স্পোর্টস ডেস্ক
ভারতীয় দলের দেশের মাটিতে বরাবরই সব থেকে বড় শক্তি হল স্পিন বোলিং। তবে এবার প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশও স্পিনে শক্তিশালী। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগার দলে রয়েছে সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের মতো স্পিনার, যারা বেশ ভালো ছন্দেই রয়েছে।
চেন্নাইতে প্রথম টেস্টে তিন স্পিনারেই খেলতে পারে ভারত। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী উঠে এসেছে সেই তথ্যই। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যে খেলবেন চিদাম্বরম স্টেডিয়ামে সেটা বলাই যায়। কিন্তু তৃতীয় বোলার কে হবেন, সেদিকেই নজর থাকছে। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটালের মধ্যে লড়াই এই পজিশন নিয়ে। তবে পাল্লা ভারি কুলদীপের দিকেই। কারণ টেস্ট ফরম্যাটে চাইনাম্যান বোলার থাকা ভারতকে ঘরের মাঠে বাড়তি সুবিধা দিতে পারে। এছাড়া ইংল্যান্ডের মাটিতে বছরের শুরুতে টেস্ট সিরিজেও ১৯ উইকেট নিয়ে সিরিজ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন কুলদীপ।
এদিকে পেস বোলারদের চারজনকে স্কোয়াডে রাখা হলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেন দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। সেক্ষেত্রে রিজার্ভে থাকবেন আকাশদীপ এবং নবাগত জশ দয়াল। শেষ কয়েক বছর ধরেই ভারত নিজের মাটিতে টেস্ট খেললে তিন স্পিনার, জোড়া পেসার ফর্মেশনেই খেলে আসে। ফলে বাংলাদেশের বিপক্ষেও চেনা সেই স্ট্র্যাটেজিতেই দল নামাতে পারেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা।
মিডল অর্ডারে অবশ্য লোকেশ রাহুল না সরফরাজ খান, সেই নিয়ে ম্যাচের আগের দিন উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ খেলবেন তা ধরে নেওয়াই যায়। ধ্রুব জুরেল, সরফরাজ খান এবং লোকেশ রাহুলের মধ্যে কে খেলবেন মিডল অর্ডারে, সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি দল। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সাওয়াল সম্ভবত ওপেনিং করবেন। এরপর শুভমন গিল এবং বিরাট কোহলি থাকবেন। ঋষভ পন্ত ছাড়া আর কে মিডল অর্ডারে খেলবেন সেটা টেস্টের আগের দিনই ঠিক করবে ভারতীয় দল।











































