নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী কদরুল উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনায় নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদরুল হাসানকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এরপর পুলিশ ও ছাত্রশিবির নেতাকর্মীরা অচেতন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস জানান, বুধবার ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে গত ৬ দিন তিনি কোথায় কী অবস্থায় ছিলেন তা এখনও জানা যায়নি। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে।
কদরুলের পরিবারের সদস্যরা জানান, গত ৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে তিনি নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় একটি মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। কিন্তু রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেন।
কদরুল নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন।
সবচেয়ে আত্মহত্যাপ্রবণ জেলায় মৃত্যু বাড়ছেই
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণী পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই তরুণীর স্বজনরা জানান, তাঁর বাবা দিনমজুর। ১০ বছর আগে পার্শ্ববর্তী জিতেন্দ্রপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক মাসের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকেই দরিদ্র বাবার সংসারে আছেন তিনি। অভাবের সংসারে মাঝেমধ্যেই মা-বাবার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হতো। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই তরুণী বেঁচে গেলেও প্রতিনিয়ত এ জেলায় নিজের জীবন কেড়ে নিচ্ছেন বহু মানুষ। পারিবারিক, আর্থিক, দম্পত্য কলহসহ নানা কারণে আত্মহত্যা কিংবা জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ ক্ষেত্রে নারীর সংখ্যাই বেশি।
বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাটিতে। স্থানীয় গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে আত্মহত্যার হার প্রতি লাখে ৬ থেকে ১০ জন; যা উন্নত দেশের কাছাকাছি। তবে ঝিনাইদহে এ হার এক লাখে প্রায় ২১ জন।
গবেষণায় দেখা গেছে, এ জেলায় আত্মহত্যার সংখ্যা বাড়ছেই। ২০০৫ সালে জেলায় আত্মহত্যা করেন ১৪৮ জন, ২০০৬ সালে ১৯৫, ২০১৫ সালে ৩৫৯, ২০১৬ সালে ৩৮৮, ২০২১ সালে ২৯১, ২০২২ সালে ৩১৮ ও ২০২৩ সালে ৩২৮ জন।
আত্মহত্যাবিরোধী স্থানীয় বেসরকারি সংগঠন সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিসের (সোভা) পরিচালক জাহিদুল ইসলাম বলেন, জেলায় আত্মহত্যা সার্বিক বিবেচনায় কমেনি।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিষপান, গলায় দড়িসহ নানাভাবে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। সোমবার হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন আছেন ৪ নারী।
সোভার তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আত্মহত্যা করেছেন ৮০ জন। ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত জেলায় আত্মহত্যা করেছেন ৫ হাজার ৪৫৩ জন। এ সময়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রায় ৪২ হাজার মানুষ।
সদর হাসপাতাল ও সোভার তথ্যমতে, আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে ৬৫ শতাংশই নারী। তাদের মধ্যে ৭০ শতাংশের বয়স ১০ থেকে ৩০ বছর।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাঈম সিদ্দিকী জানান, অনেকেই বিভিন্ন ধরনের কীটনাশক পান বা রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, অল্প বয়সে বিয়ে দেওয়া এবং প্রবাসীদের স্ত্রীদের আত্মহত্যার হার বেশি। এ ছাড়া পারিবারিক কিংবা অন্যান্য কারণেও মানুষ আত্মহত্যার চেষ্টা করেন। পাশাপাশি বৃদ্ধ বয়সে সন্তান বা পরিবারের অন্য সদস্যদের অবহেলায় বিষণ্নতায় ভুগে আত্মহত্যার চেষ্টা করেন কেউ কেউ। তবে আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক সমর্থনই বেশি কার্যকর।
শোভার পরিচালক জাহিদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে ২৪ শতাংশ, মানসিক সংকটে ১৫ শতাংশ, দারিদ্র্যের শিকার হয়ে ৯ শতাংশ, প্রেমজনিত কারণে ৫ শতাংশ, যৌন নির্যাতনে ১.৭ শতাংশ মানুষ আত্মহত্যার চেষ্টা করছেন। তবে আত্মহত্যার জন্য পারিবারিক কলহ সবচেয়ে বেশি দায়ী।
জাহিদুল ইসলাম বলেন, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি। ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসনের মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক রোধসহ নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় আনতে হবে। মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সর্বোপরি পারিবারিক ও সামাজিক সংহতি বাড়াতে হবে। তাহলেই কমে আসবে আত্মহত্যা।
লাশের খাটিয়া আনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় দাদির লাশ দাফনের জন্য ঘাড়ে করে খাটিয়া নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল মোল্যাসহ পাঁচ যুবক। কিন্তু রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।
মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কে লোহাগড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৩) একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫) ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২৪)। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার বৃদ্ধা মায়ের মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টা সময় খাটিয়া ঘাঁড়ে করে আনার সময় মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং একজন আহত হন।
লোহাগড়া হাসপাতালের চিকিৎসক বেলাল হোসেন জানান, ট্রাকচাপায় আহত শামিম শেখ, জিয়া বিশ্বাস ও রাসেল মোল্যাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত কুইন শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক চালক ট্রাকটি চালিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজ ঘরে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, বন্ধু-স্ত্রী আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শিমুল গাজী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার শিমুল গাজীর ঘরের মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়নের কাইজদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে।
হত্যায় জড়িত থাকার সন্দেহে শিমুলের স্ত্রী পলি বেগম ও বন্ধু আজাদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শিমুল কাইজদাহ গ্রামের মৃত আবদুল্লাহ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল কৃষিকাজ করতেন। তিনি দ্বিতীয় স্ত্রী পলি বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত ২ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত শনিবার স্থানীয় শেখাটি পুলিশ ফাঁড়িতে জিডি করেন শিমুলের ছোট ভাই ইমরুল ইসলাম। সোমবার ভাইয়ের ঘরের এক কোণে নতুন মাটি দেখে ইমরুলের সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান। পুলিশ ঘরের মাটি খুঁড়লে শিমুলের মরদেহ বেরিয়ে আসে।
ইমরুল ইসলাম বলেন, তাঁর ভাই নিঃসন্তান ছিলেন। ভাইয়ের বন্ধু প্রতিবেশী ঘের ব্যবসায়ী আজাদ শেখের সঙ্গে তাঁর ভাবির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অনেক সময় রাত ৯-১০টা পর্যন্ত তারা একসঙ্গেই থাকতেন। ভাই হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিনের ভাষ্য, পলি বেগম তাঁর স্বামীকে হত্যা করে নিজ ঘরের মধ্যে মাটি ও বালুর বস্তা দিয়ে মাটিচাপা দিয়ে রাখেন। স্বামীকে হত্যায় প্রতিবেশী আজাদ শেখ তাঁকে সহায়তা করেছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। পলি স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি ঢাকা অফিস
ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাদশা সোলায়মান ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
ঝিনাইদহ র্যাবের মেজর নাঈম আহমেদ বলেন, কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ২ ভাই নিহত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চর-মল্লিপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-মল্লিকপুর গ্রামে খান মাহমুদ গ্রুপ ও এস এম ফেরদৌস গ্রুপের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখের ওপর হামলা চালায় খান মাহমুদ গ্রুপের লোকজন।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিরান-জিয়াউরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চর-মল্লিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মাগুরায় সাংবাদিককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি
মাগুরায় ‘দৈনিক এই বাংলা’ নামে পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ আলীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক আহমেদ আলী মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা ও মাগুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদ খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মাগরিবের নামাজ শেষে জানাজায় যাচ্ছিলেন। হাসপাতাল পাড়ায় অবস্থিত আল-আহাদ ক্লিনিকের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত আহমদ আলীর বড় ভাই খন্দকার মোহাম্মদ আলী বলেন, কে বা কারা আমার ভাইয়ের ওপর হামলা করেছে আমরা কিছু জানি না। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভিকটিমদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কারা এর সঙ্গে জড়িত এবং কি কারণে এ ধরনের হামলা ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হবে।
নড়াইলে সাবেক হুইপ মাশরাফীসহ ৯০ জনের নামে মামলা
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফী বিন মুর্ত্তজা এবং তার পিতা গোলাম মুর্ত্তজা স্বপনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।
সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানায় মামলা নম্বর ১০।
মামলার অন্য আসামিরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্নক অস্ত্রাদী নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনী সমাবেশ করে।
ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা অভিভাবকসহ সাধারণ মানুষ স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্তু পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে।
এ সময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর জখম হন। এ ছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়েছেন। তাদের ইট-পাটকেলেও অনেক আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অটো-টেম্পু সমিতির সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ
#সমিতিতে গাড়ি ভর্তির জন্য নিতেন ৩০ থেকে ৫০ হাজার টাকা।
# নাম পরিবর্তনের জন্য নিতেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।
# বছর গড়ে ৩৬ লাখ টাকা চাঁদাবাজী।
# সরকার পতনের পর দিয়েছেন গা ঢাকা।
খুলনাঞ্চল রিপোর্ট
ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনের বিরুদ্ধে অটো-টেম্পু মালিক সমিতির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন লালমোহন পৌর শহরের থানার মোড়ের অটো টেম্পু মালিক সমিতির সদস্যরা।
জানা গেছে, ১৯৯৩-৯৪ সালে ২৮টি টেম্পুর মালিকদের নিয়ে গঠিত হয় ‘লালমোহন অটো টেম্পু মালিক সমিতি’। ওইসব অটো টেম্পু লালমোহন-তজুমদ্দিন উপজেলার ৪টি রুটে প্রতিদিন চলাচল করা ৪০ থেকে ৫০টি গাড়ি থেকে মালিক সমিতির নামে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত চাঁদা উঠাতেন অরুন। এতে প্রতি বছর গড়ে ৩৬ লাখ টাকা চাঁদা তুলেন দিদারুল ইসলাম। সেই হিসেবে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছরে অন্তত ৫ কোটি ৭৬ লাখ টাকা দাঁড়ায়। এসব টাকার কোনো হিসাব পাননি মালিক সমিতির অন্যান্যরা।
ওই সংগঠনের প্রতিষ্ঠা থেকে প্রায় ৫ বছর সভাপতি ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জলিল মিয়া।
লালমোহন অটো-টেম্পু মালিক সমিতির তৎকালীন সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার সময়ে মালিক সমিতির কর্মচারী ও অফিস খরচ নির্ণয় করে পরিমাণ মতো টাকা নেয়া হয়েছিল। ফলে তখন কোনো মালিকের টাকা জমানো ছিল না। পরে ২০০৮ সাল পর্যন্ত এ সমিতির সভাপতি ছিলেন পৌরসভার তৎকালীন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল।
লালমোহন অটো টেম্পু মালিক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পরপরই জোরপূর্বক সমিতির স্বঘোষিত সভাপতি হন দিদারুল ইসলাম অরুন। তখন সমিতিতে শতাধিক মালিকের জমানো নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং আমার দুইটি গাড়ি আটক রেখে ৪ লাখ টাকা চাঁদা নেন তিনি। পরে আমাকে বাধ্যতামূলক আওয়ামী লীগে যোগদান করিয়ে ৫ মাস পরে গাড়িগুলো ছেড়ে দেন। শেষমেষ ওই গাড়িগুলো ভাঙারি হিসেবে কেজি দরে বিক্রি করতে হয়েছে।
তিনি আরো জানান, দিদারুল ইসলাম অরুন সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রলীগ ও যুবলীগের পর সর্বশেষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন অরুন। ওই প্রভাব বিস্তার করেই সভাপতির আসনে বসে বিএনপিপন্থী ও নিরীহ মালিকদের গাড়ি আটক করে এভাবেই অর্থ হাতিয়ে নেন দিদারুল। পাশাপাশি প্রতিটি গাড়ি ভর্তির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা, নাম পরিবর্তনের নামে ৩০ থেকে ৪০ হাজার টাকা, কাগজপত্র না থাকলে থানা-পুলিশের মাধ্যমে আটক দেখিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিতেন তিনি।
লালমোহন অটো টেম্পু মালিক সমিতির সদস্য মো. অলিউল্যাহ, আবুল কালাম, মো. আলমগীর, আব্দুর রহমান, নূরুজ্জামান এবং আলী হোসেন বলেন, দিদারুল ইসলাম অরুন সভাপতির আসনে বসেই আগের ভর্তিকৃত গাড়িগুলো থেকে নতুন করে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। আবার এসব গাড়িগুলো কেউ কিনলে নতুন করে সমিতিতে ভর্তির জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা,, নাম পরিবর্তনের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা করে নিতেনঅরুন। এছাড়া কোনো গাড়ির বডি বড় অথবা রঙ করলেও টাকা দিতে হতো এই অরুনকে। তবে কোনোদিনই এসব টাকার হিসেব চাইতে পারিনি আমরা। কেউ প্রতিবাদ করতে চাইলে তার ওপর নানাভাবে নির্যাতন চালানো হতো।
নাম প্রকাশ না করার শর্তে এক গাড়ির মালিক ও লালমোহন বাজারের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী জানান, সমিতিতে আমার গাড়ি ভর্তির বিষয়ে কথা বলতে তার বাসায় যাই। ওই সময় তার ঘর পাকাকরণের কাজ চলছিল। তার বাসায় যাওয়ার পর তিনি গাড়ি সমিতির অন্তর্ভুক্ত করতে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং নতুন বাসার জন্য ৫টি ফ্যান দাবি করেন। গাড়ি চালানোর স্বার্থে তার কথাই মেনে নিই।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অটো-টেম্পু মালিক সমিতির সভাপতি দিদারুল ইসলাম অরুনের বাসায় গিয়ে কয়েকবার খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়ায় দিদারুল ইসলাম অরুনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, দিদারুল ইসলাম অরুন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দায়িত্বে ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির। যার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন দিদারুল ইসলাম অরুন।
আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে দিদারুল ইসলাম অরুনের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন দলীয় নেতাকর্মীরাও। তিনি দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে নিরব চাঁদাবাজী করেছেন। দলের নাম ভাঙিয়ে নিজের পকেট ভারি করলেও দলের প্রয়োজনে তেমন কোনো অর্থ ব্যয় করতেন না। এ নিয়ে তার ওপর চরম ক্ষোভ ছিল আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, টাকা আত্মসাতের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুয়া ভাউচারে বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে সার বিক্রি, নিয়মিত দোকান না খোলা ও প্রাপ্ত সারের সঠিক হিসাব না থাকার এক ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুর পৌনে ১টায় কুমারখালী স্টেশন বাজার এলাকার মেসার্স হাজী এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. কামরুজ্জামান রতনকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় কুমারখালী কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, বিসিআইসির নিয়ম অনুযায়ী একজন ডিলারকে নিয়মিত দোকান খুলতে হবে এবং ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে। কিন্তু মেসার্স হাজী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে নিয়ম ভেঙে অধিকাংশ সময় দোকান বন্ধ রাখে। এছাড়া বিভিন্ন নামে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে সার বিক্রি করে আসছে।
ভুক্তভোগীদের এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার মো. কামরুজ্জামান রতনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, বিভিন্ন নামে ভুয়া ভাউচার তৈরি করে বেশি দামে সার বিক্রি, নিয়মিত দোকান না খোলা ও প্রাপ্ত সারের সঠিক হিসাব না থাকার অপরাধে মেসার্স হাজী এন্টারপ্রাইজের ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নিয়ম কানুন মেনে চলতে কঠোর সতর্কীকরণ করা হয়েছে।
মোংলায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৮৭ জনের নামে মামলার আবেদন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ যুবলীগ ও ছাত্রলীগের ৮৭ নেতাকর্মীর নামে বাগেরহাট আদালতে পৃথক তিনটি মামলার আবেদন হয়েছে।
বাগেরহাটের জেলা দ্রুত বিচার আদালতে ৯ সেপ্টেম্বর মোংলার স্থানীয় বিএনপির নেতা কামাল হাওলাদার, বাবু মোল্লা ও ফাতেমা বেগম এই তিন মামলার আবেদন করেন। মামলা তিনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে জানা গেছে।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, সহ-সভাপতি নুর আলম জিকু, যুবলীগ নেতা মাখন মিজান, সেলিম শেখ, লিটন ফরাজি, মো. শাহাদাৎ, মো. ওয়াসিম, মইনুল হাসান মিন্টু, শহিদুল মোল্লা, আব্দুল জব্বার শিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাজি মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, সাবেক পৌর মেয়র শেখ আব্দুর রহমানের জামাতা গোলাম কিবরিয়া ও অপর জামাতা মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহমুদ হাওলাদারসহ ৮৭ জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বাদীরা উল্লেখ করেন, আসামিরা প্রভাবশালী, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী। তারা গত ২০২১ সালের ১৫ জানুয়ারি রাত ১০টায় মাদরাসা রোড ও আরাজী মাকোরঢোন সাইক্লোন শেল্টারের সামনে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাদীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেন।
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে ভুক্তভোগী কামাল হাওলাদার, ফাতেমা বেগম ও বাবু মোল্লা জানান। এদিকে অভিযুক্তরা পলাতক ও ফোন বন্ধ থাকায় চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে পাঁচদিন ধরে বাস চলাচল বন্ধ
মেহেরপুর প্রতিনিধি
টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। এতে করে সড়কে নিয়মিত বাসের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
বুধবারও (১১ সেপ্টেম্বর) এই সড়কে কোনো লোকাল বাস চলাচল করতে দেখা যায়নি। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।
এর আগে শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জেরে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সমস্যা সমাধানে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই চলাচল শুরু হবে বাস।
শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা-বেনাপোলে চলতি মৌসুমে পাটখড়ির দাম বৃদ্ধি পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এবার সোনালি আঁশ পাটের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে পাট ধোয়ার পাশাপাশি নতুন পাট হাট-বাজারে বিক্রি শুরু হয়েছে। পাটের সঙ্গে এ মৌসুমে পাটখড়ির কদরও বেড়েছে। পাট চাষিদের বাড়ি থেকে পাটখড়ি কিনে নিয়ে যাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে ব্যাপক চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটাই খুশি বলে জানান কৃষকেরা।
কৃষি বিভাগ থেকে জানা যায়, পাটখড়িকে জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্রামবাংলার মানুষেরা। এ জ্বালানি বারো মাস চলে। শীতকাল ও বর্ষাকালে বেশি ব্যবহার হয়। সোনালি আঁশ পাটের পাশাপাশি পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়াও পার্টিক্যাল বোর্ড ও পাটখড়ি পুড়ে এর ছাই কম্পিউটারের কালি হিসেবে ব্যবহার হয়। ফলে উপজেলায় পাটের পাশাপাশি পাটখড়ির দামও এবার ভালো। যে কারণে কৃষকেরা পাটখড়ি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন।
শার্শার শ্যামলাগাছি গ্রামের পাট চাষি জাহান আলী জানান, এবার তিনি ৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। জমির পাট থেকে যে পাটখড়ি পেয়েছেন, তা ভালোভাবে শুকিয়ে বিক্রি করতে পারলে তা থেকে ২০-২৫ হাজার টাকা বাড়তি আয় হবে তার।
লক্ষণপুরের মান্দারতলা গ্রামের কৃষক আলী আজগর বলেন, ‘এবার পাটের দামও ভালো। পাশাপাশি প্রতি আঁটি পাটখড়ি আকারভেদে ১০-২০ টাকায় বিক্রি করি। পাইকারি ১০০ আঁটি পাটখড়ি ৯০০-১৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা জ্বালানি চাহিদা মিটিয়ে বাড়তি অর্থ ঘরে তুলতে পারছেন। গত বছরের চেয়ে এবার পাটখড়ি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।’
বেনাপোলের বারোপোতা এলাকার ব্যবসায়ী নুর ইসলাম ও করিম গাজী বলেন, ‘আমরা প্রতিটি গ্রামের কৃষকের বাড়ি বাড়ি থেকে পাটখড়ি কিনে শহরে বিক্রি করি। গ্রামাঞ্চলসহ শহরে এর বেশ চাহিদা আছে। পাটখড়ি দিয়ে বাড়ি-ঘরে বেড়া, সবজি খেতের বেড়া, মাচায় ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া অনেক কৃষক পাটখড়ি পুড়িয়ে সার হিসেবে ছাই ব্যবহার করেন ফসলি মাঠে।’
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘এবার উপজেলায় সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে। এর মধ্যে তোষা, দেশি, মেস্তা, কেনাফ জাতের পাট আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার ৪৬৫ হেক্টর জমিতে পাট চাষ হয়। যা গত বছরের চেয়ে ৫ হেক্টর বেশি। গত ২০২২-২৩ অর্থবছরে শার্শা উপজেলায় ৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়। এরই মধ্যে পাট বিক্রি শুরু হয়ে গেছে। প্রতি মণ পাট জাতভেদে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাটের পাশাপাশি পাটখড়ি বিক্রি করেও বাড়তি উপার্জন করছেন কৃষকেরা।’
বিএনপি নেতার বিরুদ্ধে ৩০৫ বস্তা সরকারি চাল লুটের অভিযোগ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. মিন্নুর নেতৃত্বে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১২ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে। ডিলার হাসান আলী এ অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- নাভারণ পুরাতন বাজার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), আব্দুর রহিমের ছেলে অসিম (৪০), কিতাব আলীর ছেলে জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আব্দুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আব্দুর রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার (৪৮) ও বেড়ারুপানি গ্রামের মহব্বতের ছেলে ফন্টু (৪৫)।
স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত ২০০-২৫০ জন মোটরসাইকেলে এসে তালা ভেঙে নছিমন, ইজিবাইক ও ভ্যানে করে চাল এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে গেছে। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করেছে।
ডিলার হাসান আলী বলেন, হাড়িয়া নিমতলা মোড়ে সরকার প্রদত্ত ১৫ টাকা কেজি দরের চাল ডিলার পয়েন্ট থেকে দীর্ঘদিন যাবৎ হতদরিদ্রের মাঝে বিতরণ করে আসছি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ১নং আসামি আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমার ক্ষতিসাধনসহ হাত-পা কেটে নেবে বলে হুমকি দেন আসামি।
তিনি আরও বলেন, চাল লুট হওয়ার ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ করেছি। সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি বিএনপির লোকজনের ভয়ে কোনো কিছু বলতে পারছি না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, উত্তোলনকৃত ৫৪৪ বস্তার মধ্যে ডিলার হাসান আলীর গোডাউনে ২৩৯ বস্তা চাল মজুত রয়েছে। অবশিষ্ট ৩০৫ বস্তা চাল লুট হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৪৪ জন ভোক্তার মাঝে ডিলারকে চাল বুঝিয়ে দিতে হবে।
অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিন্নু বলেন, আমরা রাজনীতি করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। শেখ হাসিনা দিল্লিতে রয়েছে। তার বিরুদ্ধেও মামলা হচ্ছে। তাতে কোনো সমস্যা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। অভিযোগের ওপর তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপ্লবী ছাত্র মৈত্রী, খুলনা মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
বিপ্লবী ছাত্র মৈত্রী, খুলনা মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বুধবার, দুপুর ২ টায় খুলনায় বিপ্লবী ছাত্র মৈত্রী, খুলনা মহানগর শাখার একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। তাকসিম খানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। কর্মীসভা থেকে সর্বসম্মতিক্রমে তাকসিম খানকে আহ্বায়ক, হোসেন আকাশ ও সাকি হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক এবং চয়ন মন্ডল, ফারদিন রাফি, ইয়াছির হামিদ, বিজয় মন্ডল এবং তাহমিদ আলমকে সদস্য নির্বাচিত করে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভা শেষে শহীদ হাদিস পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ এর আয়োজনে বুধবার নগরভবনে খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সাথে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসাথে কাজ করা, নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভূক্তমূলক টেকসই নায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। সংলাপে তিনি বলেন, বিশে^ সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবে নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।
সিরাক এর নির্বাহী পরিচালক এস এম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।
আশাশুনিতে তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে গণমানুষকে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী।
সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ।
বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক লীগ নেতা তারিকুল ও জুয়েল বাহিনীর হাতে নির্যাতিত হয়নি কুল্যা ইউনিয়নের ২-৩ নং ওয়ার্ডে এমন ব্যক্তি নেই। তারা খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী, সরকারি খাস সম্পত্তি দখল ও ,ইভটিজিংকারী। তাদের অত্যাচারে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তাই তাদের বিচারের দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ। মানববন্ধন শেষে নির্যাতিত শতাধিক নারী তারিকুল ও জুয়েল বাহিনী বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করে।
চুয়াডাঙ্গায় ৫০ মামলার আসামী মাদক বিক্রেতা শিবরাসহ আটক ৩
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আলোচিত ৫০ মামলার আসামী মাদক বিক্রেতা শিবরাসহ ৩ জনকে আটক করেছে।এসময় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চুয়াডাঙ্গার বুজরগড়গরি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের স্ত্রী আলোচিত মাদক বিক্রেতা অধর্শতাধিক মাদক মামলার পলাতক আসামী শিপরার বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক বিক্রি করার সময় শিপরা(৭০), আলমডাঙ্গার হারদী সরদার পাড়ায় আরব আলীর ছেলে শরিফুল(২৮) ও একই এলাকার শেখ পাড়ার সুইট মোল্লার স্তী রেখা(৪০)কে আটক করে।পরে তাদের কাছ থেকে ১৯ অ্যাম্পুর বুপ্রেনরফাইল ইনজেকশন, ১০০ গ্রাম গাঁজা ও১৫ পিচ ট্যাপেন্টড়ল ট্যাবলেট,৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রাতেই ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
বন্দরে পাসপোর্ট দালালি ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালিতে বাঁধা দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয় দানকারি সুমন হোসেন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন। মামলার আসামী সুমন হোসেন বেনাপোল গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
মামলার বিবরনে বলা হয়, সুমন দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালী ও বন্দরের বিভিন্ন শেট ইনর্চাজের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। কাস্টমস হাউজের বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকে নানাভাবে হয়রানি ও তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে বন্দরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্দরে প্রবেশ করে পাসেপার্ট যাত্রীদের লাইন ছাড়া দ্রুত ভারতে পার করে দেয়ার কথা বলে ২/৩ হাজার টাকা আদায় করে আসছে প্রতিনিয়ত।
বন্দর কর্তৃপক্ষ অভিযোগটি গত ২ সেপ্টেম্বর পোর্ট থানায় দায়ের করলেও অদৃশ্যকারণে মামলাটি বুধবার দুপুরে এন্ট্রি করা হয়।
সুমন হোসেন বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
বন্দরের উপপরিচালক মো: রাশেদুর সজিব নাজির জানান, সুমন দীর্ঘদিন বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালি করে আসছিল। বন্দরের নিরাপওা কর্মীরা বাঁধা দিলে তাদের ধাক্কা দিয়ে বন্দরের ভেতরে প্রবেশ করে পাসপোর্ট দালালী ও ল্যাগেজ পার্টি পার করে মোটা অংকের অর্থ আয় করে আসছিল। আনসার সদস্যরা বিষয়টি বন্দরের ডাইরেক্টর রেজাউল ইসলামকে অবহিত করেন। পরে পরিচালক তাকে বন্দরের অভ্যন্তরে কেপিআইভূক্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের ওপর নিষেধাঞা জারি করেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন, সে ফেসবুক ও অনলাইনে বন্দরের পরিচালক রেজাউল ইসলাম ও বন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা,বানোয়াট ও অশ্লীল মন্তব্য প্রচার করে কর্মকর্তাদের মানহানি করে।
বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, গত ২৩ আগস্ট বাংলাদেশ স্থল বন্দরের চেয়াম্যান মো: জিল্লুর রহমান বেনাপোল বন্দর পরিদর্শনে আসলে সুমন দলবল নিয়ে তাকে বন্দরের গেস্ট হাউসে ঘেরাও করে আটকে রাখে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত স্থাপনা। বেনাপোল স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা, ২০০৭ এর প্রবিধি (১৩) অনুচ্ছেদে স্থলবন্দরকে সংরক্ষিত এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি সমুন ভক্ত জানান, বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে বুধবার দুপুরে অভিযোগটি মামলা আকারে গ্রহন করা হয়। যার মামলা নাম্বার -০৫ তারিখ:- ১১/০৯/২৪
বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষকেও বিভিন্ন দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে ইতোমধ্যে কাস্টম হাউসে সুমনের প্রবেশের ওপর নিষেধাঞা জরি করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস কমিশনার আ: হকিম।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান মুঠো ফোনে জানান, সুমন বিভিন্ন সময় বেনাপোল বন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের কে হুমকী দিয়ে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চাঁদাবাজি করে আসছে। আমার অফিসাররা তাকে বাধা দিলে সে আমাকে সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুক ও অনলাইনে মানহানিকর মন্তব্য করেন।
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ হয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: মেহেদী হাসান চৌধুরী (৫৪), গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ভাওয়াল বদ্রে আলম সরকারী কলেজ ছাত্র লীগের সাবেক সহসভাপতি ও মেট্্েরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ মাহমুদ আয়নাল (৫৩), তার চাচা শশুর গাজীপুর জয়দেবপুরের মুদি দোকানদার সানোয়ার হোসেন (৫৪), মানিকগঞ্জ জেলা যুব লীগের সদস্য, মাদকদ্র নিরাময় কেন্দ্রের প্রষ্ঠিাতা ও বিশিষ্ট ঠিকাদার সৌমিত্র সরকার ওরফে মনা (৪৬) ও প্রাইভেট চালক ধামরাইয়ের রুবেল দেওয়ান (৩৮)। মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ তাদের সম্পর্কে যাচাই বাছাই শেষে নিশ্চিত হয়ে রাত ৯টার পরে আটকের খবর জানায়। বুধবার দুপুরে তাদের মধ্যে প্রাইভেটকার চালক বাদে ৪জনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
জানা গেছে, আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্যেশ্যে একটি ভাড়াকরা প্রাইভেটকারযোগে ঢাকা থেকে রওনা দেন। তারা সীমান্তের ‘ধুড়’ পাচার চক্রের সদস্য জনৈক আকরাম হোসেনের সাথে যোগাযোগ করেন। আকরাম হোসেনের সাথে তাদের ভারতে পৌঁছে দেয়ার চুক্তি হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি প্রাইভেট কার থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনাল, সরোয়ার হোসেন, মানিকগঞ্জের সৌমিত্র সরকার ও প্রাইভেট চালক ধামরাইয়ের রুবলে দেওয়ানসহ ৫ জনকে আটক করেন।
আটককৃতদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা রয়েছে। তাদের মধ্যে প্রাইভেটকার চালক বাদে ৪জনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ঝিনাইদহে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি-
মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ঝিনাইদহে মৎস্যচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে আশার আয়োজনে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে দিনব্যপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, আশা কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্ট্যান্টডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী. ঝিনাইদহ জেলা আশার এসডিএম হাফিজুর রহমান, জেলা সদর ব্রাঞ্চ’র এসবিএম আবু সামা ও টি ও (এগ্রি) কিলন চন্দ্র রায় সহ অন্যন্যারা। সেসময় আশা’র সদস্যগণ ও নতুন উদ্যোক্তাসহ জেলার ৩০ জন মৎস্যচাষি প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ কর্মশালায় দিন ব্যপি মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বেতন গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে খুলনায় সার্ভে ডিপ্লোমাধারীদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার
সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের ১০ গ্রেডে বেতন ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার দাবিতে খুলনায় স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।
খুলনা জেলা কমিটির উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগন ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রনালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনে সকল মন্ত্রণালয় বা বিভাগকে তাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হয়। তারপরও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েকধাপ নীচে ১৪, ১৫ ও ১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে। যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
তারা আরো বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না করা হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ।
স্মারকলিপি প্রদানকালে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মো: ইসমাইল হোসেন, আইডিএসইবির বিভাগীয় সভাপতি মো: মোখলেচুর রহমান, মো: মোতালেব হোসেন, ১১-২০ গ্রেডের কর্মচারী সমন্বয় পরিষদের মো: শাহিনুর ইসলাম, খান আনিছুজ্জামান ও ১৬-২০ গ্রেডের কর্মচারী স্বমন্বয় পরিষদ খুলনার সাধারণ সম্পাদক মো: আব্দুস সবুর শেখ প্রমুখ। #
ইউনিয়ন ভূমি কর্মকর্তার অর্থ বানিজ্য: অতিরিক্ত বকেয়া দেখিয়ে ভূমি কর পরিশোধের নোটিশ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
মান্দাড়বাড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রতন দাস ও মনমত দাসের মির্জাপুর মৌজার ৩৪৬ শতক জমির ১৯ বছরের ভূমি উন্নয়ন কর ৫০ হাজার টাকা বাকি দেখিয়ে বকেয়া পরিশোধের নোটিশ করেন ইউনিয়ন ভূমি অফিস এবং নোটিশে উল্লেখ করেন নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করণে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন নোটিশ পাওয়ার পর রতন দাস ও মনমত দাস ৩-৪ দিন ভূমি অফিসে ঘুরে কিছু টাকা কমিয়ে বকেয়া পরিশোধের অনুরোধ করেন। অবশেষে ইউনিয় ভূমি কর্মকর্তা শফি উদ্দিন ৩০ হাজার টাকা নিয়ে ১৯ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধের ২৫ হাজার ৪শ ৭২ টাকার রশিদ দিলে বাধে যত বিপত্তি। জানতে চাইলে বলেন বাকি টাকা অফিস খরচ বাবদ কাটা হয়েছে। একই গ্রামের দেবেন দাসের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে ৩ হাজার ৬শ ৯৭ টাকার রশিদ দেওয়া হয়। এমনি ভাবে শিবেন দাস, রঞ্জন দাসসহ ইউনিয়ন ব্যপি বাকির অতিরিক্ত বকেয়া দেখিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধের নোটিশ করে লক্ষ লক্ষ টাকা অর্থ বানিজ্য করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি উদ্দিন। তবে শফি উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন ভূমি কর আদায়ের সার্থে কৌশল অবলম্বন করা হয়েছিলো।
মির্জাপুর গ্রামের মনমত দাস, রঞ্জন দাস ও রতন দাস জানান ইউনিয়ন ভূমি অফিস থেকে ৫০ হাজার টাকা ভূমি কর পরিশোধের জন্য আমাদের নামে নোটিশ আসে। আমরা ৩-৪ দিন ধরে ভূমি অফিসে গিয়ে কিছু কম নেওয়ার অনুরোধ করলে ৩০ হাজার টাকা আমাদের কাছ থেকে নেয়। কিন্তু ২৫হাজার ৪শ ৭২ টাকার ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ দিয়েছে। বাকি টাকা অফিস খরচ বাবদ কাটা হয়েছে বলে জানান শফি উদ্দিন।
দেবেন দাস ও শিবেন দাস বলেন ভূমি অফিস থেকে ২০ হাজার টাকা ভূমি কর পরিশোধের জন্য নোটিশ আসে। ১২ হাজার টাকায় তা পরিশোধ করলেও মাত্র ৩ হাজার ৬শ ৯৭ টাকার কর পরিশোধের রশিদ পেয়েছি। আমরা উক্ত বিষয়ের বিচার দাবি করছি।
হুদাশ্রীরামপুর গ্রামের মৃত জামাল উদ্দীনে ছেলে সবুজ হোসেন বলেন আমার পিতার নামে জমির কর পরিশোধ করার জন্য মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের গেলে ভূমি কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধে ৬ হাজার টাকা আমার কাছ থেকে নেয়। কিন্তু আমাকে ৪ হাজার ৮শ ১৫ টাকার ভূমি উন্নয়ন করের রশিদ প্রদান করে। আমি জানতে চাইলে তিনি বলেন বাকি টাকা অফিস খরচ।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি উদ্দীন বলেন,কারো কাছ থেকে কোন বেশি টাকা নেওয়া হয়নি। ভূমি কর আদায়ের সার্থে বাকির অতিরিক্ত বকেয়া দেখিয়ে ভূমি কর পরিশোধের নোটিশের মাধ্যমে কর আদায় করেছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,যত টাকা বাকি ঠিক তত টাকা পরিশোধের নোটিশ করতে হবে এবং সেটাই আদায় করতে হবে। বিষয়টি খোজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মহেশপুরে জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে জমা-জমি নিয়ে দন্দে পিন্টু মিয়া নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
শনিবার (৭সেপ্টেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউপির বামনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামের আব্দুল গফফারের ছেলে পিন্টু মিয়া ও তার প্রতিবেশী মৃত আঃ বারির ছেলে শাহানুর রহমান ওরফে শাহিনের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ দন্দ চলে আসছে। এর জের ধরে গত ৭ সেপ্টেম্বর সকালে পিন্টু মিয়া একটি চায়ের দোকানে চা খেতে গেলে শাহানুর ও তার ছেলে শাওন দা দিয়ে খুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় ভূক্তভোগীর স্বশুর বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং ১৫,তারিখঃ ০৮-০৯-২০২৪।
মামলার তদন্ত কর্মকর্তা মহেশপুর থানার এসআই শাহিন বলেন ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে, তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেন কার্যক্রম প্রকৃয়াধীন।
এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান আনইগত ব্যবস্থা গ্রহন জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
গ্রেফতারের দাবিতে এলাকাবাসির প্রতিবাদ: মোরেলগঞ্জে একটি বাহিনীর মহড়ায় আতংকে এলাকাবাসি
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে একটি সংঘবদ্ধ বাহিনীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি দেশীয় অস্ত্রের মহড়ায় আতংকে গ্রামবাসীরা। গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। পরিবাররা।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভে দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় গ্রামবাসীরা গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ সময় প্রতিবাদ সভা থেকে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাষ্টার নূর মোহাম্মদ মল্লিক, এিনপির নেতা নূরুজ্জামান মল্লিক, যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান মল্লিক, আব্দুল লফিত হাওলাদার, দুটি চোখ তুলে নেওয়া নিযাতিত লাভলু কাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ মন্ডল, ওমর শেখ, বিধান চন্দ্র তালুকদার, নূর জাহান বেগম, কৃষক সুফিয়া বেগম, মিনারা বেগমসহ একাধিক ভূক্তভোগীরা বলেন, দেশের রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের পরে এলাকার চিহিৃত অপরাধী মৃত. হাবি ডাকাতের সহোচর ডালিম মল্লিকের নেতৃত্বে লাভলু খান, আলী ফরাজী, মামুন ফরাজী, বেল্লাল ফরাজী, ইমরান খান, মামুন শেখসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী গত ৮ সেপ্টেম্বর এলাকায় ঢুকে সাধারণ মানুষকে মারপিট, ভয়ভীতি, ঘের দখল, জোরপূর্বক জমি দখল সহ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আতংক সৃষ্টি করছে। তাদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়না।
প্রতিবাদ করা হলে প্রকাশ্যে সাধারণ মানুষকে মারপিটসহ নির্যাতন চালায় তারা। এমনকি ঘের থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে এ সংঘবদ্ধ দলটি। নিজেদেরকে ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে একের পর এক অপরাধ করছে এলাকায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনদের কাধে ভর করে এরা এলাকায় বিভিন্ন অপরাধ সংঘিত করেছে। বর্তমানে তারা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। ভূক্তভোগী গ্রামবাসীরা এদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি গ্রেফতার পূর্বক বিচার দাবি জানিয়েছেন প্রতিবাদ সভা থেকে বক্তারা।
শরণখোলা-মোড়েলগঞ্জ-মোংলা বাস মালিক সমিতির এডহক কমিটি গঠন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
শরণখোলা-মোড়েলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মহিউদ্দিন বাদল আহবায়ক ও মোঃ মহিদুল ইসলাম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
শরণখোলা-মোড়েলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির এডহক কমিটি গঠন উপলক্ষে সমিতির কার্যালয়ে বুধবার সকাল ১০টায় বাস মালিকদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ মহিউদ্দিন বাদল। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট বাস মালিক সমিতির অর্ন্তবর্তীকালীন এডহক কমিটি ও নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ রফিকুল ইসলাম, এস এম মাহবুব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম।
লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব ; বিধিমোতাবেক প্যানেল চেয়ারম্যান গঠন না করার অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই প্যানেল চেয়ারম্যানের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। চেয়ারম্যান ৩ মাসের ছুটিতে যাওয়ায় প্যানেল চেয়ারম্যান ১ জাহাঙ্গীর আলম সানা এবং প্যানেল চেয়ারম্যান ২ পরমানন্দ সানার মধ্যে এ বিরোধ সৃষ্টি হয়। অপরদিকে বিধিমোতাবেক প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য হাসানুজ্জামান। এসব কারণে বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সূত্রে জানা যায় গত ২২ আগস্ট থেকে ৩ মাসের ছুটিতে রয়েছেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। ছুটিতে যাওয়ার আগের দিন তিনি ২১ আগস্ট পরিষদের ভার্চুয়াল সভা করেন। সভায় চেয়ারম্যান সহ ১১ জন সদস্য অংশ নেয়। অনুষ্ঠিত এ সভায় চেয়ারম্যান ছুটিতে থাকাকালীন সময়ে প্যানেল চেয়ারম্যান ২ পরমানন্দ সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এমন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত রেজুলেশন ও করা হয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন প্যানেল চেয়ারম্যান ১ জাহাঙ্গীর আলম সানা। বিষয়টি জানার পর জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদের সচিব কে গালিগালাজ করেন। এ ঘটনায় ইউপি সচিব ফারুক হোসেন সরদার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি নিষ্পত্তি করা হয় বলে সচিব ফারুক হোসেন। এছাড়া পরিষদের রেজুলেশন, হাজিরা খাতা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে ফেলেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য হাসানুজ্জামান। তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন। এছাড়া পরিষদের প্যানেল চেয়ারম্যান বিধিমোতাবেক গঠন করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন পরিষদ গঠনের পর ১-১১-২০২১ তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী পরিষদ গঠিত হওয়ার প্রথম সভার ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন করার নিয়ম রয়েছে। অথচ নিয়মনীতি অনুসরণ না করেই চেয়ারম্যান ও সাবেক ইউপি সচিব প্রথম সভার ১১ মাস পরে গত ২০২২ সালে ২৮ আগষ্ট লটারির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন করেন। ইউনিয়ন পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে বিধিমোতাবেক প্যানেল চেয়ারম্যান গঠন করা জরুরি হয়ে পড়েছে। এ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান ২ পরমানন্দ সানা বলেন জাহাঙ্গীর আলম চাপ প্রয়োগ করে রেজুলেশন নিয়ে নেয়। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন রেজুলেশন সহ কোন কাগজপত্র জোর করে নেওয়া হয়নি। এগুলো আমি চেয়ে নিয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন যে সভায় এ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে সে সভার বিষয়ে আমি সহ অনেকেই জানানো হয়নি। প্যানেল চেয়ারম্যান গঠন সংক্রান্ত নিয়মের বিষয়টি চেয়ারম্যান সচিব সহ দায়িত্বশীল অভিজ্ঞ কেউ ওই সময় উল্লেখ করেনি বলে জানান। প্যানেল চেয়ারম্যান গঠনের বিধিগত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবহিত করা হয়েছে বলে ইউপি সচিব ফারুক হোসেন জানান। এ ব্যাপারে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।
সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে রাবারের স্যান্ডেল পুড়িয়ে পিচ জ্বালিয়ে পরিবেশ দূষণ
গাজী মুনজুরুল ইসলাম, শ্যামনগর সাতক্ষীরা
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার পৌরসভায় অবস্থিত ১৫নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে রাবারের স্যান্ডেল পুড়িয়ে পিচ জ্বালিয়ে পরিবেশ দূষণ করার কারণে স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহার খাতুন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়ের পূর্ব পাশের জমিতে জমির মালিক মোঃ আমির আলি মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তা সংস্কারে পিচ জ্বালানোর কাজে জায়গাটি ব্যবহারের অনুমতি (লীজ) প্রদান করে। লীজ গ্রহীতা ঠিকাদার উপজেলার যেখানে যত পিচ ঢালাই করা হয় তার অধিকাংশ পিচ এই বিদ্যালয় সংলগ্ন ভূমিতে জ্বালানো হচ্ছে। পিচ জ্বালানোর সময় নিষিদ্ধ রাবার জুতা জ্বালিয়ে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে। উক্ত বিষাক্ত কালো ধোঁয়া বিদ্যালয়কে আচ্ছন্ন করে রাখে। যা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর স্বাস্থ্য মারাত্মক হুমকীর মুখে পড়েছে। ইতোমধ্যে শিক্ষক ও শিশুদের বেশিরভাগ শ্বাস কষ্ট ও চোখের রোগে আক্রান্ত হয়েছে। কোমলমতি শিশুরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। তাদের চোখ জ্বালা সহ শ্বাস কষ্টের মতো মারাত্বক সমস্যার সম্মুখীন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।শিশুদের অভিভাবকগণ তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছেন না। বিদ্যালয়ের লোহার আসবাব পত্র, গ্রীল সহ অন্যান্য অবকাঠামো নষ্ট হচ্ছে। এ ব্যাপারে জমির মালিক আমীর আলীকে অবহিত করা হলে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অবস্থা আরো কিছুদিন চলতে থাকলে এই বিদ্যালয়ের শিশুসহ শিক্ষক-কর্মচারী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। এমতোবস্থায় দ্রুত বিদ্যালয়ের সন্নিকটে রাবারের জুতা পুড়িয়ে মারাত্মক ভাবে পরিবেশ দূষণের কারণে স্থায়ীভাবে পিচ জ্বালানো বন্ধ করা আশু প্রয়োজন হয়ে পড়েছ।
অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন রাবার পোড়ানোসহ পিচ জ্বালানো বিষাক্ত কালো ধোঁয়া থেকে কোমলমতি শিশুসহ শিক্ষক-কর্মচারীদের রক্ষার নিমিত্তে বিদ্যালয়ের সন্নিকটে পিচ জ্বালানো স্থায়ীভাবে বন্ধ করতে দাবী জানিয়েছে। তা না হলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠানো সম্ভব হবে না।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি এবং উপজেলা প্রকৌশলীর কাছে দায়িত্ব দিয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি।
এবিষয়ে কাজে নিয়োজিত ঠিকাদার যাকাউল্লাহ সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ রিসিভ করিনি।











































