Home আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলন মাস্কের মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলন মাস্কের মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

17


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি, বাংলাদেশে মুদ্রায় যা ১০ কোটি টাকারও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মূলত পলিটিকাল অ্যাকশন কমিটি (পিএসি) থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই কমিটি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারকে সমর্থন করার জন্য অনেক বিশিষ্ট প্রযুক্তি ব্যবসায়ীদের নিয়ে তৈরি করেছেন ইলন মাস্ক। মার্কিন নির্বাচনে যে রাজ্যগুলো কে বিজয়ী হবেন তা নির্ধারণে বড় ভূমিকা রাখবে সেগুলোতে ভোটারদের নিবন্ধিত হতে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছে মাস্কের অ্যামেরিকা পিএসি। এখন পর্যন্ত পিএসির পেছনে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন মাস্ক।

মাস্ক তার অনলাইন প্রচারণায় স্বাক্ষরকারীদের মধ্যে এই অর্থ প্রদান করছেন। প্রচারণায় লেখা হয়েছে, ‘প্রথম এবং দ্বিতীয় সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা এবং অস্ত্র বহনের অধিকার দেয়। আমি নিচে স্বাক্ষর করার মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় সংশোধনীর প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি।’

ইতিমধ্যে একজন ভোটার ১০ লাখ মার্কিন ডলার জিতেছেন। নিবন্ধিত ভোটার জন ড্রেহার শুক্রবার এই পুরস্কার পান। মাস্ক তার হাতে এই অর্থ তুলে দেয়ার সময় জানান যে, এরকম কিছু যে পাবেন সেসম্পর্কে কোনো ধারণাই ছিল না ড্রেহারের। ফলে যে কেউ এই অর্থ জয় করতে পারেন বলেও জানিয়েছেন মাস্ক।

অ্যামেরিকা পিএসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দশ লাখ মার্কিন ডলার উপহার পাওয়ার উপযুক্ত হতে পিটিশনে স্বাক্ষরকারীকে একজন নিবন্ধিত ভোটার হতে হবে, যিনি অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া বা উইসকনসিন রাজ্যের বাসিন্দা। পাশাপাশি পেনসিলভানিয়া রাজ্যে নিবন্ধিত কোনো ভোটার যদি পিটিশনে স্বাক্ষর করেন তাহলে তাকে ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে এবং একই রাজ্যে নিবন্ধিত আরেকজন ভোটারকে পিটিশনটি স্বাক্ষর করতে পাঠালেও ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট হিসেবে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উদ্যোগ।