Home খেলাধুলা অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

17


স্পোর্টস ডেস্ক

ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বোশের অপরাজিত ৭৪ ও উলভার্দের ৪৪ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। হাতে তখনও ১৬ বল বাকি ছিল তাদের।

মেয়েদের বিশ্বকাপে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো তারা। এর মধ্য দিয়ে ২০২৩ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধ নিল তারা। প্রোটিয়াদের ঘরের মাঠ কেপটাউনের নিউল্যান্ডসে স্বাগতিকদের ফাইনালে ১৯ রানে হারিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আজ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। শুরুর ধাক্কা সামলে বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন। মুনি ১৭তম ওভারে রানআউট হওয়ার আগে ৪২ বলে ৪৪ রান করেন। শেষদিকে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলে লড়াই করার পুঁজি জমা করেন এলিসে পেরি। এতে ১৩৪ রানের ফাইটিং স্কোর পায় অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৪ রান নেয় দক্ষিণ আফ্রিকার। পরে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ দূর করেন তাজমিন ব্রিটস। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাত্র ১৫ রান করেই বিদায় নেন অ্যানাবেল সাদারল্যান্ডের বলে। সেখান থেকে উলভার্ট ও অ্যানেকে বোশ মিলে তাণ্ডব চালান অজি বোলারদের ওপর। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৯৬ রান। সাদারল্যান্ডের বলে আউট হওয়ার আগে ৪২ রানের ইনিংস খেলেন উলভার্ট। অন্যপ্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন বোশ। ৪৮ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪ রান করেন তিনি। আর তাতে ভর করে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।