ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া টু নিজখামার রাস্তাটির পিচের বিটুমিন ও ইটের সলিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল ও পথচারীদের জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। বর্তমান বর্ষা মৌসুমে রাস্তাটি আরও মারাত্মক আকার ধারন করেছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জলমা ইউনিয়নের খুলনা-চালনা মহাসড়ক সংলগ্ন সাচিবুনিয়া স্কুল হয়ে নিজখামার পর্যন্ত একমাত্র চলাচলের রাস্তাটি পিচের বিটুমিন ও ইটের সলিং উঠে মরন ফাঁদে পরিণত হয়েছে। উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, হাজার হাজার পথচারী ও শত শত বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলে দূর্ভোগ চরমে পৌঁছেছে। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা তাদের পরিধেয় কাপড় নোংরা করে বাড়ীতে ফিরছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা করছে এলাকার সচেতন মানুষ। দুর্ঘটনা এড়াতে এলাকার সর্বস্তরের মানুষ সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কতৃর্পক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।










































