Home আঞ্চলিক তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

32


সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম টুম্পা খাতুন (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। টুম্পা সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনালের ছাত্রী ছিলেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের বাবা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে টুম্পার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আঘাতে মেয়েটির মারাত্মক হেড ইনজুরি হয়েছে। ধারণা করা হচ্ছে- আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে।