স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে কয়েকদিন পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে ভারত। দুই ম্যাচের এই টেস্ট সিরিজকে সামনে রেখে বিশেষ বার্তা দিয়েছেন ভারত দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী পৃথী নারায়ণন।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। চেন্নাইয়ের এই মাঠ আবার অশ্বিনের বেশি আপন। শৈশব-কৈশোরে এই মাঠে খেলেই বড় হয়েছেন চেন্নাইয়ে জন্ম নেওয়া অশ্বিন। ম্যাচের আগে ভেন্যুটিতে ক্যাম্প করছে ভারত। চেন্নাই টেস্টের স্কোয়াডে আছেন অশ্বিনও।
অনুশীলনে যাওয়ার সময় অশ্বিনের একটি ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে আপলোড করেন অশ্বিনপত্নী পৃথী। এসময় অশ্বিনের গায়েও ছিল অনুশীলনের পোশাক। ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, ‘চেন্নাই, টেস্ট ম্যাচের অনুভূতি আসছে, ঠিক কি না?’
বাংলাদেশ সিরিজই গৌতম গম্ভীরের অধীনে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ভারত। অন্যান্য সাপোর্ট স্টাফদেরও বেশিরভাগ নতুন। বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। বৃহস্পতিবার রাতেই চেন্নাইয়ে পৌঁছানোর পর অনুশীলন শুরু করে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, ঋশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সোয়াল, কুলদীপ যাদব ও লোকেশ রাহুলরা।
টেস্ট সিরিজ উপলক্ষে আগামীকাল রবিবার ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। চেন্নাইতে ম্যাচ শেষ করে কানপুরের উদ্দেশে রওনা দেবে দুই দল। সেখানকার গ্রিন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত লড়াই হবে রোহিত শর্মার দল ও নাজমুল হোসেন শান্তর দলের মধ্যে।
চেন্নাই ও কানপুরের এই দুই টেস্টই চলমান ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’ চক্রের অংশ। প্রতিযোগিতায় ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ৪৫.৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।











































