Home খেলাধুলা দীর্ঘমেয়াদী ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

দীর্ঘমেয়াদী ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

9

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী সেপ্টম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। তবে এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং কোচ। টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই শ্রীলঙ্কা সফরে কে হচ্ছেন ব্যাটিং কোচ, সেটাই এখন বড় প্রশ্ন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এবার দীর্ঘমেয়াদের জন্য ব্যাটিং কোচ খুঁজছে তারা।
গতকাল রবিবার সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানান, ইতোমধ্যে তিন থেকে চারজনের সঙ্গে কথা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এবার বিসিবি দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় জানিয়ে আকরাম খান বলেন, ‘ম্যাকেঞ্জি যখন আমাদের জানিয়েছে যে, তিনি আর আমাদের সঙ্গে থাকছেন না, তখন থেকেই আমরা ব্যাটিং কোচ খুঁজছি। তো তিন-চারজনের নাম এসেছে। যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে ওকে আমরা নেবো। আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা ৭-৮ দিনের মধ্যে কথা বলে বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা দীর্ঘমেয়াদের জন্যই ভাবছি। ’
২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যাকেঞ্জি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। এরপর বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়ে আরও দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত করে। তবে করোনার কারণে দীর্ঘ বিরতির পর আর দলের সঙ্গে যোগ দিতে রাজি হননি তিনি। পরিবারকে সময় দিতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যাকেঞ্জি।

অধিনায়কের ব্যাটে লড়াই করছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

চরমতম লজ্জার মুখে পড়ে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়ে হারাচ্ছিল একের পর এক উইকেট। ইংল্যান্ডের করা ৫৮৩ রানের জবাবে না খুব দ্রুত অলআউট হয়ে আবার ব্যাট করতে নামতে হয় এবং নাকি ইনিংস পরাজয় ঘটে এই শঙ্কায় যখন প্রহর গুনছিল সমর্থকরা, তখন অধিনায়ক আজহার আলির ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
২৪ রানে ৩ উইকেট, ৩০ রানে ৪ উইকেট এবং ৭৫ রানে ৫ উইকেট পড়ার পর পাকিস্তানের ব্যাটিংয়ের তো আর কিছুই থাকার কথা নয়। কিন্তু এই পরিস্থিতিতে ইংলিশ পেসারদের আগুনে বোলিংয়ের মুখে রুখে দাঁড়িয়েছেন আজহার আলি। তবে আজহার আলি সঙ্গে পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে। মূলতঃ এই দু’জনের দৃঢ়তায় ধীরে ধীরে লজ্জা কাটিয়ে উঠছে পাকিস্তান। যদিও এখনও ইংল্যান্ডের চেয়ে অনেক দুরে। তবুও, সফরকারী পাকিস্তানের সম্মান রক্ষার কাজ করছেন আজহার আলিরা। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৬৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান। ৯০ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক আজহার আলি এবং ৪০ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। জেমস অ্যান্ডারসন একাই নিয়েছেন ৪ উইকেট। ১টি উইকেট নিয়েছেন ডোম বেজ।
এর আগে ম্যাচের দ্বিতীয় দিন শেষ বিকেলে তারা ব্যাট করেছে মাত্র ১০.৫ ওভার। ২৪ রান তুলতে হারিয়েছে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে। ওপেনার শান মাসুদ আউট হয়েছেন ৪ রান করে। আবিদ আলি আউট হন ১ রান করে। বাবর আজম করেন ১১ রান। ৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেও বিপর্যয় রোধ করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। দিনের শুরুতে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন আসাদ শফিক। তিনি করেন মাত্র ৫ রান। একে একে প্রতিষ্ঠিত চার ব্যাটসম্যানকে হারিয়ে এখন দারুণ বিপর্যয়ে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন আজহার আলি এবং ফাওয়াদ আলমের জুটি। ১১ বছর পর দলে ফেরা ফাওয়াদের কাছে প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু ৭৪ বল মোকাবেলায় ২১ রান করে বিদায় নেন ফাওয়াদ। ডোম বেজের বলে উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দেন তিনি।

বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

এক বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার সময় ঘনিয়ে এসেছে সাকিব আল হাসানের। যেখানে ভর্তির সুবাদে পেয়েছিলেন প্রতিভা বিকাশের সুযোগ, ক্রিকেটার হওয়ার আলোকবর্তিকা; সেই বিকেএসপিতে সাকিব আল হাসান ফিরছেন আবার। কিশোরবেলা যেখানে কেটেছে সেখান থেকেই এ অলরাউন্ডার শুরু করতে চান ক্রিকেটে ফেরার প্রস্তুতি।
সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৮ অক্টোবর। তার আগেই তৈরি করতে চান নিজেকে। অনুশীলনের জন্য আদর্শ জায়গাটিই বেছে নিয়েছেন তিনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিকেএসপির ছায়াশীতল পরিবেশে ব্যক্তিগত অনুশীলনের জন্য আবাসিক ক্যাম্প করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। পরিবারের সবাইকে নিয়ে সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে। করোনার শুরু থেকেই সেখানে তিনি। মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। কিছুদিন আগে সাকিবের মাও বেড়াতে গেছেন সেখানে। সবাইকে নিয়ে সাকিব দেশে ফিরবেন এ মাসের শেষের দিকে। টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুর হতে পারে বলে জানিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে একই ভেন্যুতে হবে দুই টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে ২৪ অক্টোবর। অবশ্য সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিন ম্যাচ সিরিজের দু’টি টেস্ট একই ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রবিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। করোনার সময় ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার ঝুঁকি নিচ্ছে না আয়োজক দেশ। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেটা দেখা গেছে। চলমান ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও যেটা পরিলক্ষিত হচ্ছে। তিন টেস্টের দু’টিই হচ্ছে একই ভেন্যুতে। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজেও সেটাই হবে।

শ্রীলঙ্কা যেতে পারছেন না বিশ্বজয়ী দুই যুবা

ক্রীড়া প্রতিবেদক

সবার জানা, জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় আগেভাগেই জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সঙ্গে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা যাবে এইচপি বহর।
জাতীয় দলের সঙ্গে একই ফাইটে করে কলম্বো যাবে এইচপির খেলোয়াড়রা এবং বহরে থাকবে ২৬ জন। সেই দলে থাকবেন বিশ্ব বিজয়ী যুব দলের বেশ কজন সদস্য। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন বিশ্বজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীসহ অন্তত ১২ থেকে ১৪ জন ক্রিকেটারের ঐ দলে থাকার সম্ভাবনা খুব বেশি। যেখানে বিশ্বজয়ী যুব দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয় ও অলরাউন্ডার শামিম পাটোয়ারির নামও ছিল। কিন্তু এখনের খবর হলো, তারা দুজন থাকছেন না শ্রীলঙ্কা সফরের দলে। নাহ ইনজুরি বা অসুস্থতার কারণে নয়; তৌহিদ ও শামিমের শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না অন্য কারণে। তারা আইসিসির নিষেধাজ্ঞায় আছেন।


ক্রীড়া সংগঠক চপল করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের থাবায় ক্রীড়াঙ্গনে একের পর আক্রান্ত হচ্ছেন অনেকে। বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তারা এই তালিকায় আছেন। সবশেষ করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল। গত শনিবার করোনা পরীক্ষা করে আজই তার ফল পেয়েছেন তিনি।
আপাতত এই ক্রীড়া সংগঠক বাসায় বিশ্রামে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাও চলছে। বাংলা ট্রিবিউনকে শারীরিক অবস্থা নিয়ে চপল বলেছেন, ‘আর্চারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি। কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। এখন যদিও তেমন কোনও জটিলতা নেই। বাসাতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’

তৃতীয় দল হিসেবে ইংল্যান্ডে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সবার আগে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছিল তারা। ক্যারিবীয়দের বিপক্ষে এরই মধ্যে শেষ করে ফেলেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড গিয়েছিল পাকিস্তান। যাদের সঙ্গে এখন টেস্ট সিরিজ চলছে ইংলিশদের।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাবর আজমদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর বসে থাকার সুযোগ নেই ইংলিশ ক্রিকেটারদের। কারণ, তৃতীয় দল হিসেবে এরই মধ্যে ইংল্যান্ড গিয়ে অপেক্ষা করতে শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্টিভেন স্মিথরা। এ উদ্দেশ্যে গতকাল রবিবার দেশ ছেড়েছে অস্টেলিয়া ক্রিকেট দল। আগামী ৪ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। করোনার কারণে জৈব নিরাপত্তা বেষ্টনিতে সমস্ত প্রোটোকল মেনে এবং ফাঁকা গ্যালারিতেই অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলি।

আর্সেনালে যোগ দিলেন এডিন

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডসের টিনএজার মিডফিল্ডার সালাহ এডিনকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাব আর্সেনাল। ১৭ বছর বয়সী এডিনকে ফ্রি ট্রান্সফারেই পেয়ে গেছে আর্সেনাল। তবে ইংলিশ কাবটিতে পেশাদার চুক্তি করেছেন এডিনকে, ২০২০-২১ মৌসুমে আর্সেনালের মূল দলে খেলার জন্য বিবেচিত হবেন তিনি।
প্রাথমিকভাবে আর্সেনাল একাডেমিতে যোগ দিয়েছেন এডিন এবং এরই মধ্যে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। শনিবার নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে সালাহর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা জানিয়েছে গানাররা। এডিনকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে খানিক চতুরতার আশ্রয় নিয়েছে আর্সেনাল। টুইটারে এমনভাবে ঘোষণা দিয়েছে যেন লিভারপুল থেকে মিশরিয়ান তারকা মোহামেদ সালাহকে দলে ভিড়িয়েছে তারা। তবে সে টুইটের সঙ্গে দেয়া বিবৃতিতেই অবশ্য সব ধোঁয়াশা পরিষ্কার করেছে কাবটি।

প্রধান নির্বাচকের দায়িত্ব হারাচ্ছেন মিসবাহ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের ক্রিকেটে নতুন মাত্রা এনেছিলেন মিসবাহ উল হক। দেশটির ক্রিকেটে প্রথমবারের মতো একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে মিসবাহকে। সেখানে আসবেন নতুন এক মুখ। নাম না বললেও জানিয়েছেন, নতুন প্রধান নির্বাচক হবেন জনপ্রিয় এক সাবেক ফাস্ট বোলার ক্রিকেটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ গত সেপ্টেম্বরে নতুন এ যুগের সূচনা করেছিলেন। কিন্তু তার এই দ্বৈত দায়িত্বের যুগ এক বছরের বেশি দীর্ঘ হচ্ছে না। ইংল্যান্ড সিরিজ শেষে তাকে এই পদ ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন পিসিবির সেই কর্মকর্তা।

হিগুয়েন-দিবালাকে ছেড়ে দেবে জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ মৌসুমে জুভেন্টাসকে সিরি আ শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা ছিল পাউলো দিবালার। মৌসুম শেষে পেয়েছেন সিরি আ এর সেরা ফুটবলারের তকমাও। অথচ নতুন মৌসুম শুরুর আগে দিবালার জুভেন্টাসে না থাকার গুঞ্জন ভাসছে। একই ভবিষ্যতের পথে আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন এবং জার্মান ফুটবলার সামি খেদিরার সামনে।
সর্বশেষ মৌসুমে ইতালিয়ান সিরি আ লিগ জিতলেও আর কোনো শিরোপা নিজেদের করে নিতে পারেনি জুভেন্টাস। এদিকে চ্যাম্পিয়নস লিগে ছিটকে যায় শেষ ষোলো থেকে। এমন ব্যর্থতার পর কোচ মাউরিসিও সাররিকে বদলে আন্দ্রে পিরলোকে নতুন দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব নেওয়ার পর নিজের মতো করে দল গুছিয়ে নেওয়ার কথা জানান পিরলো। আর সেক্ষেত্রে নিজের পরিকল্পনার বাইরে কাউকে কাবে রাখার পরিপন্থি নয় পিরলো। আর সেই ধারাতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, গনজালো হিগুয়েন এবং জার্মান মিডফিল্ডার সামি খেদিরার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস তাদের ছেড়ে দিতে চায় বলে খবর উঠেছে। তবে এদের মধ্যে খেদিরা এবং হিগুয়েনের সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা ইদানীংকালে আসবে বলে দাবি করছে কয়েকটি সংবাদ মাধ্যম।

ডাবলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ক্রলি

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৬৭ রানের নান্দনিক ইনিংস খেলেছেন জ্যাক ক্রলি। এই ইনিংসের কল্যাণে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে অষ্টম টেস্ট খেলতে নেমেছেন ক্রলি। আগের ৭ টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপ দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ক্রলি। ইংল্যান্ডের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন ক্রলি। রান বিবেচনায় দিয়ে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বের মধ্যে সপ্তম স্থানে ক্রলি। ১৯০৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ২৮৭ রানে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের টিপ ফস্টার। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্স। ১৯৫৮ সালে কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ট্রিপলে রুপ দিয়ে অপরাজিত ৩৬৫ রান করেছিলেন সোবার্স। বিশ্বের পঞ্চম ও দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কম বয়সে টেস্টে ডাবল-সেঞ্চুরি করলেন ক্রলি।

আইসিসি’র হল অব ফেমে ক্যালিস-আব্বাস

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি’র হল অব ফেমে অভিষিক্ত হয়েছেন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার সাবেক এ তারকা অলরাউন্ডার একা নন। তার সঙ্গে এই সম্মাননায় ভূষিত হয়েছেন জহির আব্বাস ও লিসা স্থালেকরও।
প্রোটিয়া লিজেন্ড ক্যালিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালে। আইসিসি’র নিয়ম অনুযায়ী সর্বশেষ খেলা আন্তর্জাতিক ম্যাচ থেকে পাঁচ বছর পর হল অব ফেমে জায়গা করে নিতে পারেন ক্রিকেটাররা। এ দিক থেকে যোগ্যতা অর্জনের পর যতদ্রুত সম্ভব সম্মাননাটা পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস। ১৯৬৯-১৯৮৫ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলা জহির আব্বাস ষষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের পর হল ফেমে ঢুকলেন। বেলিন্ডা কার্ক, বেটি উইলসন, কারেন রোল্টন ও ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের পর পঞ্চম অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ও সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ২৭তম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন লিসা স্থালেকর।

ফিরেই জয়ের দেখা পেলেন মারে

ক্রীড়া প্রতিবেদক

এটিপি ট্যুর টেনিসে ফিরেই জয়ের দেখা পেলেন অ্যান্ডি মারে। তিন সেটের এ জয়ে ব্রিটিশ টেনিস সুপারস্টার পৌঁছে গেলেন ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে।
নিউইয়র্কের ফাশিং মিডোসে প্রথম রাউন্ডের লড়াইয়ে দুইবারের চ্যাম্পিয়ন মারে ৭-৬ (৮-৬), ৩-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে। নয় মাসের মধ্যে এটিই মারের প্রথম এটিপি ট্যুর ম্যাচ।পরের রাউন্ডে তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্কটিশ মেগাস্টার মারে লড়বেন পঞ্চম বাছাই জার্মান প্রতিপক্ষ আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে। ১৬তম বাছাই ইউক্রেনের ২০ বছরের তরুণী ডায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ৫-৭, ৬-২ ও ৭-৫ গেমে হার মেনেছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস। ৩১ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। তার ওয়ার্ম-আপ হিসেবে একই ভেন্যুতে হচ্ছে এই টুর্নামেন্ট।

দ্বিতীয় টেস্টেও করোনায় পজিটিভ নিশিকোরি

ক্রীড়া প্রতিবেদক

ইউএস ওপেন কোর্টে গড়াতে এখন মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এমন সময়ে খারাপ খবর পেলেন কেই নিশিকোরি। দ্বিতীয় করোনা টেস্টেও পজিটিভ হয়েছেন এ জাপানি টেনিস তারকা। ২০১৪ ইউএস ওপেনের রানার-আপ নিশিকোরি আইসোলেশনে রয়েছেন গত সপ্তাহান্ত থেকে। যে কারণে ৩০ বছরের এ খেলোয়াড় মিস করছেন সিনসিনাটি মাস্টার্স।
গত ১৬ আগস্ট প্রথম পরীক্ষায় পজিটিভ হন। শুক্রবার দ্বিতীয় টেস্টেও নিশিকোরির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনে খেলতে হলে দুইবার করোনা টেস্টে উত্তীর্ণ হবে। অন্তত দুইবার টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে। ৩১ আগস্ট নিউইয়র্কের ফাশিং মিডোসে শুরু হচ্ছে ইউএস ওপেন। মার্কিন জন স্বাস্থ্য কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, টেস্টে যারা পজিটিভ হয়েছেন তাদের দশ দিন আইসোলেশনে থাকতে হবে।