স্পোর্টস ডেস্ক
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম ম্যাচ খেলতে নেমে দারুণভাবে রাঙালেন চ্যাড বোয়েস। বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
বুধবার নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে এই মাইলফলক গড়েন বোয়েস। যেখানে ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে তিনি পা রাখেন দুইশতে। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো তার ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে।
এদিকে ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের
এর আগে ২০২১ সালে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছিলেন হেড। পরের বছর ভিজায় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংসের পথে সেই রেকর্ড স্পর্শ করেন জাগাদিসান।
বোয়েসের ব্যাটে ভর করে ক্যান্টারবুরি জয় পায় ২৪০ রানে। যেখানে নিউজিল্যান্ডের হয়ে ৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন বোয়েস। সবশেষটি ছিল গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে।








































