খুলনাঞ্চল ডেস্ক
অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা মাত্র ১২ দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। তাদের দ্রুতগতির অভিযান আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করেছে।
মূলত ২৭ নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। এরপর ১ ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অংশ নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা। এরপরে ৫ ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে ৭ ডিসেম্বর আসাদ সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাও এর অভিযান শুরু করে বিদ্রোহীরা।
রোববার (৮ ডিসেম্বর) ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান আসাদ। তবে কোথায় গিয়েছেন তা এখনো অজানা।
মাত্র ১২ দিনের অভিযানেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন শেষ হলো। ইতোমধ্যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের পূর্ণ দখল নিয়েছে।
সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে, রোববার আর্মি অফিসারদের উদ্দেশে এ ঘোষণা দেন দেশটির সেনাবাহিনীর কমান্ড। এছাড়া সিরিয়ার বিদ্রোহীরাও জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্ক ‘এখন আসাদমুক্ত’।
এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধের পর স্বৈরশাসক আসাদমুক্ত হল দেশটি। দেশের অভ্যন্তরের সংঘাত নিরসনে দীর্ঘ সময় আসাদের পাশে ছিলো রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা। তবে শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি।
বাশার আল-আসাদের পালানোর খবরে দামেস্কের রাস্তার রাস্তায় উদযাপন দেখা যায়। বিদ্রোহীরা বলছে, সিরিয়ায় আসাদ শাসনের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এক বিবৃতিতে বিদ্রোহীরা জানায়, বাথিস্ট শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার এবং বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে, সব ধরণের দখলদার বাহিনীর মোকাবেলা করে, আমরা আজ ঘোষণা করছি, ৮ ডিসেম্বর ২০২৪ সেই অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের শুরু হলো। এটি সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা।
এদিকে দামেস্ক দখলের পর নতুন সিরিয়াকে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা। সেখানে ন্যায়বিচারের জয় এবং সব সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে বলেও জানিয়েছেন তারা।
এছাড়া বিভিন্ন শহরের দখল নেয়ার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি আত্মসমর্পণকারী ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে বিদ্রোহী যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে আজ রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি।
বাশার আল-আসাদ টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তাঁর বাবা হাফিজ আল-আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশার আল-আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান হলো।
এর আগে গত কয়েক দিনে আলেপ্পো, হোমসসহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। তাঁরা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন। গত রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা। আর রবিবার সকালে তাঁরা দামেস্কে ঢুকে পড়েন।
বাশার আল-আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্ককে, সিরিয়াকে ‘মুক্ত’ বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
একনজরে সিরিয়ায় এখন পর্যন্ত যা যা ঘটল :
১. সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আজ জানায় বিবিসি। রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে (লাইভ) বলা হয়, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।
২. এর আগেই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, হোমস শহর ‘পূর্ণাঙ্গ স্বাধীন’ করা হয়েছে।
৩. আজ সকালে দামেস্কে গোলাগুলির শব্দ শোনা যায়। একজন বাসিন্দা সিএনএনকে বলেন, তিনি গোলাগুলির শব্দ শুনেছেন। দামেস্কের বারজেহ এলাকায় বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন। সেখানে লড়াই চলছে। দামেস্কে এখন বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। ইন্টারনেটের গতি খুবই শ্লথ। লোকজন ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না।
দামেস্কের দুজন বাসিন্দার সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাঁরাও গোলাগুলির শব্দ শোনার কথা বলেছেন। তবে গুলির শব্দ কোথায় থেকে আসছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৪. এরপর দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেন বিদ্রোহীরা। তাঁরা কারাগারের ফটক খুলে দেন। বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে সেদনায়া কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি এক্সে দেওয়া পোস্টে বলেন, কারাগার থেকে সাড়ে তিন হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
৫. বাশার আল-আসাদ দেশ থেকে পালানোর পর একটি ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। বিবৃতিতে বলা হয়, সিরিয়া এখন মুক্ত। জালিম শাসক বাশার আল-আসাদের হাত থেকে সিরিয়াকে মুক্ত করা হয়েছে।
৬. দামেস্কেই আছেন বাশার আল-আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তাঁর হাতে। আল-জালালি বলেছেন, ‘আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলেছি যে তারা এই দেশের কারও ক্ষতি করবে না।’
বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগপর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান আল-জালালির তত্ত্বাবধানেই থাকবে।
৭. সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করেন, সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন ৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সবশেষ ফ্লাইট বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।
ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে ছাড়া ইলিউশিন ৭৫ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। কিন্তু সেখান থেকে পরে ঘুরে (ইউটার্ন) উড়ে যেতে শুরু করে। কয়েক মিনিট পর সেটি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল। তবে উড়োজাহাজটিতে বাশার আল-আসাদ ছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স
৮. ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশার আল-আসাদের ব্রিটিশ-সিরীয় স্ত্রী আসমা আসাদ এবং তাঁদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে যান। সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে গত মে মাসে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ৪৮ বছর বয়সী আসমার লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) শনাক্ত হয়েছে। এ কারণে তিনি জনসমক্ষে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।
৯. শনিবার দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জেরমানা শহরতলির কেন্দ্রে থাকা বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। ভাস্কর্য ভেঙে ফেলা বিক্ষোভকারীদের বেশির ভাগই আরেক শহরতলি দ্রুজের বাসিন্দা। তাঁরা সে সময় ফাঁকা গুলি ছোড়েন।
বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেন। পরে জনতা দামেস্কে হাফিজের আরেকটি ভাস্কর্য ভেঙে ফেলেন।











































