Home Uncategorized খুলনা-দর্শনা রুটে ১২৬ কিলোমিটার ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পে ধীরগতি

খুলনা-দর্শনা রুটে ১২৬ কিলোমিটার ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পে ধীরগতি

250


স্টাফ রিপোর্টার

খুলনা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত ১২৬ কিলোমিটার ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলছে ধীরগতিতে। আরও প্রায় ২ বছর আগে প্রকল্পের সব কাজ শেষ করার কথা থাকলেও মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের ভারতীয় কনসালট্যান্ট প্রতিষ্ঠানের কেউ আর আসেনি। বর্তমানে সিঙ্গেল লাইনের কারণে দুটি ট্রেন ক্রসিংয়ের সময় একটি ট্রেনকে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। ডাবল লাইন নির্মিত হলে সময় সাশ্রয় হবে এবং সেই সঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ মে একনেকের সভায় ‘কনস্ট্রাকশন অব ডাবল লাইন রেলওয়ে ট্রাক অন খুলনা-দর্শনা জংশন সেকশন’ প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ৫০৬ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৬৮৯ কোটি টাকা ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (ঋণ) অধীনে প্রকল্প সহায়তা হিসেবে দেয়ার কথা। অবশিষ্ট ৮১৭ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় তহবিল থেকে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু এখনও মাঠ পর্যায়ের কাজ শুরু হয়নি।

২০১৯ সালের শেষ দিকে এ প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু হয় এবং যা শেষ হয়েছে গত ডিসেম্বরে। গত জুলাই মাসে ডিটেইল ডিজাইন ও ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এই প্রকল্পের জন্য নতুন করে তেমন একটা জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। রেলওয়ের বিদ্যমান জমির পাশাপাশি সামান্য কিছু পরিমাণ জমি অধিগ্রহণ করা লাগবে। বর্তমানে টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ চলছে। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের কার্যক্রম আবারও মন্থর হয়ে গেছে।

খুলনা রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকা পর্যন্ত রেলপথের দূরত্ব ৪১৩ কিলোমিটার। এর মধ্যে মাত্র ১১০ কিলোমিটার ডাবল লাইন এবং বাকি ৩০৩ কিলোমিটার সিঙ্গেল লাইন। এই ৩০৩ কিলোমিটারের মধ্যে রয়েছে খুলনা থেকে দর্শনা ১২৬ কিলোমিটার এবং ঈশ্বরদী থেকে টঙ্গী ১৭৭ কিলোমিটার রেলপথ।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, সিঙ্গেল লাইনের কারণে খুলনা থেকে ঢাকা ও উত্তরাঞ্চলে ট্রেনে যেতে অনেক বেশি সময় লাগে। ডাবল লাইন হলে সময় বাঁচার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও কমবে।

নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা রেলওয়ে স্টেশনের একজন কর্মকর্তা বলেন, সিঙ্গেল রেল লাইনের কারণে অপর প্রান্ত থেকে আসা ট্রেন ক্রসিংয়ের জন্য নির্ধারিত স্টেশনের অতিরিক্ত কয়েকটি অনির্ধারিত স্থানে ট্রেনের যাত্রাবিরতি করতে হয়। এতে অতিরিক্ত সময় ব্যয় হয়। বর্তমানে চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে ঢাকা যেতে প্রায় ১০/১১ ঘণ্টা সময় লাগে। ডাবল লাইন হলে সময় কম লাগবে এবং সেই সঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমবে।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম ফিরোজী জানান, প্রকল্পের কাজ বন্ধ নেই, চলমান আছে। টেন্ডার ডকুমেন্ট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর আমরা টেন্ডার আহবান প্রক্রিয়ায় যাওয়ার জন্য টেন্ডার ডকুমেন্ট ভারতীয় কনসালট্যান্টের কাছে পাঠাবো।
পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পের কাজে কোনো প্রভাব পড়েছে কিনা এবং অর্থায়নে কোনো প্রভাব পড়বে কিনা-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামান্য কিছু প্রভাব পড়েছে। ফিজিবিলিটি স্ট্যাডি শেষ করার পর ভারতীয় কনসালট্যান্ট তাদের নিজ দেশে ফিরে গেছে। এই সময়ে তাদের ২/১ বার আসার কথা ছিল, কিন্তু আসেনি। আর ভারতের অর্থায়নে কোনো অসুবিধা হবে না বলে আশা করছি। তিনি জানান, প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দ্রুত যাতে খুলনা-দর্শনা ডাবল লাইন নির্মাণ করা যায় সে জন্য তারা কাজ করে যাচ্ছেন। বিদ্যমান খুলনা-দর্শনা রেল লাইনের সমান্তরালে আরেকটি রেল লাইন নির্মাণ করা হবে। ডাবল রেল লাইন নির্মাণ না করা পর্যন্ত ট্রেনের যে স্বাভাবিক পরিবহন তা পূর্ণাঙ্গ হচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ভারতের সব লাইনই ডাবল। খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডাবল রেল লাইন নির্মাণে রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিক। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চল ও ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ আরও সহজ হবে।