ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব স্থগিত হয়ে গেছে। একই কারণে এএফসি কাপের খেলাও স্থগিত হয়ে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত এএফসি এ বিষয়ে কিছু জানায়নি। তবে এএফসি কাপের ভাগ্যে যা-ই থাকুক না কেন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস কিন্তু তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
এএফসি কাপে বসুন্ধরা খেলছে ‘ই’ গ্রুপে। সেখানে করোনার আগেই তারা মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঘরের মাঠের প্রথম লেগে। করোনার কারণে এই গ্রুপের বাকি ম্যাচগুলো এখন হবে হবে মালদ্বীপে। সেখানে গ্রুপের ম্যাচগুলো হবে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ২৩ অক্টোবর মালদ্বীপের দেশের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাবের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ৪ নভেম্বর এই দলটির বিপক্ষেই বসুন্ধরা খেলবে শেষ ম্যাচ। তার আগে ২৬ ও ২৯ অক্টোবর ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর খেলবে টিসি স্পোর্টসের সঙ্গে। বাকি ম্যাচগুলোতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের দল। এমনিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। বিদেশি খেলোয়াড়েরা যোগ দিচ্ছেন আগামী মাসের শুরুতে। ২৩ অক্টোবর থেকে খেলা শুরুর চারদিন আগে যাওয়ার কথা। কিন্তু বসুন্ধরা কোনও ঝুঁকি নিতে চায় না। তারা আরও আগে সেখানে যেতে চায়। সেখানে গিয়ে আগেই তারা বেসরকারিভাবে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। কেননা মালদ্বীপের অতীত অভিজ্ঞতা বাংলাদেশের কাবগুলোর জন্য সুখকর নয়। এর আগে আবাহনীসহ অন্য দলকে ভেন্যু থেকে বেশ দূরেই রাখা হয়েছিল।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন,‘সতর্কতা হিসেবে আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে মালেতে যেতে চাই। সেখানে গিয়ে আলাদাভাবে সবার করোনা পরীক্ষা করা হবে। যাতে ওদের করোনা পরীক্ষার সঙ্গে আমাদের অমিল হয় কি না সেটা দেখার সুযোগ থাকে। দেখা গেল, আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পজিটিভ ঘোষণা করা হলো, তখন যেন আমরা নিজেরা যে পরীক্ষা করবো সেই ফল ওদের সঙ্গে মিলিয়ে নিতে পারি। প্রয়োজনে তখন গড়মিল হলে এএফসিকে জানাতে পারবো।’
নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিঁও
ক্রীড়া প্রতিবেদক
সদ্য সমাপ্ত পুরুষদের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে খেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে পর্তুগালের লিসবনে ফরাসি জায়ান্টদের হারিয়ে শিরোপা উৎসব করে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে আরেক ফরাসি কাব লিঁও ঘরে ফেরে সেমিফাইনাল থেকে। তবে চলতি মৌসুমের মেয়েদের চ্যাম্পিয়নস লিগে ফাইনাল নিশ্চিত করেছে কাবটি। তাও ঘরের কাব পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়ে।
স্প্যানিশ কাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৬৭তম মিনিটে ওয়েন্ডি রেনার্ডের হেড থেকে এগিয়ে যায় লিঁও। পরে ম্যাচের বাকি সময় ব্যবধানটি ধরে রেখে ফাইনালের টিকেট কাটে তারা। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবেন রেনার্ড। আসরে এটি তার ২৪তম গোল। উত্তেজনা ছড়ানো ম্যাচে গোল হজমের ২ মিনিট আগে গ্রেস গায়েরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০জনের দল হয়ে পড়ে পিএসজি। অবশ্য পরে ৭৫তম মিনিটে নিকিতা প্যারিস লাল কার্ড দেখায় ১০জন নিয়ে খেলতে হয় লিঁওকেও।
৩১ আগস্ট দিবাগত রাতে সান সেবাস্তিয়ানে ফাইনালে ভলসবুর্গের মুখোমুখি হবে লিঁও। ফরাসি কাবটি এ নিয়ে টানা পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে। তারমধ্যে গত চার আসরেই শিরোপা ঘরে তুলেছে সর্বোচ্চ ছয়টি চ্যাম্পিয়নস লিগজয়ী লিঁও।
কোভিড-১৯ যুব পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া প্রতিবেদক
কোভিড-১৯ মোকাবেলায় ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ মানবিক সহায়তা কার্যক্রমে যে সব যুবক অংশ নিয়ে দৃষ্টান্ত স্হাপন করেছেন তাদেরকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গত বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, কোভিড-১৯ মানব সভ্যতাকে এক কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। সন্তান তার অসুস্থ পিতাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। পরিবার পরিজনরা করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহণ করছে না। কিন্তু এই দুঃসময়েও আমাদের যুবসমাজ ও স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসেছেন। তারা করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে থেকে সেবা করছেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফনে সহায়তা করেছেন। আমাদের জাতীয় জীবনের যে কোনো সঙ্কটে, যে কোনো ক্রান্তিকালীন সময়ে এই যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছে। আর তাই করোনাকালীন এ অনিশ্চিত সময়ে যারা সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্হাপন করেছেন তাদেরকে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে পুরস্কৃত করতে চাই। এটি মূলত তাদের ভালো কাজের স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এ স্বীকৃতি তাদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।
টি-টোয়েন্টি ক্রিকেট মাঠে ফিরছে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে ক্রিকেট তথা বিশ্ব ক্রীড়াঙ্গন। ১১৬ দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট মাঠে ফিরিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৩৮ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটও ফিরিয়েছে ইসিবি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটকেও মাঠে ফেরাচ্ছে ইসিবি। আজ শুক্রবার) থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে ইংল্যান্ড। ১৬৭ দিন পর ২২ গজে দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেট। ম্যানচেস্টারে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়।
প্রথমবারের মতো বাংলাদেশে কোচ ইন্সট্রাক্টর কোর্স
ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এএফসি কোচ ইন্সট্রাক্টর কোর্স। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে এই কোর্স। কোর্সে ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করছেন বাফুফের টেকিনিক্যাল ডাইরেক্টর পল স্মলি।
বাফুফে আয়োজিত প্রথমবারের মতো এই ইন্সট্রাক্টার কোর্সে দেশের ২০ জন কোচ অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী কোচ আছেন ৩ জন। ইন্সট্রাক্টর কোর্সে যারা অংশ নিচ্ছেন মাহবুব হোসেন রক্সি, উজ্জ্বল চক্রবর্তী, অমিত রায়, ছাইদ হাছান কানন, মো. সালাউদ্দিন, মো. সেলিম মিয়া, পরিতোষ দেওয়ান, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার, আবদুল কাইয়ুম সেন্টু, আবু ফয়সাল আহমেদ, শহিদুল হক জুয়েল, শাহিনুল হক, আলী আসগর নাসির, আকবর হোসেন রিদন, সোহেল রহমান, সুজিত কুমার ব্যানার্জি। তিন নারী কোচ হলেন-সাবিনা খাতুন, মিরোনা আক্তার ও জয়া।
টি-টোয়েন্টিতে নামার আগে বড় ধাক্কা ইংল্যান্ডের
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর কয়েক ঘন্টা আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড। সাইড স্ট্রেনের চোট নিয়ে গতকাল বৃহস্পতিবার) ছিটকে পড়লেন দলটির হার্ডহিটিং ওপেনার জেসন রয়।
সারের টপ অর্ডার এই ব্যাটসম্যান ইনজুরিতে পড়েন চলতি সপ্তাহে অনুশীলন করতে গিয়েই। বুধবার তার স্ক্যান করানো হয়, পরের দিন এলো দুঃসংবাদ। টি-টোয়েন্টি সিরিজটিতে আর খেলতে পারছেন না জেসন রয়। টেস্টের পর আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সব কটি ম্যাচ হবে ওল্ড ট্রাফোর্ডে।
ভারতের ৪৮ বছর বয়সী স্পিনারের ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
নিজের বর্ণিল ক্যারিয়ারে আরেকটি অর্জন যোগ করলেন ভারতের ৪৮ বছর বয়সী লেগস্পিনার প্রবীণ তাম্বে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে। এর মাধ্যমে সিপিএলে খুলে গেলো ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন এক দরজা।
বুধবার রাতে সেইন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের মূল একাদশে সুযোগ পেয়েছিলেন তাম্বে। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন, তাতে ১৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। সিপিএল খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন তাম্বেই। ২০১৩ সালে ৪১ বছর বয়সে প্রথমবারের মতো আইপিএলে খেলেছিলেন তাম্বে। তার আগপর্যন্ত সিনিয়র লেভেলে কোনো ক্রিকেট খেলেননি তিনি। আইপিএলে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার রেকর্ডটা তারই দখলে।
চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটি রোনালদোর
ক্রীড়া প্রতিবেদক
জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ভেঙেছে শেষ ষোলোতেই। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এজন্য দোষতে পারবেন না কেউ। লিঁওর বিপক্ষে যে ম্যাচ খেলে বাদ পড়ে জুভরা, সেই ম্যাচটিতে দলের দুই গোলই করেছিলেন পর্তুগিজ যুবরাজ।
কিন্তু ভাগ্য সহায় হয়নি। রোনালদোর জোড়া গোলে জয় মিললেও পরের রাউন্ডের টিকেট মেলেনি। অ্যাওয়ে গোলে তাদের পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠে যায় লিওঁ। তবে দলগত সাফল্য না আসলেও খেলোয়াড় রোনালদোর পারফরম্যান্স ভুলে যাননি সমর্থকরা। দর্শকদের চোখে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটি দিয়েছেন ‘সিআরসেভেন’ই। লিঁওর বিপক্ষে যেদিন বাদ পড়েছেন, সে ম্যাচে রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল রীতিমত চোখ ধাঁধানো। উয়েফার সমর্থক জরিপে সে গোলটিই পেয়েছে সবচেয়ে বেশি ভোট।
করোনা আক্রান্ত পল পগবা
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে ধরা পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন এই তথ্য।
ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার এখন ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। ফ্রান্স জাতীয় দলের জন্য এটা বড় এক ধাক্কা। ৫ সেপ্টেম্বর শনিবার ন্যাশনস লিগের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ রয়েছে সুইডেনের বিপক্ষে। তার তিনদিন পর লেস ব্লুসরা নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটো ম্যাচই মিস করবেন পগবা। তবে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে এই মিডফিল্ডারের। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ওপেনারে নামবে ইউনাইটেড।
প্রথম উয়েফা ইয়ুথ লিগ জিতলো রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইয়ুথ লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাঁসা ফাইনালে বেনফিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা।
উয়েফা ইয়ুথ লিগ শুরু হয় ২০১৩ সালে। শুরুর পর এবারই প্রথম ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের যুবা দল। আর প্রথমবারেই শিরোপা ঘরে তুলে স্প্যানিশ কাবটি। রিয়াল মাদ্রিদ জুভেনিল-এ দলের কোচ হয়ে আসার পর এটিই রাউলের প্রথম শিরোপা। এর আগে খেলেয়াড় হিসেবে ১৯৯৪-২০১০ পযর্ন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক স্ট্রাইকার।
চেলসিতে এলেন আরেক নতুন তারকা
ক্রীড়া প্রতিবেদক
আগামী মৌসুমের জন্য একের পর এক তারকা দলে ভেড়াচ্ছে চেলসি। এবার ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির ইংলিশ লেফ্ট-ব্যাক বেন চিলওয়েলের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে চেলসি।
২০২০/২১ মৌসুমের জন্য আয়াক্সের ২৭ বছর বয়সী উইঙ্গার হাকিম জিয়াচ এবং লিপজিগের ২৪ বছর বয়সী স্ট্রাইকার টিমো ওয়ার্নারের পর চিলওয়েলকে চুক্তিবদ্ধ করলো ব্লুজরা। চিলওয়েল বেড়ে ওঠেছেন লেস্টার সিটির একাডেমিতে। ২০১৫ সালে দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার। যদিও ফক্সেস’দের সঙ্গে চিলওয়েলের চুক্তি ছিল ২০২৪ সাল পযর্ন্ত। তবে তার আগেই চেলসির সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
সেরেনার হার : ছন্দে জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি প্রতিযোগিতা ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে এক সময়ে এগিয়ে থেকেও হারলেন সেরেনা উইলিয়ামস। তবে পুরুষদের সিঙ্গলসে কাঁধের যন্ত্রণা নিয়েও স্ট্রেট সেটে জিতলেন নোভাক জোকোভিচ।
১৩ নম্বর বাছাই ও বিশ্বের ২১ নম্বর মারিয়া সাক্কারির বিরুদ্ধে ৭-৫, ৬-৭ (৫-৭), ১-৬ ফলে সেরিনার হারের অন্যতম কারণ তার দ্রুত কান্ত হয়ে পড়া। ঠিক উল্টো ছবি এ বার যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে থাকা জোকোভিচের ম্যাচে। কাঁধের যন্ত্রণায় আগের ম্যাচেই দু’বার কোর্টে শুশ্রূষা করতে হয়েছিল বিশ্বের এক নম্বর জোকোভিচকে। কিন্তু এ দিন তিনি কোনও সার্ভিস না হারিয়ে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রিনকে।
পেছাল বায়ার্নের মৌসুম শুরুর ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
বাড়তি বিশ্রামের সুযোগ পেলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। জার্মান কাপের প্রথম রাউন্ডে ডুরানের বিপক্ষে তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বরের এই ম্যাচ দিয়েই ২০২০-২১ মৌসুম শুরু হওয়ার কথা ছিল হান্স ফিকের দলের। গত রোববার পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলটিকে বিশ্রামের সুযোগ দিতে গতকাল বৃহস্পতিবার ম্যাচটি পিছিয়ে দেওয়ার কথা জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। পঞ্চম সারির দলের বিপক্ষে ট্রেবলজয়ীদের ম্যাচটি হবে আগামী ১৫ অক্টোবর। আগামী ১৮ সেপ্টেম্বর বুন্ডেসলিগায় শালকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন।
অবসরে ইংলিশ ফুটবলার ব্যারি
ক্রীড়া প্রতিবেদক
খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেন প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইংলিশ ফুটবলার গ্যারেথ ব্যারি। ২০১৭-১৮ মৌসুম থেকে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে খেলছিলেন ব্যারি। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারের অবসরের খবরটি গতকাল বৃহস্পতিবার তারাই নিশ্চিত করেছে।
প্রায় দুই যুগের ক্যারিয়ারের ইতি টানা ব্যারিকে জীবনের নতুন ধাপের জন্য শুভকামনা জানিয়েছে তার সাবেক কাব ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা, সিটি ও এভারটনের হয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ৬৫৩ ম্যাচ খেলেছেন ব্যারি। করেছেন ৫৩ গোল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচ খেলা ব্যারি ক্যারিয়ারের শুরুতে অ্যাস্টন ভিলায় প্রায় এক দশক কাটিয়ে ২০০৯ সালে সিটিতে যোগ দেন। দলটির হয়ে ২০১২ সালে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ব্যারি খেলেছেন ওয়েস্ট ব্রুমে। দলটি এবার উঠে এসেছে প্রিমিয়ার লিগে।
চেলসিতে তরুণ ডিফেন্ডার মালং সাঁ
ক্রীড়া প্রতিবেদক
নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত চেলসি এবার তরুণ ডিফেন্ডার মালং সাঁর সঙ্গে চুক্তি করেছে।
২১ বছর বয়সী এই ফরাসি ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। আগের কাব নিসের সঙ্গে গত ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ‘ফ্রি এজেন্ট’ ছিলেন সাঁ। আগামী মৌসুম তিনি ধারে খেলবেন, তবে কোন কাবের হয়ে খেলবেন তা জানানো হয়নি। ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার সাঁ লিগ ওয়ানের দল নিসের হয়ে খেলেছেন ১১৯টি ম্যাচ। করেছেন তিন গোল।
বার্সায় এসেছি তারকা হতে
ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো খেলবেন ইউরোপের বড় কোনো কাবে। সেটাও আবার বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী দলে। তবে বড় মঞ্চে আলো ছড়াতে দারুণ আত্মবিশ্বাসী ফ্রান্সিস্কো ত্রিনকাও। কাতালুনিয়ার কাবটির হয়ে ইতিহাস গড়তে চান তরুণ এই পর্তুগিজ ফরোয়ার্ড।
ত্রিনকাওকে পেতে গত জানুয়ারিতে তার সেই সময়ের কাব ব্রাগার সঙ্গে সমঝোতায় পৌঁছায় বার্সেলোনা। চুক্তি অনুযায়ী, ১ জুলাই নতুন ঠিকানায় যোগ দেন তিনি। আনুষ্ঠানিকভাবে বুধবার তাকে গণমাধ্যমের সামনে আনে বার্সেলোনা। ২০ বছর বয়সী এই ফুটবলার বলেন, নতুন দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। নবম পর্তুগিজ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে খেলবেন ত্রিনকাও। স্বদেশি অন্যদের থেকে অনুপ্রেরণা নিলেও কাবটিতে নিজের ছাপ রাখতে চান তিনি।
বরখাস্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী
ক্রীড়া প্রতিবেদক
সাময়িক বরখাস্ত হয়ে থাকা থাবাং মোর চাকরি হারালেন। অসদাচরণের দায়ে এই প্রধান নির্বাহীকে বরখাস্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার সিএসএ জানায়, নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রি গোভেন্দার দায়িত্ব পালন করে যাবেন। গত ১৯ অগাস্ট নিয়োগ দেওয়া হয় তাকে। বোর্ড সদস্যদের অভিযোগের ভিত্তিতে গত ডিসেম্বরে সাময়িক বরখাস্ত করা হয় মোরকে। সিএসএ জানায়, নয় মাসের তদন্তে তার বিরুদ্ধে মিলেছে মারাত্মক অসদাচরণের প্রমাণ।
টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন ফিঞ্চ
ক্রীড়া প্রতিবেদক
আগামী তিন বছরে বসবে সীমিত ওভার ক্রিকেটের তিনটি বিশ্বকাপ। আবার টেস্ট দলের দরজায় কড়া নাড়ছে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার। সব মিলে বাস্তবতা খুব ভালোভাবেই বুঝতে পারছেন অ্যারন ফিঞ্চ। প্রেক্ষাপট বিবেচনায় অস্ট্রেলিয়ার হয়ে আবার টেস্ট খেলার তেমন সম্ভাবনা দেখছেন না দেশটির ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
লম্বা সময় ধরে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ওপেনার ফিঞ্চ এখন পর্যন্ত টেস্ট খেলেছেন কেবল পাঁচটি। সবগুলিই ২০১৮ সালের শেষ তিন মাসে, যখন বল টেম্পারিং কা-ে নিষিদ্ধ ছিলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। লাল বলে অভিষেকটা অবশ্য ভালোই হয়েছিল। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ৬২ ও ৪৯ রান। পরের টেস্টে ৩৯ ও ৩১। তবে নিজের পরের তিন টেস্টে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ব্যাটিং গড় ছিল কেবল ১৬.১৬। বাদ পড়েন সিরিজের শেষ টেস্টে। এরপর আর সুযোগ পাননি পাঁচ দিনের ক্রিকেটে। এই সময়ে প্রথম শ্রেণির ম্যাচই খেলেছেন কেবল পাঁচটি। সীমিত ওভারের সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফরে থাকা ৩৩ বছর বয়সী ফিঞ্চ বুধবার বলেন, তিনি ধরে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ার একরকম শেষ।











































