Home আঞ্চলিক ফের আতংকের নগরীতে পরিণত খুলনা: ডিসেম্বরেই চার খুন, চার গুলিবিদ্ধ : অঙ্গহানি...

ফের আতংকের নগরীতে পরিণত খুলনা: ডিসেম্বরেই চার খুন, চার গুলিবিদ্ধ : অঙ্গহানি দুজনের

75


মো: রাজু হাওলাদার
চলতি বছরের ডিসেম্বর মাসেই খুলনা নগরীতে সন্ত্রাসীর হাতে চারজন খুন, চারজন গুলিবিদ্ধ ও দু’জনের অঙ্গহানি হয়েছে। এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক ও ভীতি বিরাজ করছে। ফের আতংকের নগরীতে পরিণত হচ্ছে খুলনা। নগরবাসীর অভিযোগ, প্রশাসনের নিস্ত্রীয়তায় নগরীতে ছোট-বড় চুরি-ছিনতাই, গুলি ও হত্যাহতের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারগুলো এসব বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না। ফলে দিন দিন এসব কর্মকাণ্ড বাড়ছে।
অপরাধ বিশ্লেষণ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানাগেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এই সুযোগটিই কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা সন্ত্রাসীরা বিভিন্ন ছদ্মবেশে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের লক্ষ্যে চুরি, ছিনতাই, খুন, গুম, ডাকাতি কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্মের সাথে বেপরোয়া হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারের জন্য তারা পাড়া-মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানায়, গত ৩ ডিসেম্বর মাছ ব্যবসায়ী ইউনুস নামে এক মাছ ব্যবসায়ী আহত হন। তিনি ছিলেন মাদক কারবারীর একসময়ের সহযোগী। কিন্তু পরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়ে মাছ ব্যবসার সাথে জড়িত হন। ওইদিন রাতে তিনি নাজিরঘাট এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে এলাকার কতিপয় মাদক কারবারী তাকে পূর্বের পেশায় ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় হত্যার উদ্দেশ্যে মাদক কারবারিরা শর্টগান দিয়ে গুলি করে। গুলি তার পিঠে ও পায়ে বিদ্ধ হয়। কিন্তু লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
গত ৪ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় বিএনপি নেতা বোয়িং মোল্লার। তার কয়েকদিন আগে রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও ঘাড়ে আঘাত করতে থাকে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা চিকিৎসকরা জানান। সেখান থেকে পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সকালে তিনি মারা যান।
গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে রেজা শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়। জিরোপয়েন্ট এলাকায় রেজা শেখ অবস্থান করছিলেন। রাত পৌনে ৮ টার দিকে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা কিছু বুঝে উঠার আগেই তার ওপর অতর্কিত হামলা চালায়। অস্ত্রধারীরা তার মাথা ও পায়ে আঘাত করে জখম করে। তাদের আঘাতে রেজা শেখের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রেজা শেখ লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার জনৈক সুলতান শেখের ছেলে।
গত ১৩ ডিসেম্বর রাতে মিয়াপাড়া বন্ধনের মোড়ে আড্ডারত ছিলেন যুবক আকাশ। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে পরপর ২টি গুলি করে। একটি গুলি তার কোমরের পেছনে বিদ্ধ হয়। পরিবার থেকে জানানো হয় পূর্বে তার পিতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা আতংকিত রয়েছেন। পরিবারের এক সদস্য বলেন, মামলা করে আগেও কোন লাভ হয়নি এখনও হচ্ছে না। আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।
গত ১৮ ডিসেম্বর খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে মো. সোহেল নামের এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়। নিহত সোহেল নগরীর ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন। এ সময়ে দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে।
গত ২১ ডিসেম্বর রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাব্বির নামে যুবক আহত হন। জানা যায়, সাব্বির সন্ধ্যায় বাড়ি ছিলেন। তার ব্যবহৃত মোবাইলে ফোনে একটি কল আসলে তিনি কথা বলতে বলতে বাড়ির বাইরে আসেন। এর কিছুক্ষণ পর দু’টি মোটরসাইকেলে চারজন ব্যক্তি আসেন। হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীরের পিছনে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গত ২৪ ডিসেম্বর তামিম নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তামিম পেশায় একজন রিক্সা চালক। প্রতিদিন সন্ধ্যার পর রিক্সা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু সেই দিন (সোমবার) রাতে বাড়ি যায়নি। সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানে একটি কবরের পাশের ঝোপ-ঝাড়ের মধ্যে থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ রিক্সা উদ্ধার করতে পারলেও রিক্সায় কোন ব্যাটারি দেখতে পায়নি। পুলিশের ধারনা তামিমকে হত্যার পর দুর্বৃত্তরা ব্যাটারি খুলে নিয়ে রিক্সা রেখে পালিয়ে যায়। তামিম দৌলতপুর থানাধীন শিকারীর মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে।
গত ২৫ ডিসেম্বর নগরীর কাষ্টমঘাটে সৈকত নামে যুবক গুলিবিদ্ধ। জানা যায়, নগরীর ১ নং কাস্টম ঘাট এর মোড়ে কারিগরি করোনেশন স্কুলের মনির শরবত ষ্টোরের সামনে আড্ডা দিচ্ছিলেন সৈকত। হঠাৎ ৩/৪জন দুইটি মোটরসাইকেলে এসে সৈকত এর উপর ২ রাউন্ড গুলি চালালে একটি গলি সৈকতের ডান পায়ে রানে লাগে। লিটন সিকদার বাবু দীর্ঘদিন জেলা পরিষদ থেকে এজারার মাধ্যমে পরিচালনা করে আসছেন। প্রায়ই মিরাজ নামে এক ব্যক্তি ঘাট ছেড়ে দেয়ার জন্যে হুমকি দিয়ে আসছিল। লিটন সিকদার বাবুর ভাগ্নে সৈকত বিষয়টি নিয়ে প্রায় সময় প্রতিবাদ করে, তারই জের ধরে এই ঘটনা ঘটে। সৈকত মুন্সিপাড়া ৩নং গলি আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জমাদ্দারের ছেলে।
গত ২৫ ডিসেম্বর নগরীতে সন্ত্রাসীদের হাতে তৌহিদ নামে যুবক আহত। নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট নবম গলি এলাকার আলোচিত আলামিন হত্যার আসামিরা তাহার আপন ভাই তৌহিদ শেখকে পিস্তল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করেছেন সন্ত্রাসীরা।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, বটিয়াঘাটা শান্তিনগর দারোগার ভিটা এলাকায় তৌহিদ তার পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে শশুর বাড়ি যাওয়ার পথে হটাৎ করে ৫-৬টি মোটরসাইকেলে থাকা ১০-১১ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও পিস্তল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত তৌহিদের মোটর সাইকেলটিও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এই আসামিরা সাম্প্রতি জেল থেকে বের হয়ে এবং পলাতক আসামিরা একত্রিত হয়ে তারা হত্যার উদ্দেশ্য করে পিস্তল ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আঘাত করে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বেড়েছে প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তারসহ পাড়া-মহল্লায় অস্ত্রের মহড়া। অপরাধীরা আইনের আওতায় না এনে, শাস্তি না পাওয়ার এসব ঘটনা বাড়ছে, যা এখনই নিয়ন্ত্রিতে আনা প্রয়োজন।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, ইদানিং খুলনায় অপরাধ প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরাধী যত বড় হোক না কেন তাদের কঠোর হস্তে দমন করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার বলেন, সন্ত্রাসী কার্যক্রম দমনের সকল চেষ্টা চালানো হচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। তবে কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। আমরা এগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
কারণ হিসেবে তিনি বলেন, শহরে প্রবেশ করার অনেক পথ রয়েছে। সন্ত্রাসীরা হঠাৎ নগরীরতে প্রবেশ করে কার্যক্রম চালিয়ে সটকে পড়ে। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার নানা কৌশল অবলম্বন করছে। এটা যেন সন্ত্রাসীরা না করতে পারে আমরা সে ব্যবস্থা নিচ্ছি। অচিরেই এ সব সন্ত্রাসমূলক কার্যক্রম বন্ধ হবে