Home খেলাধুলা কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে ক্লাবগুলো, জানা গেল

কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে ক্লাবগুলো, জানা গেল

22


স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসছে মেগা নিলামের আগে বেশ কয়েকটি নতুন নিয়ম করেছে কর্তৃপক্ষ। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গতকাল শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয় বেঙ্গালুরুতে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৬ জন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলি। ‘রিটেনশন’ বা ‘রাইট-টু-ম্যাচ’, যে কোনো ভাবে ক্রিকেটার ধরে রাখা যাবে। রিটেনশন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির দাবির মধ্যবর্তী অবস্থান নিয়েছেন বিসিসিআই কর্তারা।

মেগা নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে। নিলামে পছন্দের ক্রিকেটারদের কিনে নতুন দল গড়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে দল একেবারে ভেঙে যাবে না। আগের বার খেলা কয়েক জন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ক্রিকেটারকে আরও তিন বছরের জন্য রেখে দেওয়ার সুযোগ থাকবে। বেঙ্গালুরুর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল এটাই।

বিসিসিআই জানিয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজি ক’জনকে ধরে রাখবে এবং ক’জনকে ‘রাইট-টু-ম্যাচ’ হিসাবে কিনবে সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এর মধ্যে সর্বাধিক জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া সর্বাধিক দু’জন থাকতে পারবেন।

এদিকে নিলামে প্রতিটি দলের হাতে থাকবে ১২০ কোটি রুপি। এর মধ্যে বেতন, পারফরম্যান্স ভিত্তিক অর্থের পাশাপাশি এ বার যোগ হচ্ছে ম্যাচ। গতবার ছিল ১১০ কোটি রুপি। আগামী বছরগুলিতে এই অর্থ আরও বাড়বে। তা হবে যথাক্রমে ১৪৬ কোটি (২০২৫), ১৫১ কোটি (২০২৬) এবং ১৫৭ কোটি (২০২৭)।