যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১০ কর্মকর্তা ও কর্মচারীকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর আখ্যায়িত করে অপসারণের দাবি জানিয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপিও দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিগত সরকারের আমলে যবিপ্রবিতে দুনীর্তি ও ফ্যাসিবাদ কায়েমকারী এসব কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কঠোর কর্মসূচিতে নামবেন শিক্ষার্থীরা।
নেতারা বলেন, যবিপ্রবি আইন অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তারা কোনো রাজনীতি করতে পারবেন না। তার পরও সাবেক ভিসির ইন্ধিনে নীল দল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ নামে স্বৈরাচারী সরকারের দুনীর্তিবাজরা তাবেদারি করে গেছেন। দেশে রাজনীতিক পট পরিবর্তন হলেও সেই দুনীর্তিবাজ ও স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখন স্বপদে বহাল তবিয়তে রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিব আহমেদ শান, ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের আল মামুন লিখন, পরিবেশ বিজ্ঞান বিভাগরে হান্নান হোসেন, সজীব হোসেন প্রমুখ।
উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘শিক্ষার্থীরা কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর নামের তালিকা ও স্মারকলিপি দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যায়িত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক, উপ-রেজিস্ট্রার স্ট্রেট শাখা জাহাঙ্গীর আলম, উপ-পরিচারক (পরিকল্পনা উন্নয়ন) ড. আব্দুর রউফ, জনসংযোগ শাখার সহকারী পরিচালক আব্দুর রশিদ অর্ণব, নিরাপত্তা কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান, সেকশন অফিসার সাইফুর রহমান, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ডাটা এন্ট্রি অপারেটর সরদার ফরিদ আহমেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি শওকত হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ।











































