অনলাইন ডেস্ক।।
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ভারত পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ধারণা করা হচ্ছে, এ সময় ভারতের কাছে কয়েকশ মিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের জন্য অনুরোধ জানাবেন তিনি।
দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, অর্থনৈতিক এই সংকটে ভারত তাদের সাহায্যে এগিয়ে আসবে। গত বছরের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত আসেন তিনি।
গত মাসে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৪০ মিলিয়ন ডলার। এই অর্থ দিয়ে দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব। এমন পরিস্থিতিতে ভারত বেলআউট দিলে তা মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। বেলআউট হচ্ছে দেনার দায়ে বা মূলধন সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা।
কিন্তু সমস্যা হচ্ছে, নির্বাচনের সময় ‘ভারত বিদায়’ নীতির প্রচারণা চালিয়ে ক্ষমতায় এসেছেন মুইজ্জু। আর এখন ভারতমুখী সুর সম্পর্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আমাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমাদের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে তারা সর্বদা আমাদের বোঝা হ্রাস করতে, আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য আরও ভালো বিকল্প এবং সমাধান খুঁজে পেতে প্রস্তুত।
ভারতবিরোধী প্রচার নিয়ে সরাসরি কোনো কথা না বলে তিনি জানিয়েছেন, আমরা আত্মবিশ্বাসী, যে কোনো মতবিরোধ উন্মুক্ত আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে। ইতোমধ্যে তিনি তুরস্ক ও চীন সফর করেছেন।











































