Home খেলাধুলা ২০২৭ পর্যন্ত আর্সেনালে আর্তেতা

২০২৭ পর্যন্ত আর্সেনালে আর্তেতা

20


স্পোর্টস ডেস্ক

আর্সেনালের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে মিকেল আর্তেতার। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন স্প্যানিয়ার্ড এই কোচ। ২০২৭ সাল পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন তিনি। চলতি মৌসুমের পরই ৪২ বছর বয়সী আর্তেতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল আর্সেনালের। লন্ডনের ক্লাবটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তার
সঙ্গে নতুন চুক্তি করার কথা জানায়। যদিও চুক্তির মেয়াদ খোলাসা করেনি আর্সেনাল। ইংলিশ গণমাধ্যমের খবর, সব মিলিয়ে আরও ৩ বছর ক্লাবটিতে থাকবেন আর্তেতা।
গত মাসেই আর্সেনালে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্তেতা। সে সময় তিনি বলেছিলেন, গ্রীষ্মকালীন দলবদলের পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। অবশেষে আরও লম্বা সময়ের জন্য ইংলিশ ক্লাবটিতে থাকার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আর্তেতা। তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত, খুবই রোমাঞ্চিত এবং
সামনের সময়ের জন্য উন্মুখ হয়ে আছি। আমি যেখানে আছি এবং ক্লাবের সবার সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে, তার জন্য আমি গর্বিত।’
আর্তেতা বলেন, ‘আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা আছে সেটা নিয়ে এখানে ভালো মানুষদের সঙ্গে প্রতিদিন কাজ করার জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। আমি অনুপ্রাণিত হই, চ্যালেঞ্জ অনুভব করি ও সমর্থন পাই এবং আমরা এরই মধ্যে একসঙ্গে যা অর্জন করেছি তার চেয়ে আরও অনেক কিছু করতে চাই।’ আর্তেতার অধীনে গত দুই মৌসুমে প্রিমিয়ার লীগে রানার্সআপ হয় আর্সেনাল। দুইবারই তারা জাগায় শিরোপা জয়ের সম্ভাবনা। এবারও শুরুটা খারাপ হয়নি তাদের। ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে চারে আছে তারা। তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি, দুইয়ে লিভারপুল। আর্সেনালের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে তিনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের লীগে লড়াই শুরু করবে আর্সেনাল। চার দিন পর চ্যাম্পিয়ন্স লীগে গতবারের ইউরোপা লীগ জয়ী আতালান্তার মুখোমুখি হবে আর্তেতার দল। এরপর আগামী ২২শে সেপ্টেম্বর প্রিমিয়ার লীগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে গানাররা। তিনটি ম্যাচই তারা খেলবে প্রতিপক্ষের মাঠে।