Home স্বাস্থ্য সোফায় খাবারের দাগ, ময়লা পরিষ্কার করবেন যেভাবে

সোফায় খাবারের দাগ, ময়লা পরিষ্কার করবেন যেভাবে

44


মিলি রহমান।।

গৃহসজ্জার সামগ্রী বা আসবাবপত্রগুলোর মধ্যে সোফা অন্যতম এবং পাশাপাশি এটি আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি আসবাবপত্র। তবে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় সোফা ব্যবহার করার ক্ষেত্রে এটি সবসময় পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

টিভি দেখতে দেখতে মুখরোচক কিছু খাওয়া হোক বা ক্লান্ত শরীরে গা এলিয়ে দেওয়া— আরামে সোফাই ভরসা। ফলে, কখনো তার আনাচকানাচে খাবারের টুকরো ঢুকে যায়, কখনো আবার খেতে গিয়ে দাগও লেগে যায়। তার ওপর রয়েছে ধুলোময়লা।

যা-ই হোক! একটি ভ্যাকিউম ক্লিনার থাকলে, সোফার কোণ, আনাচকানাচে জমে থাকা ধুলো পরিষ্কার করা একেবারেই সহজ হয়। কিন্তু যন্ত্রটি না থাকলে কী করবেন? সোফার গায়ে খাবারের দাগ লেগে গেলে তুলবেন কীভাবে?

ধুলো ঝাড়বেন যেভাবে

ভ্যাকিউম ক্লিনার না থাকলে সোফা পরিষ্কারের জন্য ব্রাশ রাখুন। নরম এই ব্রাশের সাহায্যে সপ্তাহে এক-দুই দিন ধুলো ঝাড়লে, চট করে নোংরা হবে না। সোফা পরিষ্কারের সময় কুশনগুলোও ভালো করে ঝেড়ে নিন। সোফার আনাচকানাচে অনেক সময় মুড়ি, চিপ্‌স, পপকর্নের টুকরো ঢুকে থাকে। অনেক সোফাতেই গদিগুলো টেনে বের করা যায়। সেই সুযোগ থাকলে গদি বের করে ভিতরের অংশ ঝেড়ে নিন।

দাগ তুলবেন যেভাবে

১. সোফায় খাবার পড়ে দাগ হতে পারে। কখনো হালকা রঙের সোফায় ময়লা ছোপও পড়ে যায়। এই দাগ তুলতে গিয়েই সমস্যা হয়। এ ক্ষেত্রে হালকা গরম পানিতে মৃদু সাবান গুলিয়ে কাপড় দিয়ে সেই দাগ পরিষ্কার করে নিতে পারেন।

২. সাবানেও দাগছোপ না উঠলে ব্যবহার করতে পারেন বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ। দুটি উপকরণ সমপরিমাণে মিশিয়ে বোতলে ভরে দাগের উপর স্প্রে করে দিন। আধা ঘণ্টা পর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিন।

ময়লা পরিষ্কার করবেন যেভাবে

হালকা রঙের সোফা হলে, আর তাতে আলাদা করে কভার না থাকলে অনেক সময় ময়লা হয়ে যায়। এ ক্ষেত্রে হালকা গরম পানিতে সামান্য তরল সাবান মিশিয়ে নরম কাপড় দিয়ে পুরো সোফাটি মুছে নিতে পারেন। তবে তারপর গদিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে।

দুর্গন্ধ দূর করবেন যেভাবে

সারা দিনের পর ঘর্মাক্ত শরীর এলিয়ে দেন সোফায়? কিংবা বাচ্চারা নোংরা পায়েই দাপিয়ে বেড়ায়ে সেখানে? অনেক সময় সোফা থেকে বিশ্রী গন্ধও বের হয়। এমনটা হলে বেশ কিছুটা বেকিং সোডা সোফায় ছড়িয়ে ২০ মিনিট রেখে ব্রাশের সাহায্যে ভাল করে ঝেড়ে ফেলুন। পানি এবং ভিনিগার মিশিয়ে স্প্রে করলেও গন্ধ দূর হবে।

নিয়মিত পরিচ্ছন্নতা

তবে নিয়ম করে সোফা পরিষ্কার করলে, তাতে ঢাকা দিয়ে রাখলে সহজে ময়লা হবে না। কুশনগুলোও নিয়ম করে রোদে দিয়ে ঝেড়ে নিলে সমস্যা কমবে।