Home Uncategorized সুন্দরবনে ফিরছে বনদস্যুরা, আতংকে জেলে-বাওয়ালিরা

সুন্দরবনে ফিরছে বনদস্যুরা, আতংকে জেলে-বাওয়ালিরা

40


বাগেরহাট প্রতিনিধি
হঠাৎ করেই সুন্দরবন পশ্চিম বনবিভাগে বনদস্যুদের আনাগোনা বেড়েছে। গত দুই সপ্তাহে খুলনা রেঞ্জের দাকোপে মুক্তিপনের দাবিতে জেলে অপরহনের কয়েকটি ঘটনা ঘটেছে। এর আগে সাতক্ষীরার কৈখালিতে জেলে অপহরনের পর মুক্তিপন আদায়ের ঘটনা ঘটে।
এদিকে মুক্তিপন আদায়ের ঘটনায় জেলে-বাওয়ালিদের মধ্যে আতংক বিরাজ করছে। বনের কয়েকটি স্থানে বনদস্যু বাহিনীর টোকেন ছাড়া মাছ ও কাঁকড়া আহরন করা সম্ভব হচ্ছে না। একাধিক জেলেরা জানিয়েছে, বনের নদী-খাল দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় বনদস্যুরা তাদেরকে ডেকেছে। কয়েকটি ঘটনায় তাদের মালামাল লুটও করেছে। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এর মধ্যে অভিযান শুরুর কথা বলছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী নামক স্থান থেকে সফিকুল ইসলাম নামের এক জেলেকে অপহরণ করে বনদস্যুরা। অপহৃত সফিকুলের বাড়ি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, সফিকুলসহ আরও কয়েক জেলে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে কুচখালী নামক স্থানে বনদস্যুদের কবলে পড়েন তারা। ওই সময় সফিকুলের অন্য সঙ্গীরা পালিয়ে আসতে পারলেও তিনি পারেননি। তাকে বনদস্যুরা ধরে নিয়ে চলে যায়। পরবর্তীতে বনদস্যুরা অপহৃত জেলের পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
একইভাবে গত ১৬ সেপ্টেম্বর খুলনা দাকোপের কালাবগি এলাকায় অহিদুল শেখ নামের এক জেলে মুক্তিপন দিয়ে বাড়ি ফিরেছে। তাকে সুন্দরবনের শরবত খালি খাল থেকে অপহরনের পর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়। অপহরনের পর তাকে বেদম মরাপিট করে রক্তাক্ত অবস্থায় ট্রলারে বেঁধে রাখে দুস্য বাহিনী।
দাকোপের সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, হঠাৎ করেই বনদস্যু বাহিনী আবার মাথাচাড়া দিয়েছে। পরপর কয়েকটি ঘটনায় জেলে অপহরনের পর এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে। এসব ঘটনা এরই মধ্যে প্রশাসনকে জানানো হয়েছে।
আলোচনায় তিন বনদস্যু বাহিনী : সরকারের পক্ষ থেকে বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানানো হলে ২০১৬ সালের ৩১ মে জলদস্যু মাস্টার বাহিনী আত্মসমপর্ণ করে। ৫১টি আগ্নেয়াস্ত্র, প্রায় পাঁচ হাজার রাউন্ড গুলি ও তাদের ব্যবহারের সিক্স সিলিন্ডারের ট্রলার নিয়ে ১৩ সদস্যের দলটি র্যা বের কাছে সব জমা দেয়। এরপর বিভিন্ন সময় ৩২টি দস্যু বাহিনী আত্মসমপর্ণ করে। ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত এলাকা ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিন পর আবারও ভীতি ছড়াচ্ছে সুন্দরবনের তিন দস্যু বাহিনী। এর মধ্যে জেলেদের সাথে কথা বলে দাকোপের কালাবগির আছাবুর বাহিনী, কয়রার মাষ্টার বাহিনী ও কালু বাহিনীর নাম জানা গেছে। এদের প্রত্যেক বাহিনীর ৭-৮ জন করে দস্যু রয়েছে। সুন্দরবনের পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জ এাকায় এদের দেখা যায়। জেলেদের নিকট থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেয়ার পাশাপাশি মুক্তিপন আদায় করে। অনেক স্থানে নৌকা প্রতি টোকেন ফি আদায় করছে বনদস্যুরা। টাকা না দিলে জেলেদের অপহরণ করা হয়।
তবে একে বিচ্ছিন্ন ঘটনা দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তারা জানান, এর আগে ২০২৩ সালে সুন্দরবনের গহিনে শেলা নদীর বাওন থেকে বনদস্যুর উৎপাত শুরু হলে মাসুম ফরাজী, হাছান কবিরাজ ও আলমগীর হোসেন হাওলাদার নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। ওই দস্যুরা জেলেবহরে হামলা ও লুটপাট চালিয়ে ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবি করে। এ ঘটনার পর র্যা ব, কোস্টগার্ড, বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে তিন জলদস্যুকে গ্রেফতার করে। এবারও পরিস্থিতি বিবেচনায় যৌথ অভিযান চালানো হবে।
সতর্ক অবস্থায় র্যাব, কোস্টগার্ড বন বিভাগ : কৈখালি ফরেস্ট কর্মকর্তা দ্বীপ কুমার জানান, জেলে অপহরনের বিষয়টি জানার পর থেকে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, জেলেরা সুন্দরবন থেকে ফিরে এসে বনদস্যুদের ব্যাপারে এলাকায় মেম্বার চেয়ারম্যানদের জানাচ্ছেন। কৈখালিতে ৩-৪ জন জেলেকে মারধর করা হয়েছে। সুতারখালিতে জেলে অপহরনের কথা শোনা গেছে। এসব ঘটনা র্যা ব, কোস্টগার্ডকে জানানো হয়েছে। পাশাপাশি বনবিভাগও বনদস্যুদের অপতপরতা বন্ধে কাজ করছে।
কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফ. মুনতাসির জানান, সুন্দরবনে আপাতত: জলদস্যুদের ব্যাপক প্রকোপ নেই। তবে কাছাকাছি সময় কিছু ঘটনা ঘটেছে যা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে একজন বনদস্যুকে চারমাস আগে র্যা ব গ্রেপ্তার করেছিল। সে জামিনে বাইরে বের হয়েছে। সে সুন্দরবন এলাকায় নেমেছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে।