Home খেলাধুলা ফুটবলারদের চাওয়া পারিশ্রমিকে একমত নয় ক্লাবগুলো

ফুটবলারদের চাওয়া পারিশ্রমিকে একমত নয় ক্লাবগুলো

18

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে নতুন মৌসুম শুরু করতে তোড়জোড় চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। কাব ও খেলোয়াড়দের সঙ্গে একের পর এক সভা করে যাচ্ছে পেশাদার লিগ কমিটি। সবশেষ গতকাল মঙ্গলবার সভায় কাবগুলো একাধিক প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবগুলো তাদের লিখিত আকারে জানাতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। সেই লিখিত প্রস্তাবনা নিয়ে আবারও সভা হবে লিগ কমিটির। সেখানে আসতে পারে পরবর্তী সিদ্ধান্ত।
লিগ কমিটির সঙ্গে আগের সভাতে খেলোয়াড়রা পরিত্যক্ত মৌসুমের পুরো পারিশ্রমিকের প্রাপ্তি সাপেক্ষে নতুন মৌসুমে ছাড় দিতে চেয়েছিল, সেটা হতে পারে ৫০ থেকে ৬০ ভাগ টাকা। কিন্তু আজ লিগ কমিটির সভাতে কাবগুলোর প্রতিনিধিরা তাতে পুরোপুরি সায় দেয়নি। সভাতে কাবগুলো জানিয়েছে, তারা আগের পারিশ্রমিকের পুরোটা দিতে রাজি। তবে নতুন মৌসুমের জন্য গতবারের পারিশ্রমিক অনুযায়ী চুক্তি হবে। নতুন চুক্তি অনুযায়ী, ২০ থেকে ২৫ ভাগ অর্থ দিতে চাইছে তারা। তবে তার আগে খেলোয়াড়রা যে দলে ছিল, সেখানেই আবারও নিবন্ধন করতে হবে। অবশ্য কাবের সঙ্গে সমঝোতা করে প্রয়োজনে খেলোয়াড়রা অন্য দলে যেতে পারবেন। খেলার ভেন্যুও কমিয়ে আনার পরামর্শ এসেছে। কাবগুলো চাইছে, খেলা হতে পারে তিন থেকে চার ভেন্যুতে। এছাড়া খেলার সময়সূচি যত দ্রুত সম্ভব কমিয়ে আনার পক্ষে সবাই। অধিকাংশ কাবের পক্ষ থেকে বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাবও রাখা হয়েছে।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘খেলা শুরু করতে চাই আমরা। কাবগুলো আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। করোনাভাইরাসের সময়ে আমরা সমঝোতার মাধ্যমে ২০২০-২১ মৌসুম শুরু করতে চাই। এখন কাবগুলো কিছু প্রস্তাবনা দিয়েছে। সেটি আগামী কিছুদিনের মধ্যে লিখিত আকারে দিলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।’

আগামী বছর নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ তামিমদের

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস কতকিছু যে পিছিয়ে দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না থাকলে এ বছরই নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু হয়নি। স্থগিত হয়ে আছে আরও কয়েকটি সিরিজ। এসব নিয়েই এখন ভাবনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরমধ্যে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, আগামী বছরের মাঝামাঝি সিরিজ আয়োজন করা নিয়ে নিউজিল্যান্ডের বোর্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। করোনা না আসলে এই সেপ্টেম্বরে দলের থাকার কথা ছিল নিউজিল্যান্ডে। একইভাবে এই ভাইরাসের সংক্রমণের কারণেই নিউজিল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও স্থগিত হয়েছে। এবার সেই সিরিজগুলো পর্যায়ক্রমে খেলতে চায় বিসিবি।
এরমধ্যে আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। বাকি সিরিজগুলো নিয়েও বিসিবি’র প্রধান নির্বাহী মঙ্গলবার গণমাধ্যমে বলছিলেন, ‘দেখুন, আপনারা জানেন আমাদের ৪টা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারিনি আমরা। এর বাইরে একটি টেস্ট বাকি পাকিস্তানে। এটা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করব।’
কিউইদের সঙ্গে দেশের মাঠে অনুষ্ঠেয় সিরিজ নিয়েও বেশ আশার কথা শুনাল বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আমাদের একটা বোঝাপড়া হয়েছে। আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করব। শ্রীলঙ্কার সাথে সিরিজটিতো চূড়ান্ত হয়েছে। এর বাইরে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আলাপ আলোচনা চলছে আমাদের।
পাশাপাশি আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। মঙ্গলবার মিরপুরে বিসিবি’র প্রধান নির্বাহী জানাচ্ছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটি যে কোনো সুবিধাজনক সময়ে আমরা করার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের ফাঁকা সময়ের ব্যাপারও আছে। নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজটি কনফার্ম করতে হবে, আইসিসি’র যে নির্ধারিত সময়সীমা রয়েছে।’

শ্রীলংকায় চার কোচিং স্টাফ নিয়ে যাবেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

এরই মধ্যে ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে আছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিক লি। শুক্রবার আসছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। তারাও কোয়ারেন্টিন পর্ব শেষ করে যোগ দেবেন দলের সঙ্গে। পেস বোলিং কোচ ওটিস গিবসনেরও আসার কথা ঢাকায়। কোচিং স্টাফের এই পাঁচজন এ মাসের শেষ দিকে দলের সঙ্গে শ্রীলঙ্কায় উড়ে যাবেন বলে জানিয়েছে বিসিবি।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের প্রস্তুতিতে ক্রিকেটাররা একক অনুশীলন করলেও দলগত অনুশীলন শুরু হয়নি এখনও। চলতি সপ্তাহে কোচিং স্টাফের অনেকেই চলে আসবেন। তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ হলে দেশে কয়েকদিন দলীয় অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এরপর মূল প্রস্তুতিটা নেবে শ্রীলঙ্কায় গিয়েই। বুধবার জোহোনেসবার্গ থেকে ঢাকায় ফেরার কথা ছিল প্রধান কোচ ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ কুকের। তবে নতুন সূচিতে দুই দিন পিছিয়ে তারা আসছেন শুক্রবার।

নতুন তথ্য দিলেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্র্যাকটিস শুরুর দিনক্ষণ নিয়েও কথা হচ্ছে। তার চেয়ে বেশি আগ্রহ দল নিয়ে। কবে দল ঘোষণা হবে? শ্রীলঙ্কা সফরে কত জন যাবেন? তারা কারা? তা নিয়ে ভক্ত ও সমর্থকদের কৌতুহলের শেষ নেই।
দল নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে না, তা নয়। হচ্ছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এর আগেও দল ঘোষণার সম্ভাব্য দিন তারিখ জানিয়েছেন। তবে আগে যতবারই কথা হয়েছে, তিনি প্রতিবারই বলেছেন, ১০-১২ সেপ্টেম্বরের ভেতরে ক্রিকেটার নির্বাচনের কাজ শেষ করে ফেলবেন। তবে এবার জাতীয় দলের প্রধান নির্বাচক দিলেন নতুন তথ্য। জানিয়ে দিলেন, ওত সময় অপেক্ষা নয়, তারা ৫ সেপ্টেম্বরের কাছাকাছি সময়েই দল নির্বাচনের কাজ সেরে ফেলতে চান।

স্থগিত সিরিজগুলো মাঠে গড়ানো নিয়ে বিসিবির পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে অনেক দিন ক্রিকেট বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ দলের বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায়। স্থগিত সিরিজগুলোর মধ্যে শ্রীলঙ্কা সফরের শিডিউল আবারও নতুন করে সাজানো হয়েছে।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এই সিরিজটি মাঠে গড়ানো এক প্রকার চূড়ান্ত। কিন্তু বাকি সিরিজগুলোর কি হবে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও তো স্থগিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের একটি টেস্ট রয়ে গেছে বাকি। এগুলো কবে মাঠে গড়াবে? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আশাবাদি, আস্তে আস্তে সবগুলো সিরিজেরই দরজা খুলবে।
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা যেটা করছি, তিনটা টেস্ট তো নিশ্চিত। সেক্ষেত্রে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যাওয়ার পরিকল্পনা রয়েছে, এ বিষয়গুলো নিয়ে কাজ করছি। আর কোন ভেন্যুগুলো আমাদের জন্য উপযুক্ত হবে, তা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করছে।’
প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ অক্টোবর থেকে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা। তবে শিডিউল এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। অবস্থা বুঝে আগে পিছে যেতে পারে সূচি।

বিসিবিতে আবারও ওয়ার্ক ফ্রম হোম

ক্রীড়া প্রতিবেদক

গত মার্চ মাসে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনিক কাজ বাসা থেকেই করা হতো। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। কিন্তু আবারও বিসিবির প্রশাসনিক কাজগুলো বাসা থেকে করার নির্দেশ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গতকাল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতিটা এখনো বাংলাদেশে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই বিসিবির কর্মীদের সতর্ক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে কারও অনীহা না ধরে যায় সেজন্যই এমনটা করা হয়েছে। চলতি সপ্তাহের জন্য কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বগুড়ায় বন্যার্তদের পাশে মুশফিকের ফাউন্ডেশন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে বিভিন্ন জেলায় এখন হাজার হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন করছে। কাছে খাবার নেই, মাথা গোঁজার ঠাই নেই। বগুড়ায় এমন মানুষদের পাশে দাঁড়ালেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন।
মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের মুশফিকুর রহিম ফাউন্ডেশনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।’

নিউইয়র্কে জয় দিয়ে শুরু জোকোভিচ-ওসাকার

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের মিশনে নেমে নোভাক জোকোভিচ শুরুটা করলেন দুর্দান্ত। সরাসরি সেটে দামির দজুমহারকে হারিয়ে পৌঁছে গেলেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে।
রাফায়েল নাদাল ও রজার ফেদেরার খেলছেন না নিউইয়র্কের এ আসরে। করোনা সংক্রমণ এড়াতে ফাশিং মিডোসে যাননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের নাদাল। আর হাঁটুর অস্ত্রোপচারের কারণে খেলছেন না সুইস মহাতারকা ফেদেরার। তাই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ৩৩ বছরের জোকোভিচই হট ফেভারিট। বসনিয়া হার্জেগোভিনার প্রতিপক্ষ দজুমহারকে ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান এ তারকা। সার্বিয়ান মেগাস্টার জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে লড়বেন যুক্তরাজ্যের কাইল এডমুন্ডের বিপক্ষে।
মেয়েদের এককে অঘটনের শিকার প্রায় হয়েই যেতে বসে ছিলেন জাপানের নাওমি ওসাকা। তবে বিপদ সামলে ৬-২, ৫-৭ ও ৬-২ গেমে স্বদেশী মিসাকি দোইকে হারিয়ে আসরের চতুর্থ বাছাই ওসাকা উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জয় তুলে নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভাও।

রাইজিং সান হেল্থ কাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ক্রীড়া প্রতিবেদক

“সুস্থ দেহ-সুন্দর মন” স্লোগানকে ধারন করে রাইজিং সান হেল্থ কাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কাবের অস্থায়ী কার্যালয়ে (জেলা পরিষদ চত্ত্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি আলহাজ¦ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাবের সাধারন সম্পাদক আলহাজ¦ কবির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য প্রদান করেন কাবের সাবেক সভাপতি শেখ খালিদ আহমেদ, তাপস কুমার সরকার(শিব), ইয়াকুব আলী খান (পলাশ), অসীম আনন্দ দাস, মো. আবু হোসেন, কাজী মঞ্জুরুল ইসলাম, মিন্টু আঢ্য, শংকর কুমার ঘোষ, অরুন কুমার সাহা, মো. আইয়ুব আলী হাওলাদার, মো. আবুল বাশার, বিবেকানন্দ বোস প্রমুখ।
রাইজিং সান হেল্থ কাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক দুরত্ব বজয় রেখে আলোচনা সভার শুরুতে কাবের আজীবন সদস্য করোনায় মৃত্যুবরণকারী গনেশ চন্দ্র বনিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বক্তারা বলেন মহামারী করোনা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার স্বার্থে প্রতিটি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সচেতন করা প্রয়োজন। পাশাপাশি নিজেদের মনোবল দৃঢ় করে পুস্টিকর খাবার গ্রহন এবং নিয়মিত শারিরীক ব্যায়াম ও প্রাতঃভ্রমন নিশ্চিত করা। যদি কেউ করোনায় আক্রান্ত হয় তবে গোপন না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহন করা উচিত।

বার্সা ছেড়ে সেভিয়ায় রাকিতিচ

ক্রীড়া প্রতিবেদক

রোন্যাল্ড কোম্যান কোচের দায়িত্ব নিয়েই পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন বার্সেলোনায়। বেশ কিছু খেলোয়াড়কে ফোন করে বলেও দিয়েছেন, আগামী মৌসুমে তারা কোম্যানের পরিকল্পনায় নেই। সেখানে মিডফিল্ডার ইভান রাকিতিচের নামটিও ছিল। সব কিছু ঠিক হয়ে যাওয়াতে বার্সেলোনা ছেড়ে সাবেক কাব সেভিয়াতে ফিরে যাচ্ছেন রাকিতিচ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।
২০১৪ সালে সেভিয়া থেকে বার্সায় চুক্তি করা রাকিতিচের মেয়াদ আরও এক বছর বাকি ছিল। কিন্তু গত সপ্তাহে সেভিয়া ও বার্সার মাঝে আলোচনার ফলে এটা পরিষ্কারই হয়ে যায় যে, কোম্যান তাকে আর পরবর্তী মৌসুমের জন্য রাখতে চাইছেন না। রাকিতিচের এজেন্ট তার বার্সা ছেড়ে যাওয়ার শর্তগুলো মেনেও নিয়েছেন। রাকিতিচের যোগ দেওয়ার ফলে বরং উপকৃতই হবে ইউরোপা লিগ জয়ী সেভিয়া। কারণ রাকিতিচ যখন বার্সায় চলে যান, তার জায়গা পূরণ করেছিলেন এভার বানেগা। যিনি যোগ দিচ্ছেন সৌদি কাব আল শাদাবে। এবার বানেগার জায়গা পূরণ করবেন ক্রোয়েশীয় এই মিডফিল্ডার।

বার্সা-রিয়ালের প্রথম এল কাসিকো অক্টোবরে

ক্রীড়া প্রতিবেদক

লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। সোমবার নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে লা লিগা। সূচি অনুযায়ী ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল কাসিকো অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি এল কাসিকোটি হবে ১১ এপ্রিল। আর লা লিগা মৌসুম শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর।
নতুন মৌসুম শুরু হওয়ার এক সপ্তাহ পরেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। কারণ চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ায় তাদের মৌসুমটা ছিল দীর্ঘায়িত। ফলে রিয়াল মাদ্রিদ-গেতাফে, বার্সেলোনা-এলচে ও অ্যাতলেতিকো মাদ্রিদ-সেভিয়ার শুরুর দিকের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত থাকছে। যাতে তারা বিশ্রামের সুযোগ পায়। এর ফলে আগামী ২০ সেপ্টেম্বরই প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এর এক সপ্তাহ পর ঘরের মাঠে ভিয়ারিয়ালকে আতিথ্য দেওয়ার কথা বার্সেলোনার।

করোনায় আক্রান্ত দি মারিয়া-পেরেদেস

ক্রীড়া প্রতিবেদক

সোমবার প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) জানিয়েছিল, কাবের দুজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন। শুরুতে নাম প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যমের বরাতে আর বিষয়টি চেপে রাখতে পারেনি ফরাসি জায়ান্টরা। সেই দু’জনের একজন হলেন পিএসজি মিডফিল্ডার অ্যাঙ্গেল দি মারিয়া, আরেকজন লিওনার্দো পেরেদেস।
এই সপ্তাহে পিএসজির প্রায় সব খেলোয়াড়ই অবকাশ যাপন করতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজিয়ায়। দি মারিয়া ও পেরেদেসের করোনা পজিটিভ হওয়ার খবরটি ইএসপিএন নিশ্চিত করতে পারলেও বাকিদের নামগুলো আর নিশ্চিত করতে পারেনি। সেখানে সন্তান ও বাবাসহ অবকাশ যাপনে গেছেন নেইমারও। তাই আশঙ্কা করা হচ্ছে তারাও করোনা পজিটিভ হতে পারেন। কারণ পিএসজির প্রায় সব খেলোয়াড়ই সেখানে মিলিত হয়েছিলেন! তাই করোনা আশঙ্কায় কেইলর নাভাস ও অ্যান্ডার হেরেরার নামটিও উঠে এসেছে।

ডাকেট টর্নেডোয় উড়ে গেলো রুট-লিথের ঝড়ো ব্যাটিং

ক্রীড়া প্রতিবেদক

ইটের বদলে পাটকেল- এমনটাই হলো যেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ভিটালিটি ব্লাস্টে। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে জো রুটের ব্যাটে ঝড় উঠেছিল সোমবার। কিন্তু সেই ঝড়কে নিমিষেই টর্নেডো দিয়ে উড়িয়ে দিলেন বেন ডাকেট। সুরতাং, রুটের ঝড়ও জেতাতে পারেনি ইয়র্কশায়ারকে। ১৯০ রান করেও ৬ উইকেটে হেরে গেছে নটিংহ্যাম্পশায়ারের কাছে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়র্কশায়ারের অধিনায়ক টম কেহলার ক্যাডমোর। ব্যাট করতে নেমে ক্যাডমোর নিজেই আউট হয়ে যান ৬ বলে ৬ রান করে। তবে অন্য ওপেনার অ্যাডাম লিথ ঝড় তোলেন। মাত্র ২৯ বলে তিনি করেন ৫৩ রান। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। তিন নম্বরে ব্যাট করতে নামা জো রুটও ঝড় তুলেছিলেন। ৪৩ বল খেলে তিনি করেন ৬৫ রান। ছক্কার মার না থাকলেও ৯টি বাউন্ডারি মারেন রুট। একদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি রুটকে। তারই জবাব দিলেন যেন তিনি ব্যাট হাতে।
জবাব দিতে নেমে নটিংহ্যাম্পশায়ারেরও পেনার ক্রিস ন্যাশ শুরুতেই ঝড় তোলেন। ৩২ বলে তিনি করেন ৫১ রান। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। আরেক ওপেনার অ্যালেক্স হেলস ৪ রানে এবং তিন নম্বরে নামা জো কার্ক ৬ রান করে আউট হয়ে গেলেও চার নম্বরে নামা বেন ডাকেট রীতিমত টর্নেডো বইয়ে দেন ইয়র্কশায়ার বোলারদের ওপর। ৫৩ বলে ৮৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেন ডাকেট। ১০টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১১ বলে করেন ২১ রান এবং টম মুরস ১৪ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নটিংহ্যাম্পশায়ার। জর্ডান থম্পসন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাডাম লিথ এবং ম্যাথ্যু ফিশার।