Home খেলাধুলা কিছুক্ষণ পরই শুরু ‘এল ক্লাসিকো’, আকর্ষণের কেন্দ্রে দুই ব্রাজিলিয়ান

কিছুক্ষণ পরই শুরু ‘এল ক্লাসিকো’, আকর্ষণের কেন্দ্রে দুই ব্রাজিলিয়ান

18


স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকাকালীন স্প্যানিশ লা লিগার সবচেয়ে আকর্ষণীয় মহারণ ‘এল ক্লাসিকো’র মর্যাদা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দুজনেরই প্রস্থান হয়েছে লিগ থেকে। তাদের অনুপস্থিতিতে গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথের উত্তাপ অনেকটাই কমে গিয়েছিল। বহু দিন পর এই মহারণ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে। আজ শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে এই ধুন্ধুমার লড়াই।

এবারের মহারণ উত্তাপ ছড়াচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রবার্ট লেভানডফস্কি কিংবা লেমিন ইয়ামালের উপস্থিতির কারণে নয়। দুই ব্রাজিলিয়ানই মূলত এবারের মহারণের আকর্ষণের কেন্দ্রে। দুজনই বড় ম্যাচের প্রস্তুতি নিয়ে বড় ম্যাচে হ্যাটট্রিক করেন। তাও আবার ইউরোপের মঞ্চে! আগের দিন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ ঘণ্টা পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩ গোল করেছেন রাফিনহা।

মৌসুমের শুরু থেকেই দুজন আছেন ফর্মের তুঙ্গে। এবার মুখোমুখি হচ্ছেন তারা। দুই ব্রাজিলিয়ানের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের দ্বৈরথটি গড়ে দিতে পারে আজকের মহারণের ভাগ্য। অবশ্য এই দুজন পাদপ্রদীপে থাকলেও বার্সার তরুণ মিডফিল্ডার ইয়ামাল এবং অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডফস্কিও থাকতে পারেন দৃশ্যপটে। নজরে থাকতে পারেন এল ক্লাসিকোতে অভিষেক হতে যাওয়া এমবাপ্পেও।

এই মৌসুমে স্বপ্নের ক্লাবে পাড়ি জমালেও নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি ফরাসি ফরওয়ার্ড। তার জন্য আজকের সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটা হয়ে উঠতে পারে জ¦লে ওঠার উপলক্ষ। অনেক দিন ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা জুডে বেলিংহামের জন্য এই ম্যাচ হতে পারে ফেরার মঞ্চ। দুই দলের এত সব তারকার উপস্থিতি এবারের রিয়াল-বার্সা দ্বৈরথে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ।

কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে একটু অস্বস্তিতে পড়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। গত মঙ্গলবার চোট পেয়েছেন গোলরক্ষক থিবাউট কোর্তোয়া ও ফরওয়ার্ড রদ্রিগো গৌজ। ঘরের মাঠে দুজনই থাকবেন দর্শক সারিতে, যা বার্সার জন্য ভালো সুযোগ। সুযোগ আছে রিয়ালের জন্যও। কেননা, পরিচিত দর্শকদের সামনে লড়াই করার অনুপ্রেরণা থাকছে কেবল তাদের জন্য। লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে বার্সেলোনার। তাদের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এখন রিয়াল মাদ্রিদের। লিগে টানা ৪২ ম্যাচ হারেনি আনচেলত্তির দল।