যশোর অফিস
যশোর রেলওয়ে জংশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে অবরোধ পালন করা হয়। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দেড় ঘণ্টাব্যাপী এই অবরোধ পালন করা হয়। পরে যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের অনুরোধে অবরোধ তুলে নেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। তবে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেনসহ ছয় দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে যশোর জংশনে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। দুপুর একটার আগেই কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও কয়েকশ’ সাধারণ মানুষ রেললাইনে অবস্থান নেন। পদ্মাসেতুর রেল প্রকল্পের সুবিধাপ্রাপ্তির ন্যায্য দাবিতে তারা বিভিন্ন শ্লোগান দিতে শুরু করেন।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অবরোধ সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দুপুর একটায় রেল অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর দুপুর পৌনে দুইটায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জংশনের আউটার সিগন্যালে আটকা পড়ে। এরপর অবরোধের খবর পেয়ে রেল জংশনে ছুটে আসেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যশোরের মানুষ রেলের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবিতে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করে চলেছে।’ তিনি এসব দাবি-দাওয়া মন্ত্রিপরিষদ এবং রেল মন্ত্রণালয়কে অবহিত করেছেন। এই রেল অবরোধ কর্মসূচি এবং ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবির ব্যাপারে তিনি আবারও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ সময় তিনি যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। জেলা প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ কর্মসূচি সমাপ্ত করেন। অবরোধ তুলে নেওয়ার পর পৌনে এক ঘণ্টা আটকে থাকা বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।’
শোনা যাচ্ছে খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোরে এখনও এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কিভাবে এবং ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা নিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার জন্য এই রেল অবরোধ কর্মসূচি পালন করেছি। যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আশাবাদী হয়ে আমরা কর্মসূচি সমাপ্ত করেছি। তবে যশোরবাসীর দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হবো।











































