Home বিনোদন অভিনেত্রী হিমির আক্ষেপ

অভিনেত্রী হিমির আক্ষেপ

9

বিনোদন ডেস্ক

চলতি প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। টিভি নাটকের বাইরে ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। গেল বছর এই অভিনেত্রী মনোনীত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে অভিনয়ের জন্য। এটি পরিচালনা করছেন ভারতের গুণী নির্মাতা শ্যাম বেনেগাল। এ ছবিতে হিমিকে দেখা যাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে। কিন্তু করোনা পরিস্থিতিতে বর্তমানে ছবিটির শুটিং স্থগিত আছে। হিমি আক্ষেপ করে বলেন, এমন একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে নেই এখন। আবার কখন শুটিংয়ের তারিখ নির্ধারণ হবে তাও জানি না। ছবিটি শেষ করতে পারলে এটি আমার ক্যারিয়ারে অন্যতম একটি কাজ হয়ে থাকবে। এদিকে ঈদের ছুটি শেষে এই গ্ল্যামারকন্যা শুটিংয়ে ফিরেছেন। এরইমধ্যে ‘সিগারেট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন বলে জানান। এ ছাড়া ‘স্মৃতির আল্পনা’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং শুরু করছেন তিনি। মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করছেন মুরাদ পারভেজ। এতে হিমির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় ও শিপন মিত্র। এতে আল্পনা চরিত্রে অভিনয় করছেন হিমি নিজেই। এ প্রসঙ্গে হিমি বলেন, প্রথমবারের মতো মুরাদ ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। দারুণ গোছানো একটি ইউনিট। কাজ করতে বেশ ভালোই লাগছে। এ ছাড়া ধারাবাহিকটির নাম ভূমিকায় আমি থাকছি। তাই বরাবরই এটির প্রতি একটু বেশি যতœশীল। ঈদে এই অভিনেত্রীর কয়েকটি নাটক প্রচার হয়েছে। এরমধ্যে সাখাওয়াত মানিকের ‘অনলাইন শপিং’ ও ‘বিয়ের প্রস্তুতি’ এবং ‘ওগো বধূ সুন্দরী’ ছিল উল্লেখযোগ্য। এই অভিনেত্রী করোনা পরিস্থিতি নিয়ে বলেন, আমরা প্রয়োজনের তাগিদে বের হচ্ছি। তাই বলে আমাদের অসচেতন থাকা যাবে না। আমাদের এই সময়ে সুস্থ থাকার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।