স্পোর্টস ডেস্ক
সবশেষ জাতীয় দলের হয়ে তামিম ইকবাল মাঠে নেমেছেন এক বছর হতে চলল। তবে চোটে পড়ে ও ব্যক্তিগত কারণে খেলার বাইরে থাকলেও নতুন ভূমিকা এবার তাকে দেখতে পাওয়া যাবে। সাবেক এই অধিনায়ক আসন্ন ভারত সিরিজে ধারাভাষ্য দিতে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ড্যাশিং ওপেনার আজ মঙ্গলবার চেন্নাইয়ের বিমান ধরেছেন। এসময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক।
তামিম অবশ্য কমেন্ট্রিবক্সে মাইক্রোফোনের পেছনে বেশ স্বাচ্ছন্দ্যবোধই করেন। তিনি নিজেও বলেছিলেন, ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান।
গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন তামিম। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া।
এদিকে তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন তা নিয়ে আলোচনা হচ্ছে প্রচুর। তবে তামিম এখনও ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।
এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।











































