Home আঞ্চলিক সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ দিলে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ দিলে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

82


স্টাফ রিপোর্টার||
দখল, চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার ঘটনা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি। বিএনপির ওই নেতার দাবি, পটপরিবর্তনের পর তিনি ১২০০ বিঘার ঘের দখল করেছেন বলে প্রতিপক্ষের লোকেরা অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

অথচ মোল্লাহাটে এমন কোনো ঘেরের অস্তিত্ব-ই নেই। মূলত কেন্দুয়ার বিলে মানুষের শত শত বিঘা জমি এতদিন যারা জবরদখল করে ভোগ করেছেন, তারাই পুনরায় দখলে রাখতে এবং সাধারণ মানুষের জমির টাকা না দেয়ার কৌশল হিসেবে চক্রান্তের আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতে তিনি প্রশাসনিক ও দলীয় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শেখ হাফিজুর রহমান আরও বলেন, ‘আজিজুর রহমান নামে এক মৎস্য খামারি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদে বিশ্বাসী নেতাকর্মীদের অত্যাচারকারী আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতার ক্ষমতার দাপট গড়েন। তারা আমার এলাকা কেন্দুয়া বিলে সাধারণ জমির মালিকদের জমার টাকা না দিয়ে জোরপূর্বক দখল করে মৎস্য খামারসহ নানা ব্যবসা করে গরীবের রক্ত চুষে খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন করে দেশ স্বাধীনতা অর্জন করায় জমির মালিকরা তাদের জমি ফিরে পেতে প্রশাসনসহ নানা জায়গায় ধর্না দেয়া শুরু করলে দীর্ঘদিনের অত্যাচারীরা আত্মগোপনে গিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে নানা অপবাদ রটাচ্ছেন। আওয়ামী লীগ নেতাগণও তাদের দীর্ঘদিনের ব্যবসায়ীক মিত্র চক্রটি মিলে এখনও মনে করে মোল্লাহাট উপজেলাটি গোপালগঞ্জের অংশ।

আমি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের সব নেতাকর্মী ও ওই চক্রটিকে সতর্ক করতে চাই। যতই ষড়যন্ত্র করুক না কেন আমাকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরানো যাবে না। আর যারা কৌশলে আমাকে ঘের দখলকারী সাজানোর অপচেষ্টা করছেন, তা সফল হবে না।’


অভিযোগের বিষয়ে জানতে আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।