Home খেলাধুলা ইংলিশ ঝড়ে উড়ে গেলো পাকিস্তান

ইংলিশ ঝড়ে উড়ে গেলো পাকিস্তান

7

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি বৃষ্টির পেটে গিয়েছে। রবিবার রাতে দ্বিতীয়টিতে ১৯৫ রান করেও হার মেনেছে পাকিস্তান। তাদের ছুড়ে দেওয়া ১৯৬ রানের টার্গেট ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়।
ওল্ড ট্রাফোর্ডে ১৯৬ রান তাড়া করতে নেমে ৬৬ রানের জুটি গড়েন ইংল্যান্ডের টম ব্যান্টন ও জনি বেয়ারস্টো। এই রানে ২৪ বল ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন বেয়ারস্টো। তাকে ফেরান শাদাব খান। একই রানে শাদাবের দ্বিতীয় শিকারে পরিণত হন ব্যান্টন। ১৬ বলে ১ ছক্কায় ২০ রান করে যান তিনি। এরপর জুটি বাঁধেন দাওয়িদ মালান ও অধিনায়ক ইয়ান মরগান। তারা দুজন ৬২ বলে ১১২ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। মরগান ৩৩ বল খেলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করে আউট হন। আর মালান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৫৪ রান। শাদাব খান ৩টি উইকেট নেন। আর হারিশ রউফ নেন ২টি।
তার আগে মোহাম্মদ হাফিজের ৬৯, বাবর আজমের ৫৬ ও ফখর জামানের ৩৬ রানে ভর কর ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে পাকিস্তান। হাফিজ ৩৬ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬৯ রান। ৪৪ বলে ৭ চারে বাবর করেন ৫৬। আর ২২ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ করেন ফখর। বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ দুটি উইকেট নেন। ম্যাচসেরা হন ইয়ান মরগান।

ফুটবলের নতুন মৌসুমের সিদ্ধান্ত আজ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে পরিত্যক্ত হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এখন নতুন করে মৌসুম শুরুর পরিকল্পনা করছে বাফুফে। তারই অংশ হিসেবে ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানে দুই পক্ষের কথাই শুনেছে তারা। এখন লিগ কমিটি নিজেরাই সভা করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়। আজ মঙ্গলবার বিকেলে হবে সেই সভা।
সবশেষ আলোচনায় খেলোয়াড়রা আগের মৌসুমের পুরো পারিশ্রমিক চেয়েছেন। এছাড়া নতুন মৌসুমের জন্য অর্ধেক কিংবা তারও কম পারিশ্রমিক নিতে প্রস্তুত আছেন বলে তারা জানিয়েছেন লিগ কমিটির কাছে। খেলোয়াড়দের চাওয়া সেপ্টেম্বরের শেষেই হোক দলবদল। এখন তাদের প্রস্তাব ক্লাবগুলো কতটা মানবে, সেটি আজকের সভাতে পরিষ্কার হবে।

মেয়েদের ফুটবল ক্যাম্প অক্টোবরেই

ক্রীড়া প্রতিবেদক
স্বাভাবিক সময়ে প্রায় সারাবছরই মেয়েদের আবাসিক ক্যাম্পটা হয়ে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। কিন্তু করোনার কারণে এবার পরিস্থিতিটা ভিন্ন। ক্যাম্প বন্ধ ছিল সেই মার্চ থেকে। করোনা-বিরতির পর নতুন করে আবারও মেয়েদের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শুরু থেকে ৩০ জন খেলোয়াড় নিয়ে শুরু হবে এই ক্যাম্প।
ক্যাম্প শুরু হলেও এই বছর মেয়েদের আন্তর্জাতিক সূচিতে কোনও খেলা নেই। সাফের বয়স ভিত্তিক ফুটবল হওয়ার সম্ভাবনাও খুব কম। তার পরেও মেয়েদের নিবিড় অনুশীলনের স্বার্থে আবাসিক ক্যাম্প শুরু করতে চাইছে বাফুফে। অনুশীলন শুরু হলে লাভটা হবে সবারই। কারণ আগামী নভেম্বরে মেয়েদের স্থগিত ফুটবল লিগও শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে ক্লাবগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

মুজিববর্ষে ফিরছে বাস্কেটবল

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে বাস্কেটবলের বেশ কয়েকটি প্রতিযোগিতা নির্ধারিত সময়ে হতে পারেনি। এখন স্বাস্থ্যবিধি মেনে কোর্টে খেলা ফেরাতে চাইছে বাস্কেটবল ফেডারেশন। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আটটি ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করবে তারা। সব প্রতিযোগিতাই হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে।
বাস্কেটবল ফেডারেশনের আট প্রতিযোগিতার শুরুটা হবে আগামী অক্টোবরে, বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল দিয়ে। তারপর একে একে আসবে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ ও ২৩ ‘থ্রি অন থ্রি’ বাস্কেটবল প্রতিযোগিতা। এছাড়া প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগও হবে। ডিসেম্বরের শেষে থাকছে বিজয় দিবস প্রতিযোগিতা।

সাবেক ফুটবলার আসলাম পরিবারসহ করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
একদিন আগে করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার সুখবর দিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়। পরেরদিন আরেক সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সদস্য জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত শেখ মোহাম্মদ আসলাম দিলেন দুঃসংবাদ। নিজের ফেসবুকওয়ালে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি পুরো পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত।
শেখ মোহাম্মদ আসলাম আবাহনী ও মোহামেডানে এবং জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন দীর্ঘদিন। তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ২০০০ সালে।
শেখ মোহাম্মদ আসলাম ও বাদল রায় ছাড়াও বাফুফের আরো তিন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি এখনো করোনামুক্ত হননি। দুই সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাদল ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন। বাফুফের সাবেক সদস্য আরেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলুও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

সিনসিনাটি ওপেন জিতলেন জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক
সিনসিনাটি ওপেন জিতেই ইউএস ওপেনের প্রস্তুতি সেরে নিলেন নোভাক জোকোভিচ। শনিবার কানাডার মিলাস রাওনিচকে হারিয়ে ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্টে শিরোপা জিতলেন ১৭টি মেজরের মালিক।
একইসঙ্গে ৩৫তম ১০০০ মাস্টার্স জিতে রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান। এবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের ব্যবধান আরও একটু কমিয়ে আনতে ১ সেপ্টেম্বর আর্থার অ্যাশে নামবেন জোকার। প্রথম রাউন্ডে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী বসনিয়ার দামির জুমহুর। ২০২০ টানা ২৩ ম্যাচে জয় তুলে এদিন সিনসিনাটি ওপেনে খেতাব জিতলেন সার্বিয়ান তারকা। আর জকোভিচের খারাপ সার্ভিসের সুযোগ নিয়ে সহজেই প্রথম সেট ঝুলিতে ভরে নেন কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী।

মাঠে নেমেই ম্যাক্সওয়েলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
সবশেষ মাঠে নেমেছিলেন গত ৮ ফেব্রুয়ারি, বিগ ব্যাশ লিগের ফাইনাল ম্যাচে। এরপর প্রায় সাত মাস ধরে মাঠের বাইরেই ছিলেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, জিতিয়েছেন দলকেও।
তবে এটি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। অস্ট্রেলিয়ার স্কোয়াডের খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে এ প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যেখানে রোববার দারুণ এক সেঞ্চুরি করেছেন ৬ মাস ২৪ দিন পর মাঠে নামা ম্যাক্সওয়েল। তার সঙ্গে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন মার্কাস স্টয়নিস। দলের দুই উইকেটের জয়ে বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও ৮৭ রান করেছেন তিনি।

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

ক্রীড়া প্রতিবেদক
বোলারদের ভয়াবহ ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯৫ রান করেও ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। বোলাররা হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। দুজনই করেছেন ফিফটি, পৌঁছে গেছেন ব্যক্তিগত মাইলফলকে।
টস হেরে ব্যাট করতে নেমে নিজ দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক বাবর। ইনিংসের ত্রয়োদশ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে করেছেন ৫৬ রান। এতে করে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর। ম্যাচটি শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের মাইলফলকে পৌঁছতে বাবরের প্রয়োজন ছিল ২৯ রান। তিনি করেছেন আরও ২৭ রান বেশি। যার সুবাদে এখন টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মালিক এখন তিনি। এ রেকর্ডে বাবরের সঙ্গে রয়েছেন অ্যারন ফিঞ্চ এবং বিরাট কোহলি। এটি ছাড়াও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের রেকর্ডে কোহলিকে দুই নম্বরে নামিয়ে দিয়েছেন বাবর। ক্রিকেটের ক্ষুদ্রতম এই ফরম্যাটে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এখন বাবরের। ৪০ ম্যাচে ৫০.৯০ গড়ে ১৫২৭ রান রয়েছে তার নামের পাশে। এতদিন ধরে ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কোহলি। বাবরের জোড়া রেকর্ডের দিনে বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলকে প্রবেশ করেছেন মোহাম্মদ হাফিজ। ইংলিশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৩৬ বলে ৬৯ রান করেছেন হাফিজ। বর্তমানে ৯৩ ম্যাচে ২০৬১ রান তার নামের পাশে।

পুরানের ব্যাটে সিপিএলের প্রথম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরু থেকেই বেশিরভাগ ম্যাচ হচ্ছে লো স্কোরিং। একই পিচে দিনে দুই ম্যাচ হওয়ায় ব্যাটসম্যানরা পারছেন না নিজেদের মতো করে খেলতে। ফলে ব্যক্তিগত কিংবা দলীয় সংগ্রহ খুব একটা বড় হচ্ছে না। তবে এরই মাঝে আলো হয়ে এলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বাঁহাতি ব্যাটসম্যান নিকলাস পুরান।
চলতি সিপিএলের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, তাও মাত্র ৪৫ বল মোকাবিলা করে। রোববার সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে নিজ দল গায়ানাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন পুরান। যোগ্য সঙ্গ দিয়েছেন রস টেলর। রস টেলরের সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ৭১ বলে ১২৮ রানের জুটি গড়েছেন পুরান। যেখানে টেলরের অবদান ২৭ বলে ২৫ রান। বাকি সব একাই করেছেন পুরান।
এবারের সিপিএলের প্রথম এবং সবমিলিয়ে সিপিএলের ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর পথে মাত্র ৪৫ বলে ৪ চারের সঙ্গে ১০টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন পুরান। ইনিংসের ১৭ ওভার শেষে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি, জয়ের জন্য ১৮ বলে করতে হতো ১৬ রান।