Home খেলাধুলা জার্মানিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৭৯

জার্মানিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৭৯

8


আন্তর্জাতিক ডেস্ক।।

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ইয়েনায় এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৯ জন আহত হয়েছেন।গত শনিবার ইয়েনা শহরে চতুর্থ বিভাগের এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ১০ জন পুলিশ, ৫ নিরাপত্তারক্ষী এবং বাকি ৬৪ জন ফুটবল ক্লাবদুটোর সমর্থক। সংঘর্ষের এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়েনা শহরে অনুষ্ঠিত ওই ম্যাচে ৫-০ গোলে জয় পায় কেমি লাইপসিশ। ম্যাচে ৭ হাজার ২৪ জন সমর্থক ছিলেন। এরমধ্যে কেমি সমর্থক ছিলেন এক হাজার।

ডয়চে ভ্যালের খবরে বলা হয়, ম্যাচ শুরুর আগে প্রায় ৩৫০ সমর্থক শহরে মিছিল বের করে। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া শুরু করা ওই মিছিলে পটকাও ফোটানো হয়। মিছিল থামাতে এক পর্যায়ে হস্তক্ষেপ করে পুলিশ। লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে ক্লাব দুটো। যদিও তাদের নিন্দায় পরস্পরের সমর্থকদের উপর দায় চাপানোর প্রবণতা দেখা গেছে।

এক বিবৃতিতে জেইস ইয়েনা ঘটনার দায় অতিথি সমর্থকদের উপর বর্তায় বলে দাবি করে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, প্রায় ১২০০ অতিথি সমর্থকের একটি দল জোর করে ইয়েনা সমর্থকদের এলাকায় ঢুকে পড়ে।

এদিকে কেমি লাইপজিশ ক্লাবের দাবি, তাদের সমর্থকদের উপর পটকা ছুড়ে মারা হয়েছিল। তারা বলছে, ‘আমরা শারীরিক সহিংসতার, বিশেষ করে মানুষের উপর পটকা ছুড়ে মারার ঘটনার নিন্দা জানাই। আমাদের ফুটবল ম্যাচে এমন ঘটনার কোনো স্থান নেই এবং আমরা তা সহ্য করবো না।’