ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ জাতীয় প্রাথমিক দলের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তার লক্ষ্যে এই প্রশিক্ষণকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে।
ইফেতেখার হোসেন ইফতি ছাড়া ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের বাকি সব সদস্য ইতোমধ্যে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। এর আগে তারা সকলেই করোনা পরীক্ষায় উন্নীত হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। সেখান থেকেই কোচরা চূড়ান্ত স্কোয়াড বাছাই করে নেবেন। বাকিদের স্কোয়াড থেকে সরিয়ে দেয়া হবে। ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি বলেছেন, তিনটি ভিন্ন ভিন্ন অংশ বিভক্ত করা হয়েছে গোটা প্রশিক্ষণ কার্যক্রমকে।
ক্রিকেট বোর্ডের মাধ্যমে এক ভিডিও বার্তায় অপি বলেন, ‘আমাদের এই ক্যাম্পটি তিনটি ভিন্ন ভিন্ন পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা ছেলেদের সুনির্দিষ্ট দক্ষতা নিয়ে কাজ করব। এই পর্বে পেসার, স্পিনার ও ব্যাটসম্যানদের জন্য থাকছে ৫ দিনের স্কিল প্রশিক্ষণ। এরপর শুরু হবে আট দিনের নেট সেশন। এই দুই পর্বে ছেলেরা নিজেদের মুল্যায়ন করতে পারবে বলে আশা করছি।’ ‘তৃতীয় ও চূড়ান্ত পর্বে আমরা প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের সমন্বয়ে তিনটি দল তৈরি করব এবং তাদেরকে নিয়ে কয়েকটি ম্যাচের আয়োজন করব। যা আমাদেরকে চুড়ান্ত দল গঠনে সহায়তা করবে।’
এদিকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ শুরুর সুযোগ পেয়ে দারুণ খুশি ভবিষ্যতের তারকারা। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ী স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল বলেন, ‘এখানে আবার ফিরতে পারাটা ভালো হয়েছে। এটি আমাদের জন্য দারুণ সুযোগ। এই উদ্যোগ গ্রহণের জন্য আমি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি সংবাদমাধ্যমকে আরো বলেন, ‘করোনা মহামারীর কারণে আমরা প্রশিক্ষণ নিতে পারিনি। এই ক্যাম্প আয়োজনের কৃতিত্ব অবশ্যই বিসিবির প্রাপ্য। প্রস্তুতির জন্য সব ধরনের সুযোগ সুবিধাই এখানে রয়েছে। ফলে মহামারীজনিত কারণে আমাদের যেটুকু ঘাটতি হয়েছে সেটি পুষিয়ে নেয়া যাবে।’ তার সঙ্গে সুর মিলিয়ে সতীর্থ রিহাদ খান বলেন, ‘একত্রে অনুশীলন করাটা বেশ ভালো দিক। কঠোর এই অনুশীলনের মাধ্যমে আমাদের মধ্যে যেটুকু ত্রুটি বিচ্চুতি রয়েছে তা সংশোধন করা সম্ভব হবে।’
কোচদের কোচ হওয়ার পরীক্ষা তাদের
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় কোচ হিসেবে তাদের অনেকেই ডাগ আউটে দাঁড়িয়ে ছাত্রদের নির্দেশনা দিয়ে থাকেন, আবার কেউ কাজ করছেন ফুটবলের অন্য শাখায়। তবে এবার নতুন পরীক্ষায় বসতে যাচ্ছেন তারা। এএফসি কোচ এডুকেশন কোর্স, যেটি শুরু হচ্ছে কাল থেকে। অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন পর্যায়ের ২০ কোচ। এই কোর্সে সফল হতে পারলেই দেশে নতুন কোচদের অন্তত ‘সি’ লাইসেন্স পেতে নির্দেশক হিসেবে কাজ করার সুযোগ পাবেন তারা। দিতে পারবেন কোচদের কোচ হওয়ার দীক্ষা।
এএফসি কোচ এডুকেশন কোর্স শুরু হতে যাচ্ছে অনলাইনে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি থাকবেন কোর্সের প্রধান হিসেবে। কোর্সে অংশ নিতে যাওয়া দেশের বিভিন্ন পর্যায়ের ২০ জন কোচের মধ্যে অন্যতম মাহববু হোসেন রক্সি, সাঈদ হাসান কানন, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার, আব্দুল কাইয়ুম সেন্টু, আবু ফয়সাল আহমেদ, সুজিত কুমার ব্যানার্জি, জয়া চাকমা, মিরোনা ও সাবিনা খাতুন। দুই ধাপে হবে এই প্রশিক্ষণ। নভেম্বরে হবে দ্বিতীয় ধাপের কাস। এই প্রশিক্ষণ থেকে উত্তীর্ণ হতে পারলে ভবিষ্যৎ কোচদের নির্দেশক হিসেবে কাজ করতে পারবেন মিন্টু-জয়ারা। যারা কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান, তাদের কাস নেওয়ার সুযোগ থাকবে।
এই কোর্সে অংশ নিতে যাওয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেছেন, ‘এখন বাসায় বসে আছি। তাই কোর্সটা করে রাখছি। ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে তৃণমূলের কোচদের শেখানোর সুযোগ থাকবে।’
শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটুর ইন্সট্রাক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, যত স্থানীয় কোচ ইন্সট্রাক্টর হিসেবে আসবে তত ভালো হবে। দেশের ফুটবলে কোচদের তখন কোচিং লাইসেন্স পেতে সুবিধা হবে। সবারই তখন তৃণমূলে কাজ করার সুযোগ বাড়বে।’
ফুটবলারদের কথা শুনলো লিগ কমিটি
ক্রীড়া প্রতিবেদক
নতুন মৌসুম কবে শুরু করবে বাফুফে, তা নিয়ে তারা দফায় দফায় আলোচনা করছে কাব ও ফুটবলারদের সঙ্গে। প্রথমে কাবগুলোর সঙ্গে আলোচনার পর গতকাল মঙ্গলবার ফুটবলারদের সঙ্গে বসেছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। সেখানে পরিত্যক্ত মৌসুমের ফুটবলারদের অমীমাংসিত বিষয়গুলোর কথা শুনেছেন লিগ কমিটির কর্মকর্তারা।
নতুন মৌসুমের দলবদল শুরুর আগেই পরিত্যক্ত মৌসুমের ফুটবলারদের পাওনা পরিশোধ করতে কাবগুলোকে বলবে লিগ কমিটি। সভা শেষে প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘আমরা প্রথমে কাবগুলোর কথা শুনেছিলাম। এখন শুনলাম ফুটবলারদের কথা। তারা কিছু প্রস্তাব দিয়েছে। এগুলো কাবকে জানানোর জন্য আবার বসব। তারপর লিগ কমিটির সভা করে নতুন মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত করব।’
শ্রীলঙ্কা সফরে ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান
ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এক দশকের বেশি সময় নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাকমিলান। তিন ফরম্যাট মিলিয়ে ৮হাজারের উপরে রান করেছেন। খেলোয়াড়ী জীবনের পর ম্যাকমিলান কোচিং পেশায় যুক্ত হন। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে ক্যানটারবেরি, মিডলসেক্স ও আইপিএলে কিংস ইলাভেন পাঞ্জাবের কোচের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন টেস্ট হবে অক্টোবর-নভেম্বরে। গত জুলাইয়ে এ সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই বোর্ড সিরিজ স্থগিত করে। সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। সেখানেই একমাস চলবে প্রস্তুতি। বাংলাদেশ দলের সঙ্গে ম্যাকমিলান যোগ দেবেন শ্রীলঙ্কায়।
ব্রিটিশ কোচ শেন লিনই আসছেন মোহামেডানে
ক্রীড়া প্রতিবেদক
নতুন ফুটবল মৌসুম কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত নয়। বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দলবদল শুরুর লক্ষ্যে কাব ও ফুটবলারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
যখনই শুরু হোক, নতুন ফুটবল মৌসুমে মোহামেডানের ডাগআউটে দাঁড়াতে আবার আসছেন ব্রিটিশ কোচ শেন লিন। নতুন করে চুক্তি না হলেও কাব ও শেন লিন মৌখিকভাবে সম্মত একসঙ্গে কাজ করতে। একটি তারুণ্য নির্ভর দল নিয়ে গত মৌসুম ভালোই খেলেছিল মোহামেডান। বিশেষ করে প্রিমিয়ার লিগে সাদা-কালোদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। মাঝপথে পরিত্যক্ত হওয়া লিগে মোহামেডান ৬ ম্যাচ খেলেছিল। এর মধ্যে বসুন্ধরা কিংস ও শেখ রাসেলকে হারিয়েছিল সাদা-কালোরা। তবে আবাহনীর বিরুদ্ধে বাজেভাবে ৪-০ গোলে হেরেছে।
ডাচ সুপার গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই দুঃসময়ে দাবার বোর্ড নিয়ে সরাসরি খেলার সুযোগ কোথায়! তাই অনলাইনই বড় ভরসার জায়গা। কিছুদিন আগে হয়েছে দাবা অলিম্পিয়াড। তারই ধারাবাহিকতায় হওয়া কাতারা আন্তর্জাতিক বুলেট দাবা ইভেন্টে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান পেয়েছেন বড় সাফল্য। এক রাউন্ডে বাংলাদেশি দাবাড়ু হারিয়েছেন নেদারল্যান্ডসের ২৭৬৪ রেটিং প্রাপ্ত সুপার গ্র্যান্ডমাস্টার আনিস গিরিকে।
কাতারা চেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনলাইন প্লাটফর্ম লিচেস ডট অর্গে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। সোমবার দিবাগত রাতে দ্বিতীয় বাছাইয়ে ফাহাদ অষ্টম খেলায় গ্র্যান্ডমাস্টার আনিস গিরির বিরুদ্ধে জয় পেয়েছেন ৫৭ চালে। দ্বিতীয় পর্বে ফাহাদ ৪৯ খেলায় ৭৮ পয়েন্ট পেয়ে ২৬০৬ জন খেলোয়াড়ের মধ্যে হয়েছেন ৮২তম। তৃতীয় পর্বেও বাংলাদেশি এ দাবাড়ু কয়েকজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন। যাদের মধ্যে অন্যতম রাশিয়ার এন্টোন ডেমচেনকো। তৃতীয় পর্বে ফাহাদ ৫৪ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে ৫,০৪১ জনের মধ্যে হয়েছেন ১০৭তম।
বেতন বাড়ছে সালমা-জাহানারাদের
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিসিবি’র নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল চৌধুরী।
তিনি জানিয়েছেন, নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ ফি এবং বেতন বাড়ানোর জন্য তারা বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পুরুষ ক্রিকেটারদের তুলনায় অনেক কম। পুরুষ ক্রিকেটাররা টেস্ট ম্যাচ ফি বাবদ পান ৬ লাখ টাকা, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পান যথাক্রমে ৩ ও ২ লাখ টাকা। অন্যদিকে নারী ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচ ফি বাবদ পান মাত্র ১০০ মার্কিন ডলার (প্রায় ৮৫০০ টাকা)। টি-টোয়েন্টিতে তো আরও কম। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জাহানারাদের ম্যাচ ফি মাত্র ৭৫ মার্কিন ডলার (প্রায় ৬ হাজার ৪০০ টাকা)।
নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানো হবে ঠিকই, কিন্তু তা কিছুতেই পুরুষ ক্রিকেটারদের সমকক্ষ করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন শফিউল আলম নাদেল চৌধুরী। তিনি বলেন, ‘পুরুষ ও নারী ক্রিকেটের মধ্যে পার্থক্য অনেক বড় এবং এটা স্বীকার করে নিতেই হবে। ফলে পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো সম্ভব নয়। ’
৬০০ উইকেটের চূড়ায় অ্যান্ডারসন
ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস হাতছানি দিচ্ছিল সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরুর আগেই। কিন্তু অত কাছেও ছিলেন না। ৫৯৩ উইকেট নিয়ে এই টেস্টটি শুরু করেছিলেন জেমস অ্যান্ডারসন। অর্থাৎ দুই ইনিংসে ৭ উইকেট পেতে হতো। একটি কম হলেও আরেকটি সিরিজ পর্যন্ত অপেক্ষা।
কিন্তু ইংলিশ পেসারের যেন তর সইল না। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টটাতেই মাইলফলকে পা রাখলেন। আজহার আলিকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার যিনি ৬০০ উইকেটের কাবে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এখন টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ অবস্থানে। অ্যান্ডারসনের সামনে থাকা তিনজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সিংহাসনে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন, তার উইকেটসংখ্যা ৭০৮টি। অ্যান্ডারসনের কাছাকাছি আছেন ভারতের সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে। ৬১৯ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে তিনি। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন যেভাবে খেলে চলেছেন, তাতে কুম্বলেই নন, ওয়ার্নও নিশ্চয়ই ভয়ে আছেন।
দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হ্যারিস
ক্রীড়া প্রতিবেদক
আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের আসরটি। টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই প্রস্তুতি নিচ্ছে জোরেসোরে।
তবে বোলিং কোচের পদটি খালিই পড়ে ছিল আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের। অস্ট্রেলিয়ান জেমস হোপস ২০১৮ এবং ২০১৯ মৌসুমে এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। অবশেষে হোপসের স্থলাভিষিক্তের নাম ঘোষণা করলো দিল্লি। নতুন বোলিং কোচ হিসেবে তারা বেছে নিয়েছে আরেক অস্ট্রেলিয়ান-রায়ান হ্যারিসকে। ৪০ বছর বয়সী সাবেক অসি পেসার দেশের হয়ে ২৭টি টেস্ট, ২১ ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
কলকাতা নাইট রাইডার্সের কোচ ডোনাল্ডসন
ক্রীড়া প্রতিবেদক
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দলগুলোর কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে। ছয়টি মাস মাঠের বাইরে ছিলেন ক্রিকেটাররা, তাদের ফিটনেস ফিরে পাওয়া এবং ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জকে সামনে রেখে অলিম্পিক স্প্রিন্টার ক্রিস ডোনাল্ডসনকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুইবারের আইপিএলজয়ী কলকাতা তাদের পাঁচ বছরের শিরোপা খরা কাটানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে এবার। সেই লক্ষ্যে দিনেশ কার্তিকের নেতৃত্বে ব্যালেন্সড দলই গড়েছে কেকেআর।
লঙ্কান প্রিমিয়ার লিগে থাকবে পাকিস্তানের দল
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই নিজেদের একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে চলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সে ধারাবাহিকতায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নামে নতুন একটি টুর্নামেন্ট শুরুর ব্যাপারে অনেকদূর এগিয়ে গেছে এসএলসি। তবে করোনাভাইরাসের কারণে এখনও উদ্বোধন হয়নি এ টুর্নামেন্টের।
আশা করা হচ্ছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে শুরু হবে এলপিএল। এ লিগটি শ্রীলঙ্কার হলেও, এতে পাকিস্তানের একটি দল অংশ নেবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে। বর্তমানে এলপিএলের জন্য পাঁচটি দল চূড়ান্ত হয়ে আছে। এর সঙ্গে ষষ্ঠ একটি পাকিস্তান থেকে অংশ নিতে পারে।
ডাম্বুলা হকস, গল ডলফিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়নস এবং ক্যান্ডি তাস্কার্স; এ পাঁচটি দল অংশ নেবে এলপিএলে। পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। প্রতিটি দল সর্বোচ্চ ৮টি থেকে সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলতে পারবে। তবে পাকিস্তান থেকে কোনো দল এলে, বদলে যাবে টুর্নামেন্টের ফরম্যাট, বাড়বে ম্যাচসংখ্যা।
পিএসজির লিগ ম্যাচ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
প্যারিস সেন্ত জার্মেইয়ের আগের মৌসুম শেষই হয়নি, তার আগেই শুরু হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। প্যারিসের কাবটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় তাদের লিগের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল আগেই। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করার কথা ছিল পিএসজির। তবে সেই ম্যাচও স্থগিত করা হয়েছে। লিগ শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারা দলটির।
৩ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০-২১ মৌসুম শুরু করার কথা ছিল পিএসজির। তাতে লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর নতুন মৌসুমের জন্য তারা সময় পেতো মাত্র ৬ দিন। এই অল্প সময়ে গুছিয়ে ওঠাটা সহজ ব্যাপার নয়। এর ওপর আবার আছে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারানোর হতাশা। সবদিক বিবেচনা করে ফরাসি লিগ কর্তৃপক্ষ স্থগিত করেছে পিএসজির লিগ ওয়ানের প্রথম ম্যাচ। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা।
মুক্তি মিললো রোনালদিনহোর
ক্রীড়া প্রতিবেদক
সুখবরই দিলেন রোনালদিনহো। জাল পাসপোর্ট নিয়ে ভাই রবার্তোর সঙ্গে প্যারাগুয়েতে অনুপ্রবেশ করেছিলেন। যে অভিযোগে আটক হয়ে একমাস কেটেছে কারাগারে। তার পর ভাইসহ গত এপ্রিল থেকে গৃহবন্দী ছিলেন আসুনসিওনের একটি হোটেলে। অবশেষে ভাইসহ মুক্তি মিলেছে ৪০ বছর বয়সী সাবেক ব্রাজিলিয়ান এই তারকার।
সোমবার দুই ভাইকে মুক্তি দিয়েছেন প্যারাগুয়ের বিচারক গুস্তাভো আমারিল্লা। দুই ভাই মুক্তি পেলেও ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ডলার দিতে বাধ্য থাকবেন। যেখানে রোনালদিনহোকে দিতে হবে ৯০ হাজার আর তার ভাইকে দিতে হবে ১ লাখ ১০ হাজার ডলার। ব্রাজিলিয়ান সাবেক তারকা পুরোপুরি মুক্ত হলেও তার ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি তেমন থাকছে না। রবার্তোর ক্ষেত্রে দেওয়া হয়েছে দুই বছরের বিলম্বিত সাজা। ফলে বিষয়টি অপরাধমূলক নথিতে অন্তর্ভুক্ত থাকবে। এই কারণে রবার্তো ব্রাজিল পৌঁছালে দেশ ছেড়ে যেতে পারবেন না দুই বছর। আর এই সময়ে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কাছে রিও ডি জেনেইরোতে হাজিরাও দিতে হবে তাকে।
ক্রিকেটকে বিদায় জানালেন থারাঙ্গা
ক্রীড়া প্রতিবেদক
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট ওপেনার থারাঙ্গা পারাভিতানা। লঙ্কানদের হয়ে ৩২ টেস্টে ৩২.৫৮ গড়ে ১৭৯২ রান করেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে সিংহলিজ স্পোর্টস কাবের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখানোর পর তখনকার লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের অধীনে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পারাভিতানার। ২০০৭-০৮ মৌসুমে ডাবল সেঞ্চুরির ও ৮৯৩ রান করে দলকে ঘরোয়া শিরোপা জিততে সাহায্য করেন তিনি। টেস্টে ২টি সেঞ্চুরি করেছেন ৩৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০১০ সালে ভারতের বিপক্ষে সিরিজে এই ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। পারাভিতানাকে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে দেখা গেছে ঘরের মাটিতে, ২০১২ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে।










































