ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই কঠিন সময়ে ক্রিকেটারদের ক্যাম্পের জন্য ‘জীবাণুমক্ত’ পরিবেশ তৈরি করা সহজ নয়। অনেক কিছুই এখানে জড়িয়ে, যা বিসিবির হাতে নেই। তাই ঝুঁকি কমাতে, দেশে ক্যাম্প সংক্ষেপ করে শ্রীলঙ্কায় বেশি সময় থেকে ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান।
প্রাথমিক ভাবনা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বরের দিকে জাতীয় দল ও এইচপি দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। ২৪ অক্টোবর শুরু হবে মুমিনুল হকদের তিন ম্যাচের টেস্ট সিরিজ। সে সময় নিজেদের সিরিজে চলে যাবে এইচপি দল। সফরের আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশের মাটিতে ১০-১২ দিন অনুশীলনের ভাবনার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় শোক দিবসে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের পর বিসিবি প্রধান জানান, দেশে ক্যাম্পের সময়টা কমিয়ে আনার পক্ষে তিনি।
“আমরা দেশের মাটিতে খেলা শুরু করছি না, কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বলছি। কেন? কারণ একটাই। আমরা গত কিছু দিন আগ পর্যন্ত জানি শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড নিরাপদৃশ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে কোনো নতুন পজিটিভ পাওয়া যাচ্ছে না দেখে আমাদের মনে হয়েছে, খেলা যদি শুরু করতে হয় তাহলে ওখানে যাওয়াই নিরাপদ। সেই জন্য আমরা প্রথমে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি।”
“এখানে ঝুঁকি আছেৃসেই জন্য আমি ওদের বলেছি, যত অনুশীলন প্রয়োজন সেটা এখানে কমিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যেতে। এখানে ক্যাম্প সংক্ষেপ করে যদি আমরা শ্রীলঙ্কায় যাই, যেহেতু সেখানে ধরা পড়ছে না তাই ধরে নিতে পারি, আমাদের চেয়ে ওদের অবস্থা অনেক নিরাপদ। অন্তত এই মুহূর্তে। এজন্য ওখানে বেশি সময় থেকে, বেশি সময় ধরে যদি ক্যাম্প করি, সেটা ভালো হবে।”
ঈদের আগে থেকে শুরু হয়েছে বিসিবির তত্ত্বাবধানে একক অনুশীলন। ধীরে ধীরে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা। এখান থেকে সামনের চ্যালেঞ্জের প্রাথমিক একটা ধারণা পেয়েছেন নাজমুল হাসান।
বার্সার জালে বায়ার্নের ৮ গোল
ক্রীড়া প্রতিবেদক
দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বায়ার্ন মিউনিখের সামনে স্রেফ উড়ে গেল বার্সেলোনা। ইচ্ছে হলেই যেন গোল করল হান্স ফিকের দল। কিকে সেতিয়েনের দলকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গেল জার্মান চ্যাম্পিয়নরা।
লিসবনে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ৮-২ গোলে জিতেছে দলটি। জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ। দুই অর্ধে চারটি করে গোল হজম করে বিব্রতকর হারে শূন্য হাতে মৌসুম শেষ করল বার্সেলোনা। প্রতিপক্ষের গতি, কৌশল ও সৃষ্টিশীলতার কোনো জবাব দিতে পারেনি তারা। রক্ষণ ছিল ভঙ্গুর, মাঝমাঠ ছন্নছাড়া, বিবর্ণ আক্রমণভাগ-এমন চেহারার দলটিকে নিয়ে যেন ছেলেখেলা করল বায়ার্ন। আগের ম্যাচে নাপোলির বিপক্ষে দারুণ ফুটবল খেলা বার্সেলোনার জন্য যেন ছিল দুঃস্বপ্নের রাত। ফুটবল ইতিহাসে দলটিকে এমন করুণ চেহারায় খুব বেশি দেখা যায়নি। আগের রাউন্ডে দুই লেগ মিলিয়ে চেলসির জালে ৭ গোল করেছিল বায়ার্ন। এবার প্রথম দল হিসেবে ইউরোপ সেরার মঞ্চে নক আউট পর্বের কোনো ম্যাচে ৮ গোল করল তারা। স্বাভাবিকভাবেই প্রথম দল হিসেবে বিপরীত অভিজ্ঞতা হলো বার্সেলোনার। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। পেরিসিচের কাছ থেকে বল পেয়ে লেভানদোভস্কিকে খুঁজে নেন মুলার। ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই জার্মান ফরোয়ার্ড। গোল হজমের পর পাল্টা-আক্রমণে ক্ষণিকের জন্য বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের চেপে ধরে বার্সেলোনা। প্রতিপক্ষের ভুলে সপ্তম মিনিটে সমতাসূচক গোলও পেয়ে যায় তারা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে তেমন কোনো হুমকি ছিল না, সেটাই বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন দাভিদ আলাবা।
২২তম মিনিটে আবার এগিয়ে যায় বায়ার্ন। জিনাব্রির কাছ থেকে বল পাওয়া পেরিসিচকে চ্যালেঞ্জ জানাতে যায়নি বার্সেলোনার কেউ। যথেষ্ট সময় পেয়ে বুলেট গতির কোনাকুনি শট নেন ক্রোয়াট মিডফিল্ডার, বল মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বুটে লেগে জালে জড়ায়। ২৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বায়ার্ন। কেমো লংলেকে পেছনে ফেলে জিনাব্রি খুঁজে নেন জাল। এই গোলের আগে-পরে দুটি দারুণ সুযোগ হাতছাড়া করেন লেভানদোভস্কি। বায়ার্নের একের পর এক আক্রমণে যেন দিশা হারিয়ে ফেলে বার্সেলোনা। সুযোগ কাজে লাগিয়ে ৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বায়ার্ন। কিমিচের নিচু ক্রসে লংলেকে এড়িয়ে জাল খুঁজে নেন মুলার। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এর আগে কখনও কোনো দল এতো আগে চার গোল হজম করেনি। প্রতিযোগিতাটিতে এই প্রথম বিরতিতে যাওয়ার আগে চারবার বল গেল বার্সেলোনার জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর দুটি ভালো সুযোগ নষ্ট করে বায়ার্ন। অন্যদিকে, ৫৭তম মিনিটে নিজেদের প্রথম সুযোগে ব্যবধান কমায় বার্সেলোনা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় বায়ার্ন ডিফেন্ডারদের বিভ্রান্ত করে নিচু শটে জাল খুঁজে নেন সুয়ারেস। খানিক পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় বায়ার্ন। নেলসন সেমেদোকে এড়িয়ে আলফানসো ডেভিস বাইলাইন থেকে কাট ব্যাক করলে ছুটে গিয়ে জাল খুঁজে নেন কিমিচ। তখনও এক জনের গোলের অপেক্ষায় ছিল বায়ার্ন। লেভানদোভস্কি যে পাননি জালের দেখা। ৮২তম মিনিট শেষ হয় অপেক্ষা। কৌতিনিয়োর চমৎকার ক্রসে জাল খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার। আসরে এটি তার চতুদর্শ গোল। মৌসুমে ৫৪তম। লেভানদোভস্কির গোলে অবদান রাখা কৌতিনিয়ো ৮৫ ও ৮৯তম জালের দেখা পান। বার্সেলোনা থেকে জার্মান দলটিতে ধারে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার উদযাপন করেননি গোল। খানিক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। অনেক আগেই হাল ছেড়ে দেওয়া বার্সেলোনার জন্য যা স্বস্তি হয়ে আসে।
জাতীয় শোক দিবসে বিসিবির কর্মসূচি
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল শনিবার দুপুর দেড়টায় শুরু হয় দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কাজ। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হিসেবে পরিচিত। বিপথগামী একদল সেনা সদস্যের সশস্ত্র হামলায় বঙ্গবন্ধু পরিবারের প্রায় সব সদস্য নিহত হন। শুধু মাত্র বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
দেশে ক্রিকেট শুরুর সুযোগ দেখছে না বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
দশ শর্তে দেশে খেলাধুলা শুরুর সবুজ সঙ্কেত দিয়েছে সরকার। করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে ‘নিউ নরমাল’ জীবনে অভ্যস্ত হতে শুরু করেছে সবাই। কিন্তু এখনই দেশের মাঠে ক্রিকেট শুরুর সম্ভাবনা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন তার ভাবনার কথা। বলেন, আমার মতে দুটো পরিস্থিতি হলে লিগ শুরু হতে পারে। একটা হচ্ছে, যদি আমাদের এখানে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয় কিংবা যদি ভ্যাকসিন আসে। এই দুটা ছাড়া লিগ শুরু করার কোনো যৌক্তিকতা দেখি না আমি। একটা যুক্তি তো থাকতে হবে। এরমধ্যে গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা শেষে করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। এ অবস্থায় অনেক কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়টাও জানা গেছে। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। কিন্তু দেশে কবে খেলা শুরু হবে তা জানা যাচ্ছে না।
কিরগিজস্তানকে হারালো বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর ‘এ’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪-২ গেমে হারিয়েছে কিরগিজস্তানকে। এই রাউন্ডে জিতেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। তবে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হেরে যান।
কিরগিজস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশ ৪-২ গেমে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এই ম্যাচে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফাহাদ। বুলগেরিয়ার বিপক্ষেও হেরেছে বাংলাদেশে। হারের ব্যবধান ৬-০। বাংলাদেশ ২ ম্যাচে পেয়েছে ১২ গেম পয়েন্ট। আজ রবিবার সপ্তম রাউন্ডে তুর্কমেনিস্তান, অষ্টম রাউন্ডে ফিলিপাইন ও নবম রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ’এ’-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে শীর্ষ তিন দল টপ ডিভিশনে উন্নিত হবে।
৫০০০ মিটারে নতুন বিশ্বরেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
৫০০০ মিটার দৌড়ে ১৬ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন উগান্ডার জশুয়া চেপটেগাই। মোনাকো ডায়মন্ড লিগে শুক্রবার ১২ মিনিট ৩৫.৩৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট। আগের রেকর্ডের চেয়ে যা প্রায় দুই সেকেন্ড কম।
এতদিন রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৪ সালে নেদারল্যান্ডসে ১২ মিনিট ৩৭.৩৫ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে সোনা জেতা জশুয়ার এই রেকর্ড গড়ার কীর্তি মাঠে বসে দেখেছেন পাঁচ হাজার দর্শক।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ধোনি
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের ইনস্টাগ্রামে গতকাল শনিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এই ঘোষণা দেন তিনি। ইনস্টাগ্রামে ধোনি লেখেন ‘ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই পোস্টকেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা হিসেবে জেনে নিন।’ ধোনি টেস্ট ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছিলেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতেও নিয়মিত ছিলেন না। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বললেন। তবে আইপিএলে ঠিকই খেলবেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। ভারতের হয়ে সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে খেলেছিলেন ধোনি।
প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ কপ
ক্রীড়া প্রতিবেদক
তিন দশকের অপেক্ষার ইতি টেনে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন কপ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের শীর্ষ লিগের বর্ষসেরা কোচ হিসেবে গতকাল শনিবার জার্মান এই কোচের নাম ঘোষণা করা হয়।
রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা দলটি আসর শেষ করে ৯৯ পয়েন্ট নিয়ে; দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে যা ১৮ পয়েন্ট বেশি। বর্ষসেরার দৌড়ে ৫৩ বছর বয়সী কপ পেছনে ফেলেছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, লেস্টার সিটির ব্র্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে। ২০১৯-২০ মৌসুমে পাঁচবার মাসের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন কপ, পেরিয়ে যান ২০১৭-১৮ মৌসুমে চারবার এই পুরস্কার পাওয়া ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলাকে। গত মাসে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ)-এরও বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া কপ।
বরখাস্ত হচ্ছেন বার্সা কোচ
ক্রীড়া প্রতিবেদক
বায়ার্নের কাছে ৮-২ গোলের হারের ম্যাচের শেষ মুহূর্তেই দেখা গেছে অসহায় সিসে সেতিয়েনের মুখ। ডাগআউটে টেন্টের সামনে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার এই দৃষ্টিই বলে দিচ্ছিল, পরের এক-দুদিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে এবং বার্সা কোচ হিসেবে সেটাই যে তার শেষবার ডাগআউটে দাঁড়ানো, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছেন সেতিয়েন।
৮-২ গোলে হার! এতবড় লজ্জার কথা বার্সার ইতিহাসেই লেখা নেই। বর্তমান প্রজন্ম কেন, কয়েক প্রজন্মেরও মনে নেই। এমন লজ্জা আর অপমান নিয়ে মাঠ ছাড়ার পর কোচ সিসে সেতিয়েনের চাকরি আর থাকছে না, এটা প্রায় সবাই বলে দিচ্ছিল। বিশেষ করে কাবের অধিনায়ক লিওনেল মেসিই যখন পছন্দ করেন না, সেতিয়েনকে তখন তার আর ন্যু ক্যাম্পে থাকার প্রশ্নই আসে না। বায়ার্নের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই বার্সা কর্মকর্তাদের মধ্যে সিদ্ধান্ত নেয়া ছিল, সিসে সেতিয়েনকে আর না রাখার। তার রিপ্লেসমেন্ট কে হবে, তা নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের পর এই সিদ্ধান্ত বাস্তবায়নে এখন আর অপেক্ষা করতে চাইবে না বার্সা।
৭৪ বছর পর এমন দিন দেখল বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক
স্প্যানিশ কাব বার্সেলোনাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়ার শপথ নিয়েই হয়তো পর্তুগালের রাজধানী লিসবনের স্তাদিও দ্য লুইজে খেলতে নেমেছিল জার্মান কাব বায়ার্ন মিউনিখ। নতুবা ৮০ মিনিট পর্যন্ত ৫ গোল করে এগিয়ে থাকলে শেষ দশ মিনিটে আরও ৩ গোল নিশ্চয়ই করে বসতো না কাবটি।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে নকআউট স্টেজে প্রতিপক্ষের জালে ৮ গোলের রেকর্ড গড়েছে বায়ার্ন। বার্সার হয়ে একটি গোল শোধ করেছেন লুইস সুয়ারেজ আর একটি গোল পাওয়া গেছে আত্মঘাতী খাতা থেকে। সবমিলিয়ে বায়ার্নের জয়ের ব্যবধান ৮-২। পরিসংখ্যানের পাতা ঘেঁটে পাওয়া গেল, কাবের ইতিহাসে ৭৪ বছর পর এমন দিন দেখল বার্সেলোনা। সবশেষ ১৯৪৬ সালে নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট কোপা দেল রে’র ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল বার্সা। সেই দিনের ৭৪ বছর পর ফের ৮ গোল হজম করল তারা।
মেসি-রোনালদোকে ছাড়া ১৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া প্রতিবেদক
তারা দু’জনই সময়ের সেরা। একইসঙ্গে সর্বকালের সেরার তালিকা করতে গেলেও অবজ্ঞা করার সুযোগ কোথায়? অসাধারণ সব সাফল্যে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইউরোপিয়ান কাব ফুটবলে রাজত্ব করছেন এক যুগেরও বেশি সময় ধরে। কিন্তু এবার দেখা যাবে ভিন্ন দৃশ্যপট। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া দেখা মিলবে অন্য এক উয়েফা চ্যাম্পিয়নস লিগের।
শুক্রবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হতাশ করা ফুটবলে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল মেসির বার্সেলোনা। এর আগেই বিদায় নিয়েছে রোনালদোর জুভেন্টাস। এর অর্থ এবার এই দুই মহাতারকাকে ছাড়াই হবে ইউরোপিয়ান কাব ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। রোনালদোর পর মেসির বিদায়ে হতাশ ভক্তরা। এই দুই সুপারস্টারকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল শেষ হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। সে বছর আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে বার্সেলোনা। কিন্তু দল চ্যাম্পিয়ন হলেও সেমি-ফাইনাল বা ফাইনালে নামেননি মেসি!
ব্রাজিলের চেয়েও বেশি নিষ্ঠুরতার শিকার বার্সা- মুলার
ক্রীড়া প্রতিবেদক
বায়ার্ন মিউনিখের ক্ষুরধার আক্রমণভাগ খুব চেনা ফুটবল দুনিয়ার কাছে। সেটা আরও একবার প্রত্যক্ষ করল ফুটবল প্রেমীরা। তবে সেটা ভয়ানকভাবে।
বাভারিয়ানদের আক্রমণের তোড়ে অসহায় হয়ে পড়েছিল বার্সেলোনা। আর বায়ার্ন দেখিয়েছে তাদের ভয়ানক রূপ। বার্সাকে দুর্বল দলে পরিণত করতে পুরো কৃতিত্বের দাবীদার কোচ হানসি ফিক। তার জার্মান জায়ান্ট কাবের ফুটবল জাদুর কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের লজ্জাজনক হারের রেকর্ড গড়েছে বার্সা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই বিজয়ী দলে ছিলেন ৩০ বছরের টমাস মুলার। এ তারকা মিডফিল্ডারের মতে, ব্রাজিলের সেই হারের ম্যাচে জার্মানির চেয়ে এ ম্যাচে আরও বেশি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে বায়ার্ন। পুরো ম্যাচে শাসন করে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।
স্টেগেনকে ৮ গোল খেতে দেখে ব্যথিত নয়ার
ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনাকে গোল বন্যায় ভাসিয়ে দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে কাতালুনিয়ার দলটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জন্য খারাপ লাগছে তার। ম্যাচটিতে দুজন প্রতিপক্ষ শিবিরে থাকলেও জাতীয় দলে তারা যে সতীর্থ।
পর্তুগালের লিসবনে শুক্রবার বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নেয় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বের কোনো ম্যাচে ৮ গোল করেছে তারা। স্বাভাবিকভাবেই প্রথম দল হিসেবে বিপরীত অভিজ্ঞতা হয়েছে বার্সেলোনার। একের পর এক গোল খাওয়ায় ম্যাচ জুড়েই ব্যস্ত থাকতে হয়েছে স্টেগেনকে। ম্যাচ শেষে তার প্রতি সমবেদনা জানান জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক নয়ার।
“মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জন্য আমি কিছুটা ব্যথিত যে, সে এতগুলি গোল হজম করেছে। আমাদের জন্য অবশ্যই এটি ভালো। তবে জাতীয় দলের কোনো সতীর্থের ক্ষেত্রে এমনটা ঘটুক, তা কেউ চাইবে না।”
রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের লড়াই
ক্রীড়া প্রতিবেদক
সাউদাম্পটন টেস্টে পেস বোলিংয়ের সঙ্গে চলছে বৃষ্টির দাপট। দ্বিতীয় দিনেও বৃষ্টি ও আলোর স্বল্পতায় খেলা হয়নি অর্ধেকেরও বেশি সময়। খারাপ আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ডের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটকিপার ব্যাটসম্যানের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
রোজ বোলে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ৯ উইকেটে ২২৩। বৃষ্টি ও আলোর স্বল্পতায় খেলা হয়েছে মোটে ৪০.২ ওভার। দুই দিন মিলিয়ে খেলা হয়েছে ৮০ ওভার। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে ৯০ মিনিট পর, এরপর দিনের শেষ ঘোষণা করতে হয় স্থানীয় সময় বিকেল ৪-৪৫ মিনিটে। ইংল্যান্ডের পেস নির্ভর কন্ডিশনে দারুণ খেলে যাচ্ছিলেন বাবর আজম। আগের দিন ২৫ রান নিয়ে তিনি দিন শুরু করেছিলেন রিজওয়ানকে সঙ্গী করে। যদিও হাফসেঞ্চুরির আগেই থামতে হয় তাকে। ৪৭ রানে তাকে ফেরান স্টুয়ার্ট ব্রড। উইকেটকিপার জস বাটলারের গ্লাভসবন্দী হওয়ার আগে বাবর খেলেন ১২৭ বল। বাবরের বিদায়ের পর শুরু হয় আসা-যাওয়ার পালা। লোয়ার অর্ডারে ইয়াসির শাহ (৫) ও শাহীন আফিদ্রি (০) দাঁড়াতেই পারেননি। মোহাম্মদ আব্বাসের ব্যক্তিগত রান (২) বেশি না হলেও নবম উইকেটে রিজওয়ানের সঙ্গে গড়েন ৩৯ রানের কার্যকরী জুটি।
১৪ রানে জীবন পাওয়া রিজওয়ান সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে যাচ্ছেন। ঠা-া মাথার ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত ৬০ রানে। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন নাসিম শাহ (১*)।
পিএসজিকে জরিমানা করল উয়েফা
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে থ্রিলার জয়ে আড়াই দশক পর নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। পিছিয়ে পড়েও শেষদিকে তিন মিনিটে দু’গোল দিয়ে ইতালির কাব আটলান্টাকে নক-আউট করেছেন নেইমার, এমবাপেরা। কিন্তু সেই থ্রিলার জয়ের মূল্য জরিমানা দিয়ে চোকাতে হচ্ছে প্যারিসের কাবটিকে। শুক্রবার প্যারিস সা জাঁর্মেই’কে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা।
প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে পাসালিচের গোলে পিছিয়ে পড়েছিল পিএসজি। অভিযোগ, বিরতিতে লকাররুমে পিছিয়ে পড়া দলকে পেপটক দিতে এতোটাই মগ্ন ছিলেন কোভ থমাস টাচেল, যে বিরতির পর মাঠে নামতে দেরি করে ফেলেন নেইমাররা। আর সেই কারণেই শাস্তিস্বরূপ ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটিকে মোটা অংকের জরিমানা করেছে চ্যাম্পিয়ন্স লিগের শৃঙ্খলারক্ষা কমিটি। দলকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে কাবের জার্মান কোচকেও। শৃঙ্খলারক্ষা কমিটি গোটা বিষয়টির জন্য নেইমারদের বস টাচেলকেই কাঠগড়ায় তুলেছে।











































