স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষ থেকে বোর্ডের শত শত পাঠ্যবই ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। বইগুলো পানিতে পচে ও গলে একেবারে নষ্ট হয়ে গেছে। এগুলো ডুমুরিয়া উপজেলার ওই বিদ্যালয়ে গুদামজাত করে রাখা হয়েছিল।
মঙ্গলবার বিকেলের দিকে বইগুলো ফেলে দেওয়ার পর তা জানাজানি হয়। ফেলে দেওয়া বইয়ের মধ্যে আছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, কারিগরি ও কিন্ডারগার্টেনের বই। ২০১৯ সালের কিছু বইও সেখানে পাওয়া গেছে।
ওই বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বোর্ডের বইগুলো উপজেলা শিক্ষা অফিসের। কয়েক বছর ধরে বিদ্যালয়ের একটি কক্ষে তা গুদামজাত করে রাখা হচ্ছিল। কিন্তু ওই কক্ষে বৃষ্টির পানি ঢুকে বইগুলো নষ্ট হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর তাঁরাই লোক দিয়ে কক্ষ থেকে বইগুলো বাইরে বের করে ফেলে দিয়েছেন।
উপজেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডুমুরিয়া উপজেলায় মাধ্যমিক স্তরের মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি মিলে ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে ২৮ হাজারের কিছু বেশি। ওই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্যই বইগুলো নিয়ে আসা হয়েছিল। চলতি বছর উপজেলায় আসা বইয়ের সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজারের মতো।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন, উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য চাহিদার বিপরীতে কিছু অতিরিক্ত বই দেওয়া হয়। বিতরণের পর অতিরিক্ত বইগুলো গুদামে রাখা হয়। কিন্তু বিদ্যালয়টির মাঠে বালু ফেলায় বৃষ্টির পানি ওই কক্ষে ঢুকে বইগুলো নষ্ট করে দিয়েছে। এ কারণে তা ফেলে দেওয়া হয়েছে। অতিরিক্ত বই ফেরত দেওয়া হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত বইগুলো পরবর্তী বছর বিভিন্ন আন্তবিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে বিতরণ করা হয়। আবার সিলেবাস পরিবর্তন হলে ওই বইয়ের কার্যকারিতা থাকে না। এসব কারণে বইগুলো সেখানে রেখে দেওয়া হয়েছিল।
জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন এ বিষয়ে বলেন, সাধারণত দুই বছর আগের বই বিতরণের পর অতিরিক্ত থাকলে তা দরপত্র আহ্বান করে বিক্রি করে দেওয়ার নিয়ম আছেন। কিন্তু এই ক্ষেত্রে তা কেন করা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।











































