Home জাতীয় ভারতের মোড়লিপনা সহ্য করা হবে না: ফয়জুল করীম

ভারতের মোড়লিপনা সহ্য করা হবে না: ফয়জুল করীম

173

ঢাকা অফিস

সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘করোনাকালীন ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে ঘিরে দেশবাসীর মধ্যে শঙ্কা ও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই দ্বিপক্ষীয় সফরের বিষয়টি নিয়ে লুকোচুরি করা হয়েছে। দেশের স্বার্থ সংশ্লিষ্ট হলে এই সফর নিয়ে এত লুকোচুরি কেন। ভারতের মোড়লিপনা সহ্য করা হবে না।’

রবিবার (২৩ আগস্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে দলের মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘বলা হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। কিন্তু তিস্তার পানি বণ্টন চুক্তি, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), সীমান্ত হত্যাকা- এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় কোনও আলোচনাই হয়নি। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং ভারতের মোড়লীপনা প্রকাশ পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের এমন মোড়লীপনা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের আড়ালে যেকোনও ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম স্বাস্থ্যবিধি মেনে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন– দলটির  মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ূম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ লতিফ প্রমুখ।