ঢাকা অফিস।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পৃথক আবেদনে শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এবং ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে
চলা হত্যাকা-ের বিষয়ে সম্প্রতি পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর দিন এই আদেশ আসে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম এই অপরাধের আসামিরা অসম্ভব রকমের প্রভাবশালী। তাদের গ্রেপ্তার করা না হলে তদন্ত কার্যক্রম পরিচালনা করাটা অসম্ভব কঠিন। তাদের ভয়ে সাধারণ মানুষ, এমনকি শহীদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না। সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে ইতোমধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনেকের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরও কয়েকজনের বিচার ট্রাইব্যুনালে চলছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন-পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে প্রসিকিউশন টিম বদলের পর গত সোমবার নতুন তিন বিচারককে দায়িত্ব দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও দুই সদস্য গত মঙ্গলবার প্রথম কর্মদিবসে ট্রাইব্যুনালে যান। গতকাল তারা মামলার কার্যক্রম শুরু করেন। ট্রাইব্যুনালের মূল ভবন সংলগ্ন অস্থায়ী ট্রাইব্যুনাল ভবনে বেলা সাড়ে ১১টায় কার্যক্রম শুরু হয়।
ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিডিআর বিদ্রোহে ৭৪ জনকে হত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘হত্যা’, র্যাবের বিচারবহির্ভূত হত্যা, জুলাই-আগস্ট ‘গণহত্যা’সহ আওয়ামী লীগের শাসনামলে ‘মানবতাবিরোধী অপরাধের’ সারসংক্ষেপ তুলে ধরেন। শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথাও তিনি বলেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার বিস্তারিত বিবরণ এবং একই সঙ্গে একটি সরকারের দানবীয় সরকারে পরিণত হওয়া, নিরস্ত্র সাধারণ ছাত্রদের গুলি করে মারার প্রেক্ষাপট আদালতে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বাংলাদেশের প্রচলিত আইনে এবং আন্তর্জাতিক আইনে যেসব ব্যবস্থা রয়েছে, সেসব প্রক্রিয়া গ্রহণ করে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।
প্রসিকিউশনের প্রথম আবেদনে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চাওয়া হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন। দ্বিতীয় আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক মন্ত্রিপরিষদের সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। সেটিও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, এই ৪৫ জনের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, ডিবির সাবেক প্রধান হারুন উর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক জাফর ইকবাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অন্য আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধীদের অনেকে এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সে কারণে তাদের সবার নাম প্রকাশ করা হচ্ছে না।
মামলার অভিযোগে অপরাধ সংঘটনের সময় হিসেবে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীকালে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ। অপরাধের ধরনে বলা হয়েছে, এক থেকে ৯ নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছেন।
প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, আজ দুটো পিটিশন দাখিল করেছি আমরা। প্রথমটিতে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এবং অন্যটিতে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ ৫৬টি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের শরিক দলের নেতৃবৃন্দ, পুলিশের তৎকালীন আইজিসহ বেশ কয়েকজন সদস্য, র্যাবের তৎকালীন ডিজি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেককে সেসব মামলার আসামি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এসব অভিযোগ তদন্ত করে প্রসিকিউশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। প্রসিকিউশনের পক্ষ থেকে পর্যালোচনা করে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিলপূর্বক অভিযোগ গঠনের আবেদন করা হবে। আবেদন পর্যালোচনা করে সত্যতা পেলে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেবেন। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। এ ক্ষেত্রে পলাতক আসামির পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালেই বিচারকাজ চলবে। গত ৫ আগস্ট পটপরিবর্তনের কিছু দিন পরেই ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান অবসরে যান। আর এক সদস্যকে হাইকোর্টে ফিরিয়ে নেওয়া হয়। অপর সদস্য অব্যাহতি নেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা পদত্যাগ করেন।











































