স্পোর্টস ডেস্ক
আগের দিন খেলা শেষ করার পর সাকিব আল হাসানের শিকার ছিল ৪ উইকেট। গতকাল বাকি ১ উইকেট নিতে খুব বেশি দেরি হয়নি তার। সমারসেটের ব্যাটার টম ব্যান্টনের উইকেট নিয়ে ‘ফাইফার’ পূর্ণ করেন সারের এই বাংলাদেশি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭ মাস পর ৫ উইকেট নিলেন সাকিব।
টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েট গ্রাউন্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ এর ম্যাচে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৬ রান খরচায় ৫ উইকেট নেন সাকিব। এর আগে প্রথম ইনিংসে নেন ৯৭ রানে ৪ উইকেট। সারের হয়ে এটা সাকিবের অভিষেক ম্যাচ। আর কাউন্টিতে ফিরেছেন ১৩ বছর পর। দুই ইনিংসে দারুণ বোলিংয়ে সাকিবের সামনে আছে ম্যাচসেরা হওয়ার হাতছানি। ফলে সবমিলিয়ে কাউন্টিতে প্রত্যাবর্তনটা স্বপ্নের মতোই হলো এই অলরাউন্ডারের।
বৃহস্পতিবার ১ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে সমারসেট। ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন মিলে খেলেন ৯.৩ ওভার। দিনের দশম ও ইনিংসের ৬৪তম ওভারে সাকিবের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ব্যান্টন। এতে সাকিবের ফাইফার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অলআউট হয় সমারসেট। অ্যাঙ্কেলের চোটে ‘রানার’ নিয়ে খেলা ব্যান্টন ৬৫ বলে করেন ৭০ রান। ৭৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ওভারটন। সমারসেটের ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে। প্রথম ইনিংসের ৪ রানের লিডের সৌজন্যে সারের সামনে ম্যাচ জেতার লক্ষ্য এখন ২২১ রান।
সর্বশেষ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব। এবার সারের হয়ে সমারসেটের বিপক্ষেও তার শিকার ৯৬ রানে ৫ উইকেট। মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ইনিংসে ২২ উইকেট উইকেট নিলেও ফাইফারের দেখা পাননি। এই ম্যাচে দুই ইনিংসে মিলে ম্যাচে তার শিকার ১৯৩ রানে ৯ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটিই তার ম্যাচ সেরা বোলিং। এর আগে ২০১০ সালে উরস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ শিকার করেন সাকিব। এই ম্যাচের আগ পর্যন্ত কাউন্টি ক্রিকেটে এটা তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল। আর ইনিংসে ওই ৭ উইকেট এখন পর্যন্ত সেরা।











































