Home জাতীয় এইচএসসি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলো শিক্ষা মন্ত্রণালয়

এইচএসসি পরীক্ষা নিয়ে যে বার্তা দিলো শিক্ষা মন্ত্রণালয়

17

ঢাকা অফিস

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এইচএসসি পরীক্ষা বাতিল করার মতো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষা আয়োজন করা হবে। শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় মন্ত্রণালয়। যেহেতু করোনা একেবারে নির্মূল হচ্ছে না তাই, কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার কি ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। সভায় শিক্ষামন্ত্রী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত রাখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের নির্দেশ প্রদান করেন। এছাড়া করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী কাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন কার্যক্রম আরো ফলপ্রসূ করার উপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।