Home খেলাধুলা ফুটবলারদের সঙ্গে আলোচনায় থাকবে কাবগুলো

ফুটবলারদের সঙ্গে আলোচনায় থাকবে কাবগুলো

7

ক্রীড়া প্রতিবেদক

কাবগুলোর সঙ্গে এক দফা আলোচনা হয়ে গেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটির। এবার তাদের বসার পালা ফুটবলারদের সঙ্গে। দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষ করে জরুরি সভায় বসার কথা আছে লিগ কমিটির। যে সভায়ই ঠিক হতে পারে নতুন ফুটবল মৌসুমের রোডম্যাপ।
মৌসুম শুরু নিয়ে কাবগুলোর সঙ্গে বাফুফের আলোচনা নিয়মিত ঘটনা; কিন্তু এই প্রথম এই আলোচনায় চলে এসেছেন ফুটবলাররা। কারণ, আগের মৌসুমটি শেষ হতে পারেনি। করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত হয়েছে মাঝপথে। ফুটবল ও কাবগুলোর মধ্যে দেনা-পাওনার বড় হিসেবে এখন ঝুলে আছে। একটি মৌসুম হারিয়ে যাওয়ায় বাফুফে চাইছে নতুন মৌসুম একটু আগে শুরু করতে। সেপ্টেম্বরের শেষ দিকে দলবদল শুরুর প্রস্তাবই কাবগুলোকে দিয়েছে বাফুফে। কাবগুলোও রাজি একটু আগে মৌসুম শুরু করতে; কিন্তু সমস্যা তৈরি হয়েছে পরিত্যক্ত মৌসুমের ঝুলে থাকা ইস্যুগুলো নিয়ে।
লিগ কমিটি আশা করছে কাব-ফুটবলার দুই পক্ষই ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে এলে কোনো সমস্যা থাকবে না। কারণ, খেলা বন্ধ হওয়ায় দুই পক্ষই ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ওপর অবশ্য কারো হাত ছিল না। এখন পরিস্থিতি বিবেচনা করে নতুন মৌসুম শুরুর বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগুতে হবে সবাইকে।
প্রিমিয়ার লিগের ১৩ কাবের প্রতিনিধিই আলোচনায় রাখবে বাফুফের লিগ কমিটি। প্রতি কাব থেকে দুই জন। হতে পারে কাবের অধিনায়ক ও সহকারী অধিনায়ক। কিংবা ওই কাবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন এমন ফুটবলার। প্রথমে লিগ কমিটি চেয়েছিল ভার্চুয়াল আলোচনা করতে। পরে অবশ্য ফিজিক্যালি সভার সিদ্ধান্ত হয়েছে।

নাটকীয় ম্যাচ জিতে রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা কাপ/ইউরোপা লিগের ট্রফিটার নাম হওয়া উচিত সেভিয়া ট্রফি। ইউরোপীয় কাব ফুটবলের দ্বিতীয় প্রতিযোগিতাটির ফাইনালে ওঠা সেভিয়াকে কেউ হারাতে পারে না। ট্রফিটা তাদের জন্য যেন বাঁধা। শুক্রবার জার্মানির কোলনে অনুষ্ঠিত ফাইনালেও তাদের হারাতে পারলো না ইন্টার মিলান। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতলো সেভিয়া। এই নিয়ে ছয়বার ফাইনালে উঠেই এ প্রতিযোগিতার শিরোপা জিতলো স্প্যানিশ কাবটি। এতবার আর কোনও কাব ইউরোপা লিগ জেতেনি।
শুক্রবার সেভিয়া ও ইন্টার মিলান ইউরোপা লিগের ফাইনালটিকে যেভাবে প্রতিদ্বন্দ্বিতায় রাঙিয়েছে তা চ্যাম্পিয়নস লিগের অনেক ফাইনালেই দেখা যায় না। প্রথমার্ধেই চার গোল। দুবার হেডে গোল করে সেভিয়াকে সমতায় ফিরিয়ে এগিয়েই দেন তাদের ডাচ মিডফিল্ডার লুক ডি ইয়ং। ১৩ মিনিটে তাকে ডান উইং থেকে ক্রস দিয়েছিলেন হেসুস নাভাস। ৩৪ মিনিটে এভার বানেগার ফ্রি-কিক কাজে লাগিয়েছেন । পাঁচ মিনিটে সেভিয়ার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়েগো কার্লোস পেনাল্টি উপহার দেন রোমেলু লুকাকুকে। তা থেকে মৌসুমে নিজের ৩৪তম গোল করে ইন্টারকে প্রথমে এগিয়ে দেন বেলিজিয়ান স্ট্রাইকার। ৩৬ মিনিটে ফ্রি-কিক থেকে ডিয়েগো গোডিনের হেড সমতায় ফেরায় (২-২) ইন্টারকে। এত বড় ম্যাচে ইন্টারের বড় আশা লাউতারো মার্তিনেজ এক হতাশার নাম। শেষদিকে তাকে তুলেই নিয়েছেন কোচ। পেনাল্টির পাপস্খলন করে ৭৫ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সেভিয়াকে আবার এগিয়ে দেন কার্লোস। যদিও গোলটা হয়েছে লুকাকুর পায়ের ছোঁয়ায়। বাইরের দিকে যাওয়া বলটি কিয়ার করতে গিয়ে পায়ে ছোঁয়া লাগান লুকাকু, দিক বদলে যেটি হয়ে গেছে সেভিয়ার জয়সূচক গোল। শেষদিকে সময় নষ্ট করার ‘নাটকেও’ চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।
ট্রফি হাতে তুলে সেভিয়ার হেসুস নাভাস একটা বৃত্ত পূরণ করলেন। ২০০৬ সালে প্রতিযোগিতার নাম যখন উয়েফা কাপ, মিডলসবোরোকে হারিয়ে জেতা শিরোপাজয়ী সেভিয়া দলের সদস্য ছিলেন। ২০২০ সালে ইউরোপা লিগজয়ী সেভিয়ার অধিনায়কই তিনি।

রোনালদোর শহরে নেইমার-লেভানদোস্কির লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

ছকে বাঁধা সেই দৃশ্য দেখা মিলছে না! এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি। দুই মহাতারকার দলই বিদায় নিয়েছে। আজ রবিবার রাতে ফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
রোনালদো যেন না থেকেও আছেন এই ফাইনালে। কারণ ম্যাচটা যে হবে এই মহাতারকার দেশ পর্তুগালের লিসবেন। যেখানে নেইমার ও রবার্ত লেভানদোস্কির দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগালের লিসবনে ফাইনালে লড়বে এই দুই দল। দুই কাবই চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। ত্রিমুকুট জয়ের সামনে দাঁড়িয়ে তারা। বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে বায়ার্ন। আর ফরাসি লিগ ও ফরাসি কাপে চ্যাম্পিয়ন নেইমার-কিলিয়ান এমবাপ্পের দল।

ডমিঙ্গো ঢাকা আসছেন ২ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি হুট করে অবনতির দিকে। শেষ ১৪ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭, ৮৬২ জন। পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। তারপরও জীবিকার প্রয়োজনে এদিক-ওদিক ছোটাছুটি করা তো লাগেই। জীবন ঝুঁকি নেওয়া লাগে।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা পৌঁছাবেন ডমিঙ্গো। জোহানেসবার্গের বিমানে ওঠার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হচ্ছে তাকে। এজন্য শিগগিরই নমুনা দেবেন ডমিঙ্গো। ঢাকা নেমে তাকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। বিসিবি এরই মধ্যে পাঁচ তারকা হোটেল ঠিক করেছে। জাতীয় দল ও বিদেশি কোচিং স্টাফরা সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। ডমিঙ্গোর আশা সব কিছু ঠিকঠাক মতোই যাবে।

শ্রীলঙ্কা সফরে একসঙ্গে দুই দায়িত্ব পালন করবেন ভেট্টোরি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বর্তমান স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি চুক্তি অনুসারেই সুযোগ পেলে জাতীয় দলের বাইরে কাজ করবেন হাই পারফরম্যান্স (এইচপি) ও পাইপলাইনের স্পিনারদের নিয়ে। তবে গতবছর নভেম্বরে ভারত সিরিজ দিয়ে টাইগহারদের সাথে কাজ শুরু করা ভেট্টোরি সেভাবে ফাঁকা সময় পাননি। তবুও ৩-৪ দিন আলাদা করে কাজ করেছেন আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, তানভীর ইসলামদের সাথে।
করোনা প্রভাবে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকা টাইগাররা শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে। জাতীয় দলের সাথে এইচপি ইউনিটও একই সঙ্গে লঙ্কা সফর করবে। দুই দলেরই শ্রীলঙ্কায় আলাদা আলাদা সিরিজ চূড়ান্ত। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও কোয়ারেন্টাইন নিয়ম মানতে হবে বিধায় এক মাস আগেই দ্বীপ রাষ্ট্রের বিমানে চড়বে জাতীয় দল ও এইচপি ইউনিট। মূল সিরিজ শুরু আগে একই সঙ্গে অবস্থান করে অনুশীলন ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ফলে একই সাথে দুই দলের স্পিনারদের নিয়েই কাজ করার সুযোগ থাকছে সাবেক কিউই তারকা স্পিনারের। কিংবদন্তি এই স্পিনারকে এভাবে কাজে লাগানো যাচ্ছে বলে খুশি এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

স্মিথ-ওয়ার্নাররা ইংল্যান্ড যাবে আজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস বিরতি শেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুরুতেই উত্তেজনাকর লড়াইয়ের আভাস। মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের। সবার আগে ক্রিকেট ফেরানো ইংল্যান্ডের মাটিতে আতিথ্য নিয়ে অস্ট্রেলিয়া খেলবে ছয়টি সীমিত ওভারের ম্যাচ। তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলার উদ্দেশে আজ রবিবার ইংল্যান্ড উড়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।
লড়াই শুরু ৪ সেপ্টেম্বর, তবে আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দল করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে। কোভিড-১৯ মহামারী শুরুর পর এই প্রথম কোনও দেশে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ চলার সময় করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করলে মাঝপথেই সিরিজ বাতিল করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর ইংল্যান্ড সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে তারা। দল দুটির লড়াই শুরু ৪ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি দিয়ে, পরের দুটি ম্যাচ ৬ ও ৮ সেপ্টেম্বর। কুড়ি ওভারের লড়াই শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর।

ফিরলো ফরাসি লিগ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যায়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা শেষ না হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন। করোনার কারণে সবার আগে লিগ শেষের ঘোষণা দেওয়া ফরাসি লিগ নতুন মৌসুম কিন্তু শুরু করেছে সবার আগে। ১৬৭ দিন পর ফিরেছে লিগ ওয়ান।
ইউরোপের অন্য চার শীর্ষ লিগ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’ ও বুন্দেসলিগা পুনরায় চালু করে শেষ করেছে মৌসুম। ফরাসি লিগ কর্তৃপক্ষ অবশ্য কোনও ঝুঁকি নিতে চায়নি। অন্য দেশের ফুটবল মাঠে ফিরলেও তারা বন্ধ ঘোষণা করে। গত এপ্রিলে শেষবার মাঠে গড়িয়েছিল ২০১৯-২০ মৌসুমে খেলা। যেহেতু আগেভাগে লিগের ইতি টেনে দিয়েছিল, তাই ফেরার যাত্রায় তারাই অগ্রগামী। শুক্রবার রাতে বোর্দে-নঁতে ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফরাসি লিগের ২০২০-২১ মৌসুম। শুক্রবার রাতে বোর্দে আতিথ্য দিয়েছিল নঁতেকে। ২০ মিনিটে মেহদি জেরকেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। বাকি সময়টা একজন কম নিয়ে খেললেও নঁতেকে কোনও গোল করতে দেয়নি তারা। তাই ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুটা হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের ভারত সফর

ক্রীড়া প্রতিবেদক

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করবে ইংল্যান্ড জাতীয় দল। ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পরপরই নিজেদের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করবে ভারত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় ক্রিকেটারদের দম ফেলার ফুরসত থাকে না। সারাবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই তারা মাঠের বাইরে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এরপরই শুরু হবে তাদের ব্যস্ত সূচি। চার টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার জন্য তারা অস্ট্রেলিয়া সফর করবে। দেশে ফিরেই খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। এরপর আবার আইপিএল।

শ্রীলংকা এনএসসির চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। বৃহস্পতিবার দেশটির ক্রীড়া পরিষদের নতুন সদস্য নিয়োগ দেন শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে। ১৪ জনের এই কমিটি দেশটির ক্রীড়াঙ্গনের উন্নতিতে আগামী দুই বছর ক্রীড়ামন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবেন।
কমিটিতে সদস্য হিসেবে আছেন দেশটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। বর্তমানে মেরিলিবোন ক্রিকেট কাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। দেশের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নতিতে কাজ করার সুযোগ পেলেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। দেশের হয়ে ১৪৯ টেস্টে ১১৮১৪ রান, ৪৪৮ ওয়ানডেতে ১২৬৫০ রান ও ৫৫টি টি-২০তে ১৪৯৩ রান করেছেন ৪৩ বছর বয়সী জয়াবর্ধনে। সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় শ্রীলংকা।

সিরি-এ লিগের আট ফুটবলার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

বিরতি কাটিয়ে প্রাক-মৌসুম অনুশীলনে ফিরতে শুরু করেছে সিরি-এ খেলোয়াড়রা। কিন্তু এর মধ্যেই জানা গেছে আটজন খেলোয়াড়ের দেহে করোনা সনাক্ত হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে নতুন সিরি-এ মৌসুম শুরু হতে যাচ্ছে। কিন্তু তার আগে আটজন খেলোয়াড়ের দেহে করোনা পজিটিভের বিষয়টি কিছুটা হলেও সংশ্লিষ্টদের দুঃশ্চিন্তায় ফেলেছে। বৃহস্পতিবার সর্বশেষ পরীক্ষায় তুরিনোর দুজন এবং নাপোলির একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর আগে বুধবার রোমা ও কাগলিয়ারি পজিটিভ কেসের কথা নিশ্চিত করেছিল। আটজন খেলোয়াড়ই উপস্বর্গবিহীন বলে জানা গেছে। ইতালিতে সাধারণ পজিটিভ কেসও গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার নতুন করে ৮৪৫টি পজিটিভ কেসের খবর পাওয়া গেছে। গত ১৬ মে’র পর থেকে যা সর্বোচ্চ। গত ২০ জুন দর্শকশূরন্য মাঠে করোনা পরবর্তী সিরি-এ মৌসুম শুরু হবার পর ২ আগস্ট শেষ হয়। ইন্টার মিলানকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে টানা নবমবারের মত লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছে জুভেন্টাস।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র ১ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

ইন্টার মিলানকে ইউরোপা লিগের ফাইনালে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে সেভিয়া। আর এর মাধ্যমে ২০২০-২০২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাছাই দলগুলোর তালিকাও চূড়ান্ত হয়েছে। আগামী ১ অক্টোবর এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।
গ্রুপ পর্বের দলগুলো হচ্ছে পট ওয়ান : রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেইন্ট-জার্মেই, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, সেভিয়া ও এফসি পোর্তো। পট টু : বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, শাখতার দোনেস্ক, চেলসি ও বেনফিকা কিংবা আয়াক্সের মধ্যে একটি দল। বাছাইপর্বের রাউন্ডের ফলাফলের উপর বাকি দুটি পটের দলগুলো নির্ভর করছে। যদিও পট থ্রিতে এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে তিনটি দল : আরবি লিপজিগ, ইন্টার মিলান ও ল্যাজিও। বাছাইপর্বের বাঁধা অতিক্রম করতে পারলে তাদের সাথে যোগ দিতে পারে ডায়নামো কিয়েভ, সালজবার্গ, অলিম্পিয়াকোস ও সেলটিক। পট ফোরে নিশ্চিত হওয়া দুটি দল হচ্ছে স্টাদে রেনে ও ইস্তাম্বুল বাসাকশেইর। সবচেয়ে নীচু সারির এই পটে আরো যোগ দিতে পারে লোকোমোটিভ মস্কো, কাব ব্রাগ, মার্সেই, আটালান্টা ও বরুশিয়া মনচেনগ্ল্যাডবাচ।

কাস্টোডি থেকে ছাড়া পেয়েছেন ম্যাগুয়ের

ক্রীড়া প্রতিবেদক

অঘটন ঘটিয়ে দুই রাত একটি সেলে বন্দী ছিলেন। অবশেষে গ্রীক পুলিশ কাস্টোডি থেকে ছাড়া পেয়েছেন হ্যারি ম্যাগুয়ের। শনিবার গ্রীসের সাইরোস দ্বীপের কোর্টে হাজিরাও দিয়েছেন।
আগামী সপ্তাহে ফের শুনানি হবে। ম্যাগুয়েরকে অভিযোগ থেকে মুক্ত করতে তার লিগ্যাল টিম কাজ করে যাচ্ছে। যাতে ইংল্যান্ড ফিরতে পারেন তিনি। হাতে অফুরন্ত ছুটি থাকায় পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে গ্রীসে বেড়াতে গিয়েছেন হ্যারি ম্যাগুয়ের। সেখানে এক কা- ঘটিয়ে ম্যানইউ ক্যাপ্টেন গ্রেপ্তার হয়ে ছিলেন গ্রীক পুলিশের হাতে। গ্রীক দ্বীপ মাইকোনোসের এক বারে ম্যাগুয়ের ও তার দুই বন্ধু স্থানীয় পুলিশের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ছিলেন। উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে তিন বন্ধু মিলে দুই পুলিশ অফিসারকে ঘুষি ও লাথি মেরে ফেলে দেন। এ ঘটনার পর তিনজনকেই আটক করে কাস্টোডিতে নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে ভয়ানক হামলার অভিযোগপত্র দায়ের করে পুলিশ।

সেরার স্বীকৃতি ‘খেলরতœ’ পেলেন রোহিত

ক্রীড়া প্রতিবেদক

বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক অসামান্য কীর্তি গড়ছেন তিনি। সাফল্য দিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে গেছেন অনন্য উচ্চতায়। এই সাফল্যের বড় একটা স্বীকৃতি পেলেন রোহিত শর্মা।
ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেলরতœ’ অ্যাওয়ার্ড পেলেন এই তারকা ব্যাটসম্যান। ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান দেশটির চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন। রোহিত শর্মার আগে এ স্বীকৃতি পাওয়া তিন ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। কিংবদন্তিদের সঙ্গে তার নামও যোগ হলো।

আইপিএলের শুরুটা মিস করবেন মালিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

আইপিএল খেলতে এখনই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না লাসিথ মালিঙ্গা। ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম অংশটা মিস করবেন তিনি। না খেলে ব্যক্তিগত কারণে দেশেই থেকে যাচ্ছেন শ্রীলঙ্কান এ ক্রিকেট সুপারস্টার।
জানা গেছে, মালিঙ্গার বাবা অসুস্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এই সময় বাবার পাশেই কাটাতে চান তিনি। সঙ্গে অনুশীলন চালাবেন কলম্বোতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে পেসার মালিঙ্গা যোগ দিবেন আইপিএলের শেষ দিকে। খেলতে চান প্লে-অফেও। যেখানে তার অভিজ্ঞতাটা বেশ কাজে দিবে মুম্বাই ইন্ডিয়ান্সের। সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সালের আইপিএল শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। আসরের পর্দা নামবে ১০ নভেম্বর।

ইমরানের কাছে ক্ষমা চাইলেন মিয়াঁদাদ

ক্রীড়া প্রতিবেদক

ইমরান খানকে তুলাধুনা করার দুই সপ্তাহ না যেতেই সুর বদলে ফেললেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।
বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মিয়াঁদাদ গত ১১ অগাস্ট নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছেন ইমরান। এমনকি রাজনীতিতেও ইমরানকে চ্যালেঞ্জ করার কথা বলেছিলেন তিনি। দিন দুয়েক আগে মিয়াঁদাদের ভাগ্নে ও সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালকে ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের বোর্ড। এরপর শুক্রবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া মিয়াঁদাদকে দেখা গেল ভিন্ন রূপে।
ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘদিন একসঙ্গে খেললেও ইমরানের সঙ্গে কখনও খুব সুসম্পর্ক ছিল না মিয়াঁদাদের। ইমরানের নেতৃত্বে ৪৬ টেস্ট ও ১২০ ওয়ানডে খেলা মিয়াঁদাদ তার ইউটিউব চ্যানেলে তীব্র আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।