Home আঞ্চলিক খুলনায় ঠিকাদারদের বিরোধে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

খুলনায় ঠিকাদারদের বিরোধে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

20

স্টাফ রিপোর্টার

নগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে লামিয়া নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। লামিয়া ওই এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে ও নগরীর ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

খুলনা থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, লামিয়ার বাড়ির বিপরীতে ঠিকাদার ইউসুফের বাড়ি। সম্প্রতি ইউসুফ মহানগরীর বাবু খান রোডের কাজ পান। তবে এ কাজটি তার কাছ থেকে কিনে নিতে আগ্রহী ছিলেন অন্য এক ঠিকাদার। কিন্তু ইউসুফ তার কাছে বিক্রি না করে ময়না কমিশনারের কাছে কাজটি বিক্রি করে দেন। এতে ওই ঠিকাদার ুব্ধ হয়ে শুক্রবার সকালে ইউসুফের বাড়ির সামনে আসে এবং শোরগোল করতে থাকে। এ অবস্থায় বাড়িতে থাকা ইউসুফ শটগান থেকে গুলি ছোড়েন। যা তার বাড়ির বিপরীত বাড়ির গেটে দাঁড়ানো শিশু লামিয়ার পায়ে বিদ্ধ হয়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে লামিয়ার বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

খুমেকের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষতি হতে পারে। মেয়েটি এখনও অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারেনি সে।

এদিকে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার  বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখছি।

খুলনা থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।