Home খেলাধুলা বাদ পড়ছেন আশরাফুল-মাহাবুবসহ ৯জন

বাদ পড়ছেন আশরাফুল-মাহাবুবসহ ৯জন

35

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতার নামে টুর্নামেন্ট। খেলা ঘরের মাঠে। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির সেমিফাইনালে উঠলেই যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সব মিলিয়ে দারুণ এক সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। কিন্তু টুর্নামেন্ট নির্ধারিত সময়ে না হওয়ায় যুব হকি দলের জন্য চরম দুঃসংবাদ। যে ৩৬ জন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছিল, সেখান থেকে বয়সের কারণে বাদ পড়ছেন আশরাফুল ইসলাম ও মাহাবুব হোসেনসহ ৯জন। যাদের ৫জনই অভিজ্ঞ ও একাদশের সম্ভাব্য খেলোয়াড়।
বয়স বেশি হওয়া ৯ খেলোয়াড় হলেন বাংলাদেশ নৌবাহিনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম (সর্বশেষ অধিনায়ক), ফরোয়ার্ড মোহাম্মদ মাহাবুব হোসেন, ঢাকা জেলার মিডফিল্ডার নাঈম উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর মিডফিল্ডার ফজলে রাব্বী, ঢাকা জেলার ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন, কিশোরগঞ্জের মিডফিল্ডার আল নাহিয়ান শুভ, বাংলাদেশ বিমানবাহিনীর মিডফিল্ডার নাজমুল হাসান মৃদুল, মিডফিল্ডার রাজু আহমেদ তপু ও ফরোয়ার্ড আশরাফুল আলম।
টুর্নামেন্ট হওয়ার কথা ছিল গত ৪ থেকে ১২ জুন। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল এশিয়ান হকি ফেডারেশন। দুইদিন আগে তারা নতুন তারিখ নির্ধারণ করেছে। আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি হবে যুবাদের এ টুর্নামেন্ট। এর আগে স্থগিত হওয়া আরেক টুর্নামেন্ট এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ নির্ধারণ করা হয় আগামী বছর ১১ থেকে ১৯ মার্চ।
যুব দলের অনুশীলন শুরু হয়েছিল কোচ মামুনুর রশীদের অধীনে। বয়সের কারণে ৯ খেলোয়াড়ের বাদ পড়ায় মাথায় হাত জাতীয় দলের সাবেক এ অধিনায়কের। ‘যারা বাদ পড়ছেন তাদের মধ্যে ৫জন তো একাদশের খেলোয়াড়। নিঃসন্দেহে এটা দুঃসংবাদ। আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করার ভালো সুযোগ ছিল। কিন্তু আশরাফুল, মাহাবুব, রাকিন, ফজলে রাব্বী আর নাঈম উদ্দিনদের না পেলে দল অনেক দুর্বল হয়ে যাবে।’

সেপ্টেম্বরের শুরুতেও দর্শকহীন থাকছে বুন্দেসলিগা

ক্রীড়া প্রতিবেদক

বুন্দেসলিগার নতুন মৌসুম (২০২০-২০২১) শুরু হওয়ার কথা ১১ সেপ্টেম্বর থেকে। বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল, নতুন মৌসুমে হয়তো অল্প করে হলেও দর্শক থাকবে মাঠে। কিন্তু করোনা পরিস্থিতি এখনও সন্তোষজনক না হওয়ায়, সেই পথে হাঁটবে না জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির সরকারের সঙ্গে আলোচনা শেষে অন্তত পক্ষে অক্টোবরের শেষ পর্যন্ত দর্শক ছাড়াই খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত তাদের।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সম্প্রতি একটি কনফারেন্সে মিলিত হয়েছিলেন রাজ্য সরকারের প্রধানমন্ত্রীরা। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন, স্টেডিয়ামে দর্শক প্রবেশের প্রস্তাবনার বিষয়ে যেন স্থানীয় সরকাররা কাজ করে। যাতে করে অক্টোবরে সীমিত পরিসরে হলেও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায়। তবে বড় ধরনের ইভেন্টগুলোর ক্ষেত্রে দর্শক প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে এই বছর পর্যন্ত। তবে বুন্দেসলিগায় দর্শক প্রবেশের বিষয়টি অনুমতি না পেলেও উয়েফা সুপার কাপে ঠিকই দর্শকের সামনে খেলার সুযোগ পাচ্ছে বায়ার্ন মিউনিখ। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি বুডাপেস্টে অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন পুসকাস স্টেডিয়ামে। মূলত দর্শক প্রবেশের বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখতেই এমন আয়োজনের কথা জানিয়েছে উয়েফা। তবে ম্যাচটায় দর্শক থাকবে মূল ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। দুটি দলের ক্ষেত্রে উয়েফা টিকিট দেবে ৩ হাজার করে।

বাংলাদেশকে আগাম হুমকি ম্যাথুস-চান্ডিমালদের

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেই জুন মাস থেকেই অনুশীলন করছেন। করোনাভাইরাসের সংক্রমণ কম থাকায় উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাতেই ক্রিকেট চলছে। এ মাসেই শেষ হয়েছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট। শ্রীলঙ্কান মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালরা রান বন্যা বইয়ে দিয়েছেন নিজেদের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে। বিশাল সেঞ্চুরি করে তিনজনই আগামী অক্টোবরে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছেন।
আগস্টেই প্রস্তুতির জন্য চারটি ম্যাচ পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এই সুযোগের পুরো ফায়দা নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসরা। তিনজনই থাকবেন বাংলাদেশের বিপক্ষে আগামী অক্টোবরের তিন ম্যাচের টেস্ট সিরিজে। ম্যাথুসরা খেলবে আবার নিজেদের ঘরের মাঠে খেলা। এর মধ্যে ছন্দ খুঁজে পাওয়া শ্রীলঙ্কার এই তিন মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে।

সাকিব দেশে ফিরছেন সোমবার

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ সময় পর মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের ক্রিকেট। দলের সাথে বাইশ গজে প্রত্যাবর্তন করছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। সবকিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন সাকিব। আর সেই লক্ষ্যে প্রস্তুতি সারতে দেশে ফিরতে যাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে অবস্থানরত সাকিব দেশে ফিরবেন আগামী সোমবার।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে দুবাইয়ে ট্রানজিট করে ৩১ আগস্ট রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। এরপর বিকেএসপিতে নামবেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে।

চেন্নাই সুপার কিংসের ১৩জন করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

মাঠের খেলা শুরুর সপ্তাহ তিনেক আগে বড়সড় এক দুঃসংবাদ পেলো আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং ১২জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে ১৩জনের নমুনার ফল পজিটিভ এসেছে। যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে চলতি মাসের ২১ তারিখ আরব আমিরাতে গিয়েছে চেন্নাই দল। আইপিএলের করোনা প্রটোকল মোতাবেক আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে। সেই নিয়ম মেনে প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে ১৩ জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন ভারতীয় পেসার ও বাকি ১২জন সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের অংশ ছিলেন।

অবিশ্বাস্য বোলিংয়ে বিরল রেকর্ড নবির

ক্রীড়া প্রতিবেদক

কে বলবে, তার বয়সটা ৩৫ পেরিয়েছে? মোহাম্মদ নবি যেন বয়সের আগে ছুটছেন। দিনকে দিন পারফরম্যান্সে ছাপিয়ে যাচ্ছেন নিজেকেই। এবার চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম বোলার হিসেবে ৫ উইকেট শিকার করলেন আফগান অলরাউন্ডার। সেইসঙ্গে ক্যারিয়ারসেরা বোলিংয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে।
কি সে রেকর্ড? পাঁচটি আলাদা ফ্যাঞ্চাইজি লিগে চার বা তার বেশি উইকেট পাওয়ার রেকর্ড। সিপিএলের আগে নবি এই কৃতিত্ব দেখিয়েছেন ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) ও বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন নবি। পাঁচটি আলাদা ফ্যাঞ্চাইজি লিগে চার বা ততোধিক উইকেট নেয়া প্রথম বোলার পাকিস্তানের সোহেল তানভীর।

বিশ্বজয়ের ঘোষণা দিলেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলবিশ্ব এখন বুদ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে। বার্সা ছেড়ে কোথায় যাবেন মেসি? কিংবা আদৌ বার্সা ছেড়ে যাবেন মেসি?- এসব প্রশ্নের বিশ্বস্ত উত্তরের খোঁজে সারাবিশ্বের ফুটবলপ্রেমিরা।
এর মাঝেই সাহসী এক ঘোষণা দিলেন মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। জানিয়েছেন ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাব জুভেন্টাসের হয়ে বিশ্বজয় করবেন তিনি। এই লক্ষ্য নিয়েই শুরু করবেন ফুটবলের নতুন মৌসুম।
তবে সবশেষ মৌসুমের দিকে তাকালে রোনালদোর এই ঘোষণা উচ্চাভিলাষী কল্পনাই মনে হবে। কেননা ২০১৯-২০ মৌসুমে শুধুমাত্র সিরি ‘আ’ শিরোপা জিতেছে জুভেন্টাস। যা তারা গত ৯ বছর ধরেই জিতে চলেছে। কিন্তু কোপা ইতালিয়া ফাইনালে হার এবং চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় তাদের জন্য নেতিবাচক হয়েই এসেছে। এমনকি লিগ জিতলেও রানার্সআপ ইন্টার মিলানের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি ছিল তাদের। অথচ এর আগের মৌসুমে ১১ পয়েন্টে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্টাস।

ম্যানসিটিতেই যাবেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ কাব প্যারিস সেইন্ট জার্মেই, ইতালিয়ান কাব ইন্টার মিলান ও ইংলিশ কাব ম্যানচেস্টার সিটি; অন্যান্য কাবের চেয়ে এ তিনটি কাব এগিয়ে ছিল স্প্যানিশ কাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে। কিন্তু মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটিতেই।
গত মঙ্গলবার এক বুরোফ্যাক্স বার্তার মাধ্যমে বার্সেলোনাকে নিজের কাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। নতুন মৌসুমে অন্য কোনো কাবে খেলার ইচ্ছাই তার। আর তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম শীর্ষ কাব ম্যানচেস্টার সিটিকে, এমনটাই জানিয়েছেন তার বাবা জর্জ মেসি। লিওনেল মেসিকে দলে নেয়ার ব্যাপারে আলোচনা করতে ফ্রান্সের শীর্ষ কাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন জর্জ মেসির সঙ্গে। যা কি না সফল হয়নি।

পিএসজি ছেড়ে চেলসিতে থিয়াগো সিলভা

ক্রীড়া প্রতিবেদক

২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আশা জাগানিয়া পারফরম্যান্স করেছে চেলসি। ধারাবাহিকতা ধরে রাখতে নতুন মৌসুমের একের পর এক বড় তারকা দলে ভেড়াচ্ছে কাবটি। তাদের সবশেষ সংযোজন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।
ফ্রান্সের শীর্ষ কাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে এক বছরের জন্য এ সেন্ট্রাল ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে চেলসি। গত রোববার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে সিলভার। তাই চেলসিতে যোগ দিতে কোনো ঝামেলাই হয়নি তার।

অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট ৭ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল। পূর্ব সূচি অনুযায়ী সিরিজের একমাত্র টেস্টটি দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি গোলাপি বলের পরিবর্তে লাল বলে আয়োজনের অনুরোধ জানিয়েছে আফগানিস্তান। উভয় বোর্ড এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে পুরনো সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর থেকে শুরু হবার কথা অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ইঙ্গিত দিচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার সূচিতে পরিবর্তন আসবে। তবে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাজিম জার আব্দুল রহিমজাই। দিবা-রাত্রির টেস্টের পরিবর্তে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে চান তারা।অস্ট্রেলিয়া সফরের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখবে অজিরা।

ক্যারিয়ারের ইতি টানলেন ব্রায়ান ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

ইউএস ওপেন শুরুর আগে আচমকাই অবসর ঘোষণা করলেন টেনিসের ইতিহাসে সবচেয়ে সফল ডাবলস জুটি ব্রায়ান ব্রাদার্স। ২২ বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারে ইতি টানলেন দু’জনে। বুধবার ব্রায়ান ব্রাদার্সের অবসর ঘোষণার খবরটি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
দীর্ঘ দু’দশকের বেশি সময় ধরে কেরিয়ারে ৪২ বছরের মাইক ব্রায়ান এবং বব ব্রায়ান জুটি রেকর্ড ১১৯টি খেতাব জিতেছেন একসঙ্গে। যার মধ্যে রয়েছে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম, ৩৯টি এটিপি মাস্টার্স (১০০০) টুর্নামেন্ট। অবসর ঘোষণা প্রসঙ্গে মাইক ব্রায়ান নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ‘আমরা দুই ভাই একসঙ্গেই মনস্থির করেছি এটাই আমাদের অবসর ঘোষণার সঠিক সময়। কারণ এই বয়সে কোর্টে গিয়ে প্রতিদ্বন্দ্বীতা ছুঁড়ে দেওয়ার বিষয়টি খুবই কঠিন একটা কাজ।’

ইতালির ৩৭ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচের জন্য প্রাথমিকভাবে বড় পরিসরে দল ঘোষণা করেছেন ইতালির কোচ রবের্তো মানচিনি। ৩৭ সদস্যের দলে আছেন তিন নতুন মুখ বাস্তোনি, মানুয়েল লোকাতেল্লি ও ফ্রান্সেসকো কাপুতো। আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে যাত্রা শুরু করবে ইতালি। তিন দিন পর আমস্টারডাম অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে মানচিনির দল।
ইতালি দল : গোলরক্ষক: ক্রাগনো, দোন্নারুম্মা, মেরেত ও সিরিগু। ডিফেন্ডার : আসেরবি, বাস্তোনি, বিরাঘি, কাওদিও বোনুচ্চি, কালদারা, জর্জো কিয়েল্লিনি, দামব্রোসিও, দি লরেন্সো, ফোরেন্সি, মানচিনি, পেল্লেগ্রিনি ও স্পিনাজ্জোলা। মিডফিল্ডার : বারেল্লা, বোনাভেন্তুরা, কাস্ত্রোভিল্লি, ক্রিস্তান্তে, জর্জিনিয়ো, গাগলিয়ারদিনি, লোকাতেল্লি, পেল্লেগ্রিনি, সেন্সি, তোনালি ও জানিওলো। ফরোয়ার্ড : বেলোত্তি, বের্নার্দেস্কি, ফ্রান্সেসকো কাপুতো, চিয়েসা, এল শারাউই, চিরো ইম্মোবিলে, লরেন্সো ইনসিনিয়ে, মইজে কেন, লাসাগনা ও ওরসোলিনি।