Home খেলাধুলা আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

23


স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসছে মৌসুমে বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম করেছে কর্তৃপক্ষ। এই নিয়মে বিপাকেই পড়তে পারে অন্য দেশ থেকে খেলতে আসা তারকারা।

আইপিএলে দেখা যায়, নিলামে দল পাওয়ার পরও আসরটি থেকে সরে দাঁড়ান অনেক বিদেশি ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই সমস্যায় ভুগতে হয়েছে। ফলে পরিবর্ত বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হয়। পরিকল্পনায় প্রভাব পড়ে। আর এই সমস্যার সমাধানে নতুন নিয়মে নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের।

গতকাল শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। তালিকায় পাঁচ এবং ছয় নম্বরে বলা হয়েছে নতুন নিয়মের কথা।

নতুন সিদ্ধান্ত হয়েছে, কোনো বিদেশি ক্রিকেটার যদি আইপিএলের মূল নিলামের তালিকায় নিজের নাম নথিবদ্ধ না করেন, তা হলে পরের বছরেও নিলামের তালিকায় তিনি নাম নথিবদ্ধ করতে পারবেন না। তাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে।

সিদ্ধান্তে আরও বলা হয়েছে, কোনো বিদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে, তাকে সেই বছরের প্রতিযোগিতা এবং পরের বছরের নিলামেও নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ তিনি দু’বছর আইপিএল খেলতে পারবেন না। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের নিলামে নাম নথিভুক্ত করার সময় জানাতে হবে, তাকে কত দিন পাওয়া যাবে।

এর আগে বিদেশি ক্রিকেটারদের একাংশের মধ্যে চোট ছাড়াও বিভিন্ন কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগে সরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে। এতে দলগুলি প্রতিযোগিতার শুরুতে সমস্যা পড়ে। বিরক্ত ফ্র্যাঞ্চাইজিগুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে সুরাহার আর্জি জানিয়েছিল। বিদেশ ক্রিকেটারদের এই প্রবণতা রুখতে নতুন নিয়ম করা হয়েছে।