স্টাফ রিপোর্টার, যশোর ও বেনাপোল প্রতিনিধি
আশা ও হতাশার মধ্য দিয়ে খুলনা-নড়াইল-ঢাকা, বেনাপোল-যশোর-নড়াইল ও ঢাকা রুটে পদ্মা সেতু দিয়ে যাত্রা শুরু করলো নতুন ট্রেন। ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা’ নামে পৃথক দুটি ট্রেন যাত্রা নিয়ে উচ্ছ্বাস এই অঞ্চলের মানুষের। পাশাপাশি মাত্র দুই জোড়া চলাচল নিয়ে ছিল ক্ষোভও। আর চিত্র দেখা গেছে যশোর রেলস্টেশনে। সেখানে কালো পতাকা দেখিয়েছেন স্থানীয় নাগরিকরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা।
খুলনা রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোঃ আশিক আহমেদ বলেন, সকাল ৬টায় জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেলস্টেশন ছেড়ে যায়। এটি সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রথমদিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনের সিট রয়েছে ৭৬৮টি। এই ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে। ধারণক্ষমতার ৬৯ শতাংশ যাত্রী খুলনা থেকেই যাত্রা করেছে। এছাড়া অন্যান্য স্টেশন থেকে যাত্রীরা উঠবে। নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, পদ্মাসেতু হয়ে ঢাকায় যাবে। ট্রেনটি সাপ্তাহিক ছুটি সোমবার বাদে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে রওনা দেয় রাত ৮টার দিকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি। নতুন রুটের ট্রেনের নির্ধারিত ভাড়া অনুযায়ী খুলনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা।
প্রথম দিনের যাত্রী আরিফুল ইসলাম ও হামিদ শেখ বলেন, নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতে সময় কম লাগবে। এ ছাড়া ভাড়াও কম লাগবে। এতে আমরা খুশি। তবে শীতকালে ট্রেন ছাড়ার সময়সূচি ভোর ৬টার পরিবর্তে ৭টায় করলে ভালো হয়।
নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকার বাসিন্দা যাত্রী সোহেল হোসেন বলেন, শীতকালে ভোর ৬টায় অন্ধকার থাকে। ট্রেনে যাওয়ার জন্য আমি ভোর সোয়া ৫টায় বাসা থেকে বের হই। এরপর স্টেশনে আসার জন্য সিএনজি পেতে অনেক সময় লেগেছে। সকাল ৬টার পরিবর্তে শিডিউল এক ঘণ্টা বাড়ানো বা ট্রেনের সংখ্যা বাড়ানো হলে অনেক ভালো হতো।
নতুন এই ট্রেনের বিষয়ে মোঃ শহীদ হোসেন নামে এক যাত্রী বলেন, এই ট্রেনটি খুলনাবাসীর জন্য আশীর্বাদ। ট্রেন যখন চুয়াডাঙ্গা, দর্শনা ঘুরে যেত তখন কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগতো। এখন সাড়ে ৩ ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকা পৌঁছাতে পারব। এতে খুলনাবাসীর জন্য খুবই ভালো হয়েছে। শিডিউল অনুযায়ী সকাল ৬টায় যাত্রায় যাত্রীদের জন্য একটু কষ্টকর। তবে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
মোঃ ইসরাইল বলেন, ট্রেনটি খুলনার জন্য একটি আশীর্বাদ এবং বহু আকাঙ্ক্ষিত। তবে ট্রেনের সূচি আরও এগিয়ে দিলে ভালো হতো। এতো স্বল্প সময়ে ট্রেনে করে খুলনা থেকে ঢাকা যাব কখনোই আমরা ভাবিনি। মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিটে ঢাকায় যাওয়া যাচ্ছে ট্রেনে। এখন বাসের সময়ের মধ্যেই ট্রেনে যাওয়া যাচ্ছে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য উপহার দিয়েছেন বর্তমান সরকার।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন জানান, বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ৬ মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, খুলনা-ঢাকা-খুলনা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস। আর একটি নকশিকাঁথা কমিউটার ট্রেন চলাচল করে। নতুন করে যুক্ত হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে ৮ ঘণ্টার বেশি সময় লাগছে।
রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন (সোমবার) ছাড়া প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছায়।
এদিকে, মাত্র একটি ট্রেন দিয়ে পদ্মাসেতু লিংক প্রকল্পে রেল চালুর প্রতিবাদে ও পূর্বঘোষিত ছয় দফা দাবিতে মঙ্গলবার বিকালে যশোর রেলওয়ে জংশনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি নেয় বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। বিকাল সাড়ে ৩টায় যশোর রেলওয়ে জংশনে একই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, পদ্মাসেতু লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণায় যশোরবাসী আনন্দিত হতে পারছে না। মাত্র একটি ট্রেন এবং ঘোষিত সময়সূচী যশোরবাসীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এজন্য প্রাথমিকভাবে উদ্বোধনী দিন বিক্ষোভ কর্মসূচি, কালো পতাকা প্রদর্শন ও ট্রেনে কালো পতাকা বেঁধে দেওয়া হয়েছে। অবিলম্বে ঢাকা-বেনাপোল রুটে দু’টি ট্রেনসহ পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়ন করতে হবে।
দাবিগুলো হলো দ্রুততম সময়ে যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু, যশোর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচী তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে।
নেতৃবৃন্দ বলেন, রূপসী বাংলা এক্সপ্রেসের উদ্বোধনী দিনে প্রতীকী হিসেবে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে এই দাবিসমূহ পূরণ না হলে যশোরবাসী প্রয়োজনে রাজপথ, রেলপথ অবরোধসহ আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক, জিল্লুুর রহমান ভিটু, অ্যাড. আমিনুর রহমান হিরু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর আইনজীবী সমিতির নবনির্বাচিত সহসভাপতি গোলাম মোস্তফা, দৈনিক লোকসমাজ’র ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সচেতন নাগরিক কমিটি-সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আইডিইবি সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, সাংবাদিক সাকিরুল কবীর রিটন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, শিক্ষক সায়েদা বানু শিল্পী, সদস্য সাঈদ আহমদ নাসির শেফার্ড, নওরোজ আলম খান চপল, আলাউদ্দিন, পলাশ বিশ্বাস, রেল বাজার কমিটির যুগ্ম সম্পাদক জাকির হোসেন, রিয়াদুর রহমান রিয়াদসহ অনেকে।
সমাবেশ চলাকালে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশনে পৌঁছায়। এ সময় নেতৃবৃন্দ ট্রেনের লোকোমাস্টারকে ফুল এবং কালোপতাকা প্রদান করেন। এরপর ট্রেনে কালো পতাকা বেঁধে দেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ট্রেনটি যশোর জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনটি বেনাপোলে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ‘রুপসী বাংলা ট্রেনটি যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম এ উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা ‘রুপসী বাংলা এক্সপ্রেস’(৮২৮)ট্রেনটি মঙ্গলবার দুপুর দুপুর ২ টা ১৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। বিকাল সাড়ে ৪ টায় বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ৯২৭ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রুপসী বাংলা (৮২৭) ট্রেনটি। ট্রেনটি দিনে দুইবার ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি সাপ্তাহিক একদিনের বিরতি রেখে (সোমবার) নিয়মিত যাতায়াত করবে। এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যাবে। যা বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী-রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যাবে। যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে।
ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে। ৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫, স্নিগ্ধা ৭৪০, এসি সিট ৮৮৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৩০ টাকা। এছাড়া সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, রুপসী বাংলা ট্রেনটি ঢাকা থেকে সকাল সাতটায় এবং বেনাপোল থেকে বিকাল চারটায় ছাড়ার দাবি জানাচ্ছি আমরা ব্যবসায়ী সংগঠন। এই সময়টা নির্ধারণ করলে বেনাপোলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করে আবার বাড়ি ফিরতে পারবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতু লিংক প্রকল্পে ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-যশোর রুটে মঙ্গলবার রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে মঙ্গলবার সকালে ট্রেনটি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে ঢাকায় পৌঁছায়। এরপর রূপসী বাংলা এক্সপ্রেস নামে ঢাকা থেকে ছেড়ে দুপুরে যশোর হয়ে বেনাপোলে পৌঁছায়। বিকেল ৪টা ৩৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে যশোর স্টেশনে পৌঁছায় ৫টা ৪০ মিনিটে। এরপর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।











































