Home আন্তর্জাতিক রাতের ফ্লাইটে দেশে ফিরছেন রায়হান কবির

রাতের ফ্লাইটে দেশে ফিরছেন রায়হান কবির

7

খুলনাঞ্চল ডেস্ক

করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়ার অপরাধে মালয়েশিয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো বাংলাদেশী নাগরিক রায়হান কবির। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন মো. রায়হান কবির।

মালয়েশিয়ার অভিবাস কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ রাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ধারণা করা হচ্ছে রাত ৯টার দিকে তাকে ফ্লাইটে তোলা হবে।

এর আগে বুধবার রায়হানের আইনজীবী সুমিথা শান্তিনি কিশনা ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেছেন, রায়হানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। ৮ জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। পরে ২৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে একটি সাক্ষাৎকার দেন রায়হান কবির। ২৫ মিনিটের এই ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে।

এরপর পরই রায়হান কবিরকে গ্রেফতার করতে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ তার বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেফতারে জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়। তার কিছুদিন পর ২৪ জুলাই মালয়েশিয়ার রাজধানীর জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।