স্পোর্টস ডেস্ক
মুলতানে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ৫২৬ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। তবে পাহাড়সম এই রান তুলেও শেষরক্ষা হলো না শান মাসুদের দলের। নিজেদের প্রথম ইনিংসে ৮২৩ রান তুলে পাকিস্তানকে তাদের দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে দেয় ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তাতে ইনিংস ও ৪৭ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড।
এশিয়ার মাটিতে এই জয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ব্যবধানে জয়। এবং এটাই এশিয়ায় দেশটির সবচেয়ে বড় জয়। এর আগে, ১৯৭৬ সালে দিল্লিতে ভারতকে ইনিংস ও ২৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, কোনো প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৫০০ রান করলেই জিতেছে ব্রেন্ডন ম্যাককালামের অধীন ইংল্যান্ড।
এই নিয়ে পাকিস্তানে টানা চারটি টেস্ট জিতল ইংল্যান্ড। এর আগে, ২০২২ সালে ৩ ম্যাচের সিরিজ খেলতে এসে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইংলিশরা। অন্যদিকে, ঘরের মাঠে পাকিস্তানের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে ক্রমেই। এর আগে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ২৬৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। শেষ দিনে ইংলিশদের রান অতিক্রম করতে স্বাগতিকদের দরকার ছিল ১১৬ রান। অন্যদিকে, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৪ উইকেট। তবে, আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আগা সালমান ও আমের জামাল চেষ্টা করেও ইংলিশদের লিড অতিক্রম করতে পারেননি। পঞ্চম দিনে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৬৮ রান। তাতে ইনিংস ও ৪৭ রানের হার দেখেন মাসুদরা।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশদের প্রথম ইনিংসে রেকর্ড ৩১৭ রান করা হ্যারি ব্রুক। ২৬২ রান করে পার্শ্বনায়ক দলটির সেরা ব্যাটার জো রুট। দুজনে মিলে গড়েছিলেন রেকর্ড ৪৫৪ রানের জুটি। বিফলে গেল পাকিস্তানের তিন ব্যাটার মাসুদ, আবদুল্লাহ শফিক ও আগা সালমানের সেঞ্চুরি।











































