Home খেলাধুলা পিছিয়ে থেকেও নোমান-সাজিদের ৩৯ উইকেটে সিরিজ পাকিস্তানের

পিছিয়ে থেকেও নোমান-সাজিদের ৩৯ উইকেটে সিরিজ পাকিস্তানের

19


স্পোর্টস ডেস্ক


ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ইংল্যান্ড সিরিজও হেরে শুরু করে পাকিস্তান। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে পিছিয়ে থেকেও শেষ দুই টেস্ট দাপট দেখিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। আর সিরিজ জয়ের পেছনে বড় অবদান রাখেন দলটি দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান।

নোমান-সাজিদ মিলে সিরিজে তুলে নিয়েছেন ৩৯ উইকেট। তাদের কল্যাণেই ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। যেখানে তিন ম্যাচ সিরিজে তৃতীয় শেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে আজ শনিবার ইংলিশদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শান মাসুদের দল।

সফরকারী ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে অলআউট হয়ে পাকিস্তানের সামনে মাত্র ৩৬ রানের লক্ষ্য দিতে পারে। বল হাতে নোমান ৬টি ও সাজিদ ৪টি উইকেট নেন। পরে লক্ষ্য তাড়ায় নেমে শুধু ওপেনার সায়িম আইয়ুবের উইকেটটি হারায় পাকিস্তান।

১৯৯৫ সালে পর এই প্রথম হার দিয়ে শুরুর পরে তিন ম্যাচের সিরিজ জিতলো পাকিস্তান। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে একইভাবে জিতেছিল পাকিস্তান। তাছাড়া ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলো তারা। মাঝে দলটি টানা ৪টি টেস্ট সিরিজে হেরে গিয়েছিল।

সাজিদ খানের দারুণ বোলিংয়ে এর আগে প্রথম দিন ২৬৭ রানে ইংল্যান্ডকে থামিয়ে দেয় পাকিস্তান। বল হাতে ৬ উইকেট নেন সাজিদ এবং ৩ উইকেট যায় নোমানের ঝুলিতে। জবাবে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩৪৪ রান করে পাকিস্তান। তাতে তাদের লিড দাঁড়ায় ৭৭ রানের।

ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ২৪ রানে ৩ উইকেট হারিয়ে শেষ করে। আজ আরও ৮৮ রান তুলতেই তারা বাকি ৭ উইকেটও হারায়। ইংলিশ ব্যাটারদের মধ্যে বলার মতো রান করতে পেরেছেন কেবল জো রুট (৩৩)। বল হাতে পাকিস্তানের নোমান ও সাজিদ ছিলেন অপ্রতিরোধ্য। তাদের ঘূর্ণিজাদুর কোনো জবাব দিতে পারেনি ইংলিশরা।

নোমান এই সিরিজে সর্বোচ্চ ২০টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরি করা শাকিল। তবে সিরিজ সেরার পুরস্কার বাগিয়ে নেন ১৯ উইকেট ও ৭২ রান করা সাজিদ।