স্পোর্টস ডেস্ক
তারকায় ঠাসা ভারত ক্রিকেট দল। দলটির সবচেয়ে বড় দুই তারকা সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তবে তাদের চেয়েও জাসপ্রিত বুমরাহকে বেশি মূল্যবান ক্রিকেটার মনে করেন দলটির স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। সব সংস্করণ হিসেব করলে তর্কযোগ্যভাবে বিশ্বেরই সেরা বোলার তিনি। খাদের কিনারা থেকে ভারতকে বহুবার ম্যাচ জিতিয়েছেন তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও কিপটে বোলিংয়ে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন অশ্বিন।
আনঅর্থোডক্স (প্রচলিত নয় এমন) বোলিং অ্যাকশনের কারণে সর্বপ্রথম ২০১৩ সালের আইপিএলে নজর কাড়েন বুমরাহ। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের পর ২০১৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে ক্রমেই দলের বোলিংয়ের নেতৃত্বভার কাঁধে তুলে নেন তিনি।
কিছুদিন আগেই চেন্নাইয়ে এক অনুষ্ঠানের সময় ভক্তদের কাছে বিপুল সংবর্ধনা পান বুমরাহ। প্রখ্যাত নায়ক রজনীকান্তের মতোই তাকে বরণ করে নেন ভক্তরা। এসময় তাকে ভারত দলের সবচেয়ে মূল্যবান তারকা হিসেবে আখ্যা দেওয়া হয়।
অশ্বিন বলেন, ‘আমরা চেন্নাইয়ের জনগণ বোলারদের ব্যাপক প্রশংসা করি। ৪-৫ দিন আগে সে (বুমরাহ) একটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল। আমরা তাকে রজনীর মতো মূল্যায়ন করেছি। আমরা (চেন্নাইয়ের জনগণ) বোলারদের খুব ভালো মূল্যায়ন করি। তাকে (বুমরাহ) একজন চ্যাম্পিয়নের মতো মূল্যায়ন করা উচিত। আমি কারো নাম বলতে চাই না, তবুও বর্তমানে জাসপ্রিত বুমরাহ সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার।’
বুমরাহকে নিয়ে উদযাপন আরও বেশি হওয়া উচিত বলেও মনে করেন অশ্বিন, ‘ভারতে সবসময়ই ব্যাটারদের দাপট বেশি ছিল এবং এর হেরফেরও ঘটবে না। কিন্তু আমি খুব খুশি যে আমরা জাসপ্রিত বুমরাহকে নিয়ে উদযাপন করছি। বুমরাহর মতো বোলার যুগে একজনই আসে। তাকে নিয়ে আমাদের আরও বেশি উন্মাদনা দেখানো উচিত।’











































