাইনালে তোলা স্টিড পেয়েছেন বড় পুরস্কার। এবার তার সাথে চুক্তিরর মেয়াদ তিন বছর। নিউজিল্যান্ড পুরুষ দলের দায়িত্ব নেওয়ার আগে নারী দলকে কোচিং করিয়েছেন স্টিড। কাজ করেছেন নিউজিল্যান্ড হাই পারফরম্যান্স সেন্টারের সাথেও। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে ক্যান্টাবুরিকে এনে দিয়েছিলেন অভাবনীয় সাফল্য। ৪৮ বছর বয়সী স্টিড নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ছোট খেলোয়াড়ি জীবনের অংশ হিসেবে ১৯৯৯ সালে খেলেছিলেন ৫টি টেস্ট। পাঁচ টেস্টে হাঁকিয়েছেন দুটি অর্ধশতকও। ক্যান্টাবুরির হয়ে খেলেছেন দীর্ঘদিন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০৩টি, লিস্ট ‘এ’ ম্যাচের সংখ্যা ১০১।