ঢাকা অফিস
চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন তাহসীন (২৬) একই এলাকার হাজীরপুল দিলা মিস্ত্রির বাড়ির মো. মুসার ছেলে। তিনি সন্ত্রাসী সরোয়ার হোসেনের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর গ্রামের সোনা মিয়া সওদাগর বাড়ির মো. জামালের ছেলে সাজ্জাদ হোসাইন (২৯) ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে আফতাব উদ্দিন তাহসীন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান বলেন, সাজ্জাদ ও সরোয়ার গ্রুপের মধ্যে গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত তাহসান সরোয়ার গ্রুপের বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
চট্টগ্রামের একসময়ের দুর্র্ধষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান। সর্বশেষ ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৪ সালে জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যান। বিদেশে পালিয়ে গেলেও নগরের বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারী এলাকায় নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য, জমি বেচাকেনা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলেই বিপদ। শিষ্যদের দিয়ে কখনও গুলি চালিয়ে ঘরবাড়ি ঝাঁঝরা করে দেওয়া হয়। কখনও আবার পেট্রোল বোমা ছুড়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। দুই দশকেরও বেশি সময় ধরে একই পদ্ধতিতে চাঁদাবাজি চালিয়ে আসছেন সাজ্জাদ।
এই কাজে তার ঘনিষ্ঠ সহচর ছিলেন নুরুন্নবী ম্যাক্সন ও সরোয়ান হোসেন ওরফে বাবলা। এরমধ্যে ম্যাক্সন ভারতে মারা গেছেন বলে চাউর রয়েছে। সরোয়ার সাজ্জাদের পক্ষ ত্যাগ করে নিজেই এই এলাকার নিয়ন্ত্রণ নিতে চান। তাই বিদেশে পলাতক সাজ্জাদের নতুন শিষ্য এখন সাজ্জাদ হোসাইন বা ছোট সাজ্জাদ। সাজ্জাদের ছত্রছায়ায় চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়েন ছোট সাজ্জাদ। কেউ চাঁদা দিতে অস্বীকার করলেই তার ঘরবাড়িতে চালান হামলা। প্রতিবাদ করলেই গুলি ও ছুরিকাঘাত করেন। গত বছরের জুলাইয়ে অস্ত্র নিয়ে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন। এখন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সাজ্জাদ ও সরোয়ারের নিয়মিত অস্ত্রের মহড়া চলে অক্সিজেন-কুয়াইশ এলাকায়। আধিপত্য বিস্তারের জের ধরে গত ২৯ আগস্ট রাতে নগরের কুয়াইশ-অক্সিজেন সড়কে গুলিতে খুন হন মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২) নামে দুই যুবক।
এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় আসামিও হয়েছেন ছোট সাজ্জাদ। গত ১৮ সেপ্টেম্বর পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গিয়ে প্রকাশ্য গুলি চালায় সাজ্জাদ। যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজটি রয়েছে পুলিশের কাছেও। এরপরও সাজ্জাদ গ্রেপ্তার না হওয়ায় এবার প্রকাশ্য গুলি করে আরেক যুবককে খুন করেছেন।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’











































