খুলনাঞ্চল রিপোর্ট
পাবনার সুজানগরে চলতি বছর কৃষকদের মধ্যে বিতরণ করা ৫টি কৃষিযন্ত্রের মধ্যে ৩টি কৃষিযন্ত্রের খোঁজ মিলছে না। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পর আওতায় ৩১ লাখ টাকার ৯টি আধুনিক কৃষিযন্ত্র দেওয়া হয়েছে ১৫ লাখ ৫০ হাজার টাকায়। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিয়েছে সরকার। আনুষ্ঠানিকভাবে বিতরণ করা দামি কৃষিযন্ত্রগুলো সংশ্লিষ্ট কৃষকদের বাড়িতে থাকার কথা থাকলেও তা যন্ত্রগুলো অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে।
সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সুজানগরে কৃষকদের জন্য ৯টি আধুনিক কৃষিযন্ত্র বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫টি গত ৬ মে উপজেলা কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছে হস্তান্তর করে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও দামিটি ছিল কম্বাইন হারভেস্টার মেশিন। কৃষকদের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতিটি কৃষিযন্ত্র অন্তত তিন বছর ব্যবহার করতে হবে। কৃষি বিভাগের অনুমতি ছাড়া যন্ত্রগুলো হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।
কৃষি বিভাগের তালিকা অনুযায়ী, পাঁচটি কৃষিযন্ত্রের একটি রিপার মেশিন (ধান ও গম কাটার যন্ত্র) পেয়েছেন ভায়না গ্রামের আনিসুর রহমান। একটি মেইজ শেলার মেশিন (ভুট্টা কাটার যন্ত্র) পেয়েছেন গোপালপুর গ্রামের ইয়াসিন আলী প্রামাণিক। বাকি তিনটি কম্বাইন হারভেস্টার মেশিনের (ফসল লাগানো, কাটা, শুকানো, ঝাড়া, মাড়াই সবকিছু করা যায়) মধ্যে একটি পেয়েছেন কাদোয়া গ্রামের দুলাল সরদার, একটি উত্তর বনকোলা গ্রামের আরিফুল ইসলাম এবং অপরটি পেয়েছেন হাটখালি দক্ষিণ পাড়া গ্রামের জয়নাল শেখ।
কাদোয়া গ্রামের কৃষক দুলাল সরদারের বড় ভাই আলাল সরদার বলেন, তিনি তার ভাইয়ের বাড়িতে কোনো দিন ওই যন্ত্র (কম্বাইন হারভেস্টার মেশিন) দেখেননি। তার ভাইয়ের এমন যন্ত্র আছে বলেও শোনেননি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচটি কৃষিযন্ত্রের মধ্যে রিপার মেশিন ও মেইজ শেলার দুই কৃষকের বাড়িতে আছে। কম্বাইন হারভেস্টার মেশিন তিনটি কোনো কৃষকের বাড়িতে পৌঁছায়নি।
এদিকে ওই তিনজন কৃষকের বাড়িতে গিয়ে কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া যায়নি। তিনজনের কাউকে বাড়িতেও পাওয়া যায়নি। তিনজনের মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। তাদের বাড়ির লোকজন, এমনকি প্রতিবেশীরা যন্ত্রগুলো দেখেননি বলে জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, যন্ত্রগুলো তারাা গ্রহণ করলেও কেউ এলাকায় নেননি। হয়তো তারা যন্ত্রগুলো বেশি দামে বিক্রি করে দিয়েছেন।
কাদোয়া গ্রামের কৃষক দুলাল সরদারের প্রতিবেশী আকমল হোসেন বলেন, অন্য এলাকা থেকে ধান কাটার যন্ত্র তাদের গ্রামে আসে। তারা এসে টাকার বিনিময়ে ধান কেটে দিয়ে যান। কিন্তু গ্রামের কারো এই যন্ত্র আছে বলে তিনি জানেন না।
বোনকোলা গ্রামের আরিফুল ইসলামের প্রতিবেশী মো. মনিরুজ্জামান জানান, তিনি জানেন না আরিফুলের কম্বাইন্ড হারভেস্টার মেশিন আছে। আরিফুলের বাড়িতে মেশিনটি দেখেননি।
সুজানগর উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন যারা পেয়েছেন চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে সেই মেশিন বিক্রয় বা কারো কাছে হস্তান্তর করতে পারবেন না। ব্যাবসায়িক উদ্দেশ্যে কোথাও নিয়ে গেলে জেলা কৃষি অফিসারের অনুমতি নিতে হবে। চুক্তি অমান্য করলে ওই কৃষকের বিরুদ্ধে মামলার বিধান রয়েছে। যে তিনজন কৃষকের বাড়িতে গিয়ে তাদের সরকারের ভতুর্কির কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন পাওয়া যায়নি, তারা ১৫ দিন সময় নিয়েছেন। সেই সময়ের মধ্যে তারা মেশিন হাজির করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন জানান, তার কাছ থেকে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কেউ কোনো অনুমোদন নেননি।











































